জীবনমুখী কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জীবনমুখী কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

আ হার্ট ডিভাইডেড বাই টু

আ হার্ট ডিভাইডেড বাই টু

- সাকিব জামাল


দুঃখকে আমি বিলাস করে পুষি

ক্ষণিকের প্রিয়তমা'র মতো

ছেড়ে যায় না। সে;

আকাশ যেমন ঘিরে রাখে

শূন্যতার মায়ায়

এই পৃথিবী। দুঃখমূখর সময়ে

পেখম মেলে মন আমার

মহাকর্ষ প্রেমে। খেলা করি

মান-অভিমানে; হৈমন্তি জোছনায়

নীল অপরাজিতার মোহে।

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

দ্য স্পিরিট অব এলিয়েন বাট উই হ্যাভ লস্ট

 দ্য স্পিরিট অব এলিয়েন বাট উই হ্যাভ লস্ট

- সাকিব জামাল

মানুষেরা যখন আমাদের পৃথিবীতে আসবে, 
সাবধান থেকো! সম্ভবত ওরা সাথে নিয়ে আসবে-
বিবেক বিবশ যুদ্ধাস্ত্রঃ 
লোভ, অহম, অসাম্য!
সেই স্টারওয়ারে, তখন, যদি পরাজিত হই আমরা, 
হারিয়ে ফেলবো- আমাদের এলিয়েনত্ব! 
নানাবিধ ন্যাশনালিজমের মারপ্যাঁচে বিভক্ত হয়ে যাবো!
ইকনমিকস্ এর বিবিধ তত্ত্বে- বাড়বে বৈষম্য আমাদের!
ঠিক যেভাবে প্লানেট আর্থ, আজ, বাস অযোগ্য প্রায়। 
অনেকটাই মনুষ্যত্বহীন!
শোনো, হে এলিয়েনসকল, আমরা চাই না, 
মানুষদের মতো- আমাদেরও আসুক সেইসব দিন!

শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

দুঃখকুঞ্জ

 দুঃখকুঞ্জ

- সাকিব জামাল


সুখের পথে দৌড়ে দেখি-

অন্তিমে তার দুঃখকুঞ্জ!

এই জীবনে, এই ঘরে, প্রবেশে- 

বহুমুখী দরজা আছে, 

বের হবার নেই পথ!

ইচ্ছে তুমি-

যে পথে চলো ভুবনডাঙার মাঠে,

প্রান্ত শেষে এখানেই থামে রথ।

শনিবার, ২৭ মার্চ, ২০২১

পুঁজিবাদ

পুঁজিবাদ

- সাকিব জামাল


পুঁজিবাদের কবিতায়- 

মানুষ এবং কর্মী মৌমাছি একই সুরে গান গায়!



যতদিন জীবন, চলে নিরন্তর ছুটে চলা।

তবে মৌ-টুকু কার ভাগ্যে শেষমেশ, 

জানা থাকে না সে গন্তব্য কারও!

অথচ সংগ্রহ সংগ্রামে- 

জীবনবাজি রাখে কর্মীপক্ষ!



বিভ্রান্ত থাকে অগ্রজেরা- 

শেষ ভোক্তার ভবিষ্যৎ ভাবনায়,

শতভাগ শুদ্ধ কোন চরিত্র নেই- 

পুঁজিবাদের কবিতায়!

শুক্রবার, ১২ মার্চ, ২০২১

এক হিংস্র শতাব্দী

 এক হিংস্র শতাব্দী

- সাকিব জামাল


বোধহয়, বর্তমানে বিশ্বে-

একবিংশ নয়, এক 'হিংস্র' শতাব্দী চলে!



জনপদে জনপদে- 

চলে মানবাধিকার লংঘনের মহোৎসব।

মানুষের পরিচয় ভুলে গেছে মানুষ!

ভুলে গেছে বোধের বিবর্তনে বিবর্তিত হয় জৈবিক কোষ,

সে ধারায় হোমো-সেপিয়েন্সও বিলুপ্ত হতে পারে একদিন।

কি হবে মানুষের পরিচয় সেই দিন?



হৃদয়ে রেখে- 

এক 'মানবিক' যুগের অভিপ্রায়,

এখনই সময়, 

উন্নত অনুজ প্রজন্ম সৃষ্টির জন্যে,

মানবপ্রেমের মহিম মন্ত্রে,

হিংস্রতাকে উচিত জানানো বিদায়।

শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

অপরিহার্য বিশ্বাস

 অপরিহার্য বিশ্বাস

- সাকিব জামাল


উদাহরণমাত্র,

একসময় পাথর কেটে কেটে ঘর বেঁধেছি আমরা, 

এখন ইট-পাথর গেঁথে গেঁথে বাঁধি ঘর।

স্থাপত্যকলায় জৈবরাসায়নিক ভালোবাসায়-

এগিয়ে চলে সময় অবিরত ক্লোক-ওয়াইজ বরাবর।



এরূপ, 

রুচিতে রূপান্তর শৈল্পিক, 

ডিএনএ'র বিবর্তন গ্রথিত সাথে।

তবুও শিল্পীর ছোঁয়া অপরিহার্য!

আঁধারে অস্বীকার সাময়িক, 

প্রস্ফুটিত ফুল সৌন্দর্য্যে স্পষ্ট প্রাতে!

চলো বহুদূর

 চলো বহুদূর

- সাকিব জামাল


সময়ের ডালে নিপুন বাবুই পাখির মতন,

স্বপ্নের সাথে স্বপ্ন বুননে ছুটে চলো মন।

চলো বহুদূর নিজের মতো করে, 

করো বাস আপন স্বপ্নঘরে।

ভুলে যাও ঋনাত্মকজনের তিক্ত কথন।

রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

বন্ধুতা এখনকার

 

বন্ধুতা এখনকার

সাকিব জামাল

দৃষ্টিসীমানা অতিক্রমে-
মন থেকে মুছে যায় স্মৃতিছবি চুপচুপ।
কেমন যেন
বন্ধুতার সম্পর্কসকল দুর্বিনীত দূরত্বে
ভ্যানডার ওয়ালস্ বলে আটকা পড়ে যায়!
সমযোজী বা আয়নিকে
পাশপাশি বা মিশে যেতে পারে না।
একলা মন, একলা ইলেকট্রন
থেকে যায়, বহিঃস্তরূপ!

Attachments area

রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

বাউলিয়ানা প্রেম

 

বাউলিয়ানা প্রেম

- সাকিব জামাল

বাউলিয়ানা প্রেমে-
বারো চাঁন্দে ঘুরি আমি, ছোট-বড় হই!
নিজের মাঝে খুঁজি, নিজের প্রিয় সই!
হঠাৎ হঠাৎ পাঠে বসি-
শূন্য কতো বড়?
মহাশূন্য কতো অসীম,
কতোটুকু 'হৃদয়' ধরো?
মন বলে,
"মানুষ বড়, প্রেম অসীম- এর উপরে নাই,
সহজিয়া অন্তর কোণে সর্বসুখের ঠাই!"
বারো চাঁন্দে এক সাধনা করি আমি ঠিক,
সই'র মাঝে খুঁজে বেড়াই স্বর্গপথের দিক!

রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

অঘ্রানের চাঁদ

অঘ্রানের চাঁদ
- সাকিব জামাল

শিশিরে ভেজা অঘ্রানের চাঁদ 
         তোমার আকাশে ভাসে,
জোছনার জলে ডুবে ডুবে প্রেম 
            আমার কাছে আসে!  
অথচ,
হাসে দূরে কুয়াশার নেকাবে ঢাকা 
                আসন্ন বিরহ মুখ,
ক'দিন পরে অমাবস্যার রাতে হয় 
                স্বপ্ন মরণের সুখ!

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

বীজতলা

 

বীজতলা

বীজতলা প্রেমে, কৃষকধ্যাণে-
সোনালী স্বপ্ন দেখি 'সবুজে ডানা' মেলে!


তুমিও সঙ্গ দাও আমায় বিপ্লবে!
কৃষাণী হও,
স্বপ্নে স্বপ্নে ডুবে রও!


পৃথিবী সমৃদ্ধ হোক-
প্রেম ও ফসলের যুগপথ গানে!

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

সম্ভ্রান্ত

 

সম্ভ্রান্ত

- সাকিব জামাল

নয় জন্মগত পারিবারিক ঐতিহ্য বহনকারীর স্তুতি,
সম্ভ্রান্তের সংজ্ঞায়: শুধু ধনিকশ্রেণী ভুক্তি- তাও বিচ‌্যুতি!
বরং, প্রশস্ত যার নিজ হৃদয়,
ভালোবেসে মানুষের মন যে করে জয়,
তাকেই সম্ভ্রান্ত বলি আমি, দেই হৃদয়ে- শ্রদ্ধায় বসতি!


চিত্রায়ণ

 

চিত্রায়ণ

- সাকিব জামাল

তারাদের আমরা যেভাবে দেখি-
সেভাবে ছবি আঁকি না!
খাঁজকাটা পঞ্চভুজ কী বিজ্ঞানসম্মত?
নিরুত্তর চিত্রকর!
সময় বয়ে চলে-
সভ্যতাফুলের পাপড়ি অকালে ঝরে,
পূর্ণতা আসে না!


চিত্রভ্রান্তিতে ডুবে থাকে মানুষ।
চিত্রভ্রান্তিতে ডুবে থাকে সমাজ।


তোমার কাছে-
'বেনীআসহকলা' সাত রঙ আছে,
মাইক্রোস্কোপিক থেকে টেলিস্কোপিক-
যেমন দেখো, তেমন আঁকো-
ঠিকঠাক বিজ্ঞান মেনে।
মুক্তি আসুক মানবতার- সত্যচিত্র উন্মোচনে।

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

কর্পোরেট কারাগার

 

কর্পোরেট কারাগার

- সাকিব জামাল

ঘড়ির কাঁটায় আঁকা ছকবাধা জীবনে-
শৃঙ্খলা থাকতে পারে, সুখানুভূতি কম!
কর্পোরেট কারাগারে-
নিত্য এক নিয়ম।
       এতো টা'র সময় এ কাজ করো!
       এতো টা'র সময় ঐ কাজ করো!
সভ্যতার যাত্রায় কর্মকৌশল বিবর্তনে,
এমন সিনেমা নির্মাণ করে চলেছে মানুষ-
        যেখানে দুঃখ'রা স্বাগতিক!
অথচ, উদাসমনে প্রকৃতির সাথে মিশে যাওয়া-
এক দুর্দান্ত সুখ।
           অনুভূতি মহাজাগতিক!

বাটখারা

 

বাটখারা

- সাকিব জামাল

দুর্জনের বাজারে- সজ্জন ওজনে হালকা!
মর্যাদাবোধের বাটখারা তাই নিজের কাছে রেখো,
মাঝেমাঝে নিজেকে নিজে মেপো।
বিশেষত, ঘুমোতে যাবার পূর্বে-
যখন রাত গভীর হয়, নেমে আসে নিস্তব্ধতা-
সরব করো তখন নিউরন সমস্ত।
নিক্তি নাঁচাও-
দোলে কোন দোলে? দেখো।
ঝুল দুর্জনে হলে বেশি-
পরিশুদ্ধবোধে, সরিয়ে ফেলো-
যতসব ময়লা জমেছিল তোমার সজ্জন মনে।
ওজন বাড়াও নিজের!
প্রতিটি ভোর হোক-
শুভ্রতায় নির্মিত এক নতুন 'তুমি' নিয়ে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

কবিতা যখন ম্যানগ্রোভ বন!

 

কবিতা যখন ম্যানগ্রোভ বন!

- সাকিব জামাল

সশব্দে অথবা নিঃশব্দে-
পেটে যখন 'ক্ষুধার্ত বাঘ' করে ঘোরাফেরা
ভালোবাসা তখন হরিনীর মতো দেয় ভোঁদৌড়!
সংকট উভয়-
ধরা পরলেও শেষ,
ধরা না-পরলে পালিয়ে হয় নিরুদ্ধেশ!
সংসার চলে-
নারী-পুরুষ প্রেমহীন
সামাজিক সমঝোতায় 'মধ্যবিত্ত' বসবাস!
বাস্তুতন্ত্র রক্ষায়-
কবিতা তখন ম্যানগ্রোভ বন
জোয়ার-ভাটার নিত্য খেলায় বাড়ে-কমে ক্ষেত্রফল!

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

বড় স্যারের ড্রাইভার!

 

বড় স্যারের ড্রাইভার!

- সাকিব জামাল

হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
         টাকা হবে কোটি কোটি,
         বাড়ি হবে ভুরি ভুরি,
         গাড়ি, নারী কুড়ি কুড়ি
         সবই হবে চমৎকার!
হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
         ক্ষমতা বেশি স্যারের চেয়ে-
         চোটপাঠ, ঠ্যালা ভীষণ তার!
         নিয়োগ, বদলি, দুর্নীতি, টেন্ডার-
         মিলবে কমিশন, পার্সেন্ট হার।
হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
        দেশের কথা, দশের কথা-
        সে ভাবনা করে না স্যার!
        ড্রাইভার আর করবে কি?
        ভাগ নেয়টা মূল ব্যাপার!
হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
        সময় বলে, চলতে থাকো-
        হিসাব হবে একদিন ঠিক,
        থাকবে না পাশে কেউ তখন,
        ছুটবে তুমি দিক বিদিক!
        থাকতে সময় এখনই সবাই-
        সুপথে ফিরে আসো আবার।
হলে বড় স্যারের ড্রাইভার,
সৎ থাকাটা খুব দরকার!

ছায়াজ্ঞান

 

ছায়াজ্ঞান

- সাকিব জামাল

ক্ষুদ্রজ্ঞানে, কম আলোয়- কেবল 'ভ্রান্তিরা' বড় হয়!


ছায়া-আলোর খেলা নিদর্শন।
আলো যখন তির্যকে পরে-
'দেহ' কম আলো পায়, 'ছায়া' হয় অপেক্ষাকৃত বড়।
অথচ, সরাসরি আলোর নিচে-
'দেহ' প্রায় পূর্ণ আলোকময়, কিন্তু 'ছায়া' ছোট!
জ্ঞানের আলোও তেমন পরে মনের অঙ্গনে।
'আলোকিত মানুষ' তাই, ঠিকই, নিজের 'ক্ষুদ্রতা' রাখে স্মরণে।
বিপরীত বোধে- 'অহম' বড়। মানুষ নয়, আলোও নয়।


ক্ষুদ্রজ্ঞানে, কম আলোয়- কেবল 'ভ্রান্তিরা' বড় হয়!


রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

আটশো কোটি জোড়া সমুদ্র

 

আটশো কোটি জোড়া সমুদ্র

- সাকিব জামাল

আটশো কোটি জোড়া সমুদ্র পৃথিবীর বুকে,
কথা কয়- চোখে চোখে, জলে জলে!
লোনা জলের স্বাদ-
সুখে-দুঃখে সবার চেনা,
অচেনা শুধু জীবনের মানে-
'আদিম রহস্য' সে এখনো রহস্যময়!
ঘুরপাক খায় কষ্টরা, প্রতিজনে, জোড়া সমুদ্রে-
কূল-কিনারাহীন!
তবু, ঝড় ওঠে, রহস্যভেদ নেশায়-
চোখ যুগল শান্ত হয় নি আজ অবধি- অস্থিরতার!
বয়ে চলে জোড়া সমুদ্র, সংখ্যায় বাড়ে, ফুলে ফেঁপে ওঠে-
অ্যাকুয়াস হিউমার!


সবগুলো জোড়া সমুদ্র- প্রশান্ত হবে যেদিন,
সে স্বর্গসময়কাল কতো দূরে?
ঘুমিয়ে আছে কোন সভ্যতার বুকে!
রহস্যময় সমুদ্রজলে মানব ডোবে বিরামহীন...

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

যতদূরে ইচ্ছে থাকো!

 

যতদূরে ইচ্ছে থাকো!

- সাকিব জামাল

থাকো তুমি, যতদূরে ইচ্ছে থাকো-
ধ্যানসংযোগে আমি তোমাকেই দেখি!
দিগন্তরেখায় আকাশ-পাতাল মিলনের সঙ্গমছল,
দূরে দূরে থেকেও কীভাবে 'মিছে' মিশে যাওয়া-
'ভ্রান্তি' দর্শকের চোখে, প্রেমিকের চোখে না!
প্রেমিক জানে, খসে পড়া উল্কাপিন্ড একদিন সেও ছিলো-
ধূমকেতুর অংশবিশেষ, প্রাণবন্ত বন্ধনে।
প্রেমিক বিশ্বাস রাখে-
পাতাল আকাশের অংশ- অসীম শূণ্যতার মাঝে!
ভালোবেসে মিশে যাওয়া আত্মারা-
দৈহিক দূরত্বে ভুগোল মানে, মনোবিজ্ঞান মানে না!


থাকো তুমি, যতদূরে ইচ্ছে থাকো!
ধ্যানসংযোগে আমি তোমাকেই দেখি,
মিলনাত্মক প্রেমে ডুবে থাকি আজন্মকাল।।