সোমবার, ২৪ জুলাই, ২০১৭

ঈদ

ঈদ এলো খুশি নিয়ে, মন আজ মাতলো
আনন্দ আলোয় বিষাদ গেলো, হৃদয় সুখে ভাসলো ।


ভুলেছে সবাই আজ ভেদাভেদ, হলো সবাই আপনজন
মানুষে মানুষ ভালোবেসে যেন স্বর্গ রচেছে এ ভুবন ।


অহমিকা দুরে ঠেলে ধনী-গরীব আজ এক কাতার
রবকে খুশি করতে- করছে সবাই হৃদয় উজার ।


সারা বছর এমন আনন্দে যেন কাটে সবার জীবন
এই আশাতে মুসলীম উম্মাহ করছে ঈদ উদযাপন ।


ঈদ মোবারক ধ্বনিতে বাজুক সদা সুখের সুরের ব্যঞ্জনা
সফল হোক মানব সকল, কেবল আল্লাহর রহমতই আজ কামনা ।

তোমাকেই চাই

হে যুবক, তোমাকেই চাই
এই জামানায় – 
জনতার কাতারে অগ্রণী ভুমিকায় ।

হে যুবক, তোমাকেই চাই
বদলাতে বরাত- 
শুরু করে দিতে মানব মনে স্বপ্নের সোনালী প্রভাত ।

হে যুবক, তোমাকেই চাই
পরিবর্তনের সাধনায় – 
নিশ্চিত করতে প্রশান্তির চিত্ত সব মানুষের- রাতের স্নিগ্ধ রূপালী জোসনায় ।

হে যুবক, তোমাকেই চাই ।
এই জামানায় ।
বদলাতে বরাত ।
পরিবর্তনের সাধনায় ।

এমনতো প্রেম হয়

তৃষ্ণার্ত চাতক উড়ন্ত বেশে পড়লো প্রেমে সাগর জলকণার
জলকণা বলে - অপেক্ষা করো আমার মেঘ বালিকা হবার ।
অত:পর প্রহর শুরু অপেক্ষায়-
চাতক ওড়ে, প্রার্থণা করে, বলে- আমি জ্বলি ক্ষতি নেই তায়!
সূর্য তুমি বাড়াও তোমার আলোক
তবুও আমার প্রেমের জলকণা দ্রুত মেঘ বালিকা হোক ।
খরতাপে জলকণা পেল মেঘবালিকার বেশ
বয়ে এসে পবন বলে চলো- দুর পাহাড়ের দেশ ।
চাতক প্রেমে মেঘ বালিকা অসহায় তাকিয়ে রয়
মনে ভাবে- নিজে হবো ক্ষয় ।
সেথায় যেয়ে বৃষ্টি হবো
চাতক যেথা রয় !
হঠাৎ করে শীতল হাওয়ার বান
মেঘ বালিকা বৃষ্টি হলো চাতক করে পান !
খুশি মনে চাতক ওড়ে,
জলকণাকে ফের মনে পড়ে,
এমন সময় কোথা থেকে ভেসে আসে দৈবিক সুরে গান-
“তোমার হল শুরু, আমার হল সারা”–শুনে চির দু:খে কাঁদে চাতকের মন প্রাণ ।

তোমাকে হারাতে চাইনা বলে

তোমাকে হারাতে চাইনা বলে –
মাঝে মাঝে আমি কুসংস্কারও মেনে চলি !!!
এই যেমন ধরো সই –
একলা শালিক দেখলে মুখ ফিরিয়ে রই ।
আবার যখন তুমি আঁচড়ে ফেলো চুল–
লুকিয়ে রাখি, অন্য পুরুষের চোখে যদি তা মনে হয় ফুল !
মাঝে মঝে আবার শাড়ি, চুড়ি জোড়ায় জোড়ায় কিনি –
একখানাতে কেউ কেউ বলে বিচ্ছেদের বিকিকিনি !
সর্বকথার শেষকথা একটাই - শোন সই ,
এই জীবনে তুমি বই আমি কিছু নই ।
তোমাকে হারাতে চাইনা বলে –
সংস্কার-কুসংস্কার মানা - না মানার বিচারে তুমি আমার তালগাছ হলেই চলে !!!

ওভাবে তাকাতে নাই

সজনী, হরিনীর মত ওভাবে তাকাতে নাই
কাজল মাখা চোখের তীরে তব খুন হয়ে যাই ।


হৃদয় হয় তোলপাড়
তাকালে ওভাবে বারবার ।


শুধু শুধু ওভাবে তাকাতে নাই
আগুন জ্বলে মনে-পুড়ে হই ছাই !


থেকে দুরে দুরে, আশেপাশে ঘুরে ঘুরে- ওভাবে তাকাতে নাই
তোমার কাছে আসতে আমি- বন্দী পাখির মত জানালা ঠুকরে পাগল হয়ে যাই ।


তবেই কেবল তাকাও-
যদি যাহুডোর মোরে বন্দী করতে হাতদুটি বাড়াও !
বিরহের নদীর পার ভেঙে গড়ে তোল সেথায়
প্রেমের সবুজ চত্ত্বর ফুলে ফুলে রঙিন ভাবনায় ।।