বিরহের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিরহের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বাঁধন ভাঙার গান

 

বাঁধন ভাঙার গান

শেষটা সুন্দর হোক আমাদের!
সমাপ্তির গানটুকু মনে থাকুক। মনে থাকুক
নদীর পাড় ভাঙার স্মৃতিচিহ্ন। মনে থাকুক
বিদীর্ণ পাহাড়ের ঝর্ণা। মনে থাকুক
তৃষ্ণার্ত পাখির হঠাৎ হঠাৎ জল পান।

প্রেম আমাদের কোনদিনই ছিলো না!
মনস্তাত্ত্বিক জগতের জৈবিক খেলা
বেপরোয়া বয়স উপেক্ষা করতে শেখেনি তখনও
পরিচ্ছন্ন পরিচ্ছেদে পরিচয় ছিলো না। হয়তো তাই
পরিচয় ঘটেছিল ফ্রয়েডীয় বাসরে।
ফান্টাসি'র ফানুস নিভে যাবার পরে
দুজনেই দুজনকে দেখলাম বেশ অচেনা।
যেন রাতের আকাশের দুই নক্ষত্র দুরত্ব নিয়ে,
পৃথিবীর চোখে কাছাকাছি থেকেছি।
ম্যাচিউরিটি এসেছে এখন, দাবি উভয়ের।
সুতরাং শেষটা সুন্দর হোক আমাদের!

শেষটা সুন্দর হোক আমাদের!
সমাপ্তির গানটুকু মনে থাকুক। মনে থাকুক
মেঘ থেকে ছিটকে পড়া বৃষ্টির শব্দ। মনে থাকুক
ঘাসের বুকে ক্লান্ত শিউলির দান। মনে থাকুক
ফসল শেষে বৃক্ষের অবশিষ্ট হিউমাস। মনে থাকুক
ফুড ওয়েব, ফুড চেইন, বাস্তুসংস্থান।

বিদায়। শেষটা সুন্দর হোক আমাদের!
শুভ হোক বাধন ভাঙার ক্ষণ!

শুক্রবার, ১২ মার্চ, ২০২১

তোমার অভিমানে...

 তোমার অভিমানে...

- সাকিব জামাল


প্রতিরাতের পাতায় পাতায় 

অদৃশ্য ইতিহাসে লেখা আছে,

তোমার অভিমান ভাঙতে- 

ঝরেছে কতো সমুদ্র জল দু'চোখে আমার!



অবাক হয়েছি, ভালোবাসার একান্ত অভিধান-

যখন খচিত হলো বিচ্ছেদের অনল রঙে,

নিরবে পুড়ে পুড়ে ছাই হলো যুগল প্রেমের স্বপ্নসকল,

তখন দুঃখ লাগে নি তোমার!



অথচ, রাতজাগা ক্লান্ত চোখদুটো আমার

প্রতিদিন তোমার অপেক্ষায়- 

ঝরা শিউলি ফুল হয়ে চেয়ে থাকে!

শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

মেঘ কারিগর মন

 মেঘ কারিগর মন

- সাকিব জামাল


তোমার শূন্যতায়, নিম্নচাপে, মেঘ কারিগর মন।

শীতল বিরহে বৃষ্টি নামে, দু'চোখে প্লাবন!

যতোই বলি, থামো এবার,

লোনা প্রবাহের কী দরকার!

বোঝে না মন, করে আয়োজন, বৃষ্টির আলিঙ্গন!

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

হঠাৎ বিদায়

 

হঠাৎ বিদায়

সাকিব জামাল

দূর কক্ষপথে, ছিলাম দুজনে।
ভালোবাসার মহাকর্ষ টানে,
কাছে এসে, পাশে বসে, রেখেছিলাম চোখ-
তোমার চোখের পানে।
যাত্রা শুরু, আনন্দ পথে-
যেন যুগল স্যাটেলাইট।
কেন্দ্র প্রেম। ঘূর্ণন অক্ষ-
স্বপ্নের বসবাসে।


তোমার ঠোঁটের কোণে, তখন, এক ফালি চাঁদ হাসে
দেখে সুখে, মন আমার, আকাশগঙ্গায় ভাসে।।


হঠাৎ বিদায়! হঠাৎ হলো ছুটি!
পৃথিবী ছেড়ে আকাশগঙ্গায়-
তারারা আবাসিক জুটি!
তোমার হাসি, চোখের ঝলক
তরঙ্গে তরঙ্গে ভাসে,
তোমার ভালো থাকার খবর
আমার এখানে আসে!
তোমার সুখে,
বেদনা মুছে, মিটিমিটি আমি জ্বলি-
মহাশূন্যে, দূর ভুবনে-
প্রেমের অমরাবাসে।

রবিবার, ২৬ জুলাই, ২০২০

নকশা বদল

নকশা বদল

- সাকিব জামাল

কোন এক শ্রাবণ সন্ধ্যায়, যৌবনা জলে তা থৈ থৈ বিলে
শাপলা ফুল তোলার ছলে, প্রেমের নকশা আঁকা নায়ে-
যুগল যাত্রায় মাঝি হয়েছিলাম। মনে পড়ে,
সেই সন্ধ্যাবেলায় খুনসুটি শেষে বাসায় ফেরার পথে
দেবী, বায়না ধরেছিলো- নাও চালানো শিখে নেবার।
আমার কোলে বসিয়ে বৈঠা দিলাম তাঁর হাতে,
শিখিয়ে দিলাম কী করে জলবৈঠার প্রেমে-
ছলাৎ ছলাৎ গান তুলে যেতে হয় সামনে...
তারপর থেকে, সে একাই চালায় নাও!
আমার নায়ে বিরহ নকশা আঁকা।

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

এ কেমন বৃষ্টির দিন! বলো?

এ কেমন বৃষ্টির দিন! বলো?

- সাকিব জামাল

সোনার দেহে, শুভ্র বসনে, ফোঁটেনি কদম এবার মনের মুকুরে।
বর্ষাবরণে, তোমার চরণে, লাগেনি ছোঁয়া সিক্ত আকাশি জলে।
যদিও প্রকৃতি ঋতু বদল করেছে আগের মতন!
তবু, এ কেমন বৃষ্টির দিন! বলো?
রমনার সবুজ জমিনে বসে বৃষ্টিতে ভেজা হলো না!
টাপুর টুপুর নুপুর বাজে, হৃদয় নাঁচে না!
ফোঁটে কদমফুল গাছের ডালে ডালে কেবল-
চোখ দ্যাখে, মন দ্যাখে না!
দূরত্ব আর দুঃসময়ের সাদাকালো ফ্রেমে-
বন্দি বর্ষাচিত্র আমাদের। বিরহী সুরে-
মাতাল বাদল দিনের গান!


তুমি আমি তারাদের মতো পাশাপাশি

তুমি আমি তারাদের মতো পাশাপাশি

- সাকিব জামাল

তুমি আমি তারাদের মতো পাশাপাশি
অথচ, দূরত্ব কতো শত আলোকবর্ষ
হাবলের টেলিস্কোপ ব্যর্থ হয়-
আমাদের তুলনামূলক অবস্থান নির্ণয়ে!
আপাতদৃষ্টিতে প্রেম সরলরৈখিক কিন্তু বক্রতায় ভরা!
কেন্দ্র ভিন্ন, ভিন্ন ঘূর্ণনের কক্ষপথ।
সময়, স্বপ্নচিত্র ভিন্ন।
প্রেমের মহাকাশে-
তুমি আমি তারাদের মতো পাশাপাশি
অসীম দূরত্বে, বিরহে বিচ্ছিন্ন।

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন

ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন

- সাকিব জামাল

ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন
যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো,
সবুজ পাতার ফাঁকে লজ্জামাখা কদম
হেসে হেসে ভালোবেসে উঁকি দিয়েছিলো।
প্রাণ ভরে প্রথম দেখায় বেজেছিলো মনে বীণ
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।


তারপর, বেশ ঘোরাঘুরি হাতে রেখে হাত
কবিতা-গানে সময় পেরিয়ে সন্ধ্যা নেমে এলো,
বিরহজলে এলো লোনামাখা বিদায়বেলার ক্ষণ
নীড়ের পাখি পথ ভুলে দূরে উড়ে গেলো।
ক্ষণিকের সে ভালোবাসায় আজও আমার ব্যস্ত নিউরন
খুঁজে ফেরে যে সময়টুকু হয়েছে বিলীন।
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।


ভুল খোয়াবে তোমার এখন অন্যপথে পা-
আমার মনে, নেই সে বৃষ্টি, উল্টো ঝড়ো হাওয়া!
মিষ্টি মধুর যুগল প্রেমে হেটে চলা পথ
এ জনমে আর হলো না- তাকে ফিরে পাওয়া।
ক্ষণিকের সে ভালোবাসায় আজও আমার ব্যস্ত নিউরন
প্রথম দেখার স্মৃতিকথা রেখেছে অমলিন।
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

মনঘুড়ি ডানা ঝাপটায়!

মনঘুড়ি ডানা ঝাপটায়!

সাকিব জামাল

লোকে বলে, আকাশ। আমি দেখেছি শূন্যতা-
তবুও ঘুড়ি, নাটাই-সুতো সাজে দুরন্ত বালকমনে
দৌড়ে গিয়েছি কাছে- অষ্টাদশীর।


আমার ঘুড়ি আছে, তোমার আকাশ আছে?
জিজ্ঞেস করে, চোখে তাকিয়ে দেখি- সেই শূন্যতা!
পাখির মতো আর ওড়া হলো না ভালোবাসার।


শুরুতে যখন স্বপ্ন উড়ে যায় কর্পূরের গন্ধে,
বাকিটা সময়- একলা, একলা শূন্যতা বুকে-
মনঘুড়ি ডানা ঝাপটায়- ওড়াবার আকাশ নেই!

রবিবার, ৫ জুলাই, ২০২০

নামলিপি প্রেম

নামলিপি প্রেম

- সাকিব জামাল

পড়ার বইয়ের পাতায় পাতায়
              লিখে রাখতাম তোমার নাম।
এতোটুকুতেই কতো যে প্রেম ছিলো!
                  কী যে সুখ মনে পেতাম!
নানা রঙের কালি দিয়ে-
             তোমাকে সাজাতাম প্রতিদিন।
কিশোরে প্রেমিকা ছিলে তুমি,
             অথচ যৌবনে এসে তুমিহীন।


      হঠাৎ হঠাৎ এখনো স্মৃতির পাতায়-
       ভেসে ওঠে পুরোনো বইয়ের পাতা
                         তোমার নামলিপি,
                                        প্রেম!

মঙ্গলবার, ১২ মে, ২০২০

হবে কি ফের দেখা?

হবে কি ফের দেখা?

পরিস্থিতি সাপেক্ষে, জীবন এখন একটি কোয়ান্টাম কণিকার মতো-
হাইজেনবার্গের 'অনিশ্চয়তা নীতি' নির্ভর দোদুল্যমান অবস্থায়,
'দশা' স্পষ্ট করে বলা যায় না কারো!


যেমন ধরো, সমকালে আমাদের মাঝে দূরত্ব বেড়ে গেলো,
ভৌগলিকভাবে কাছাকাছি থেকেও চোখের আড়াল,
মনের দূরত্ব কমেছে নাকি বেড়েছে- অনিশ্চিত।
এ অনিশ্চিত সময় দীর্ঘ হয়ে হয়ে এগিয়ে চলছে মহাকালমূখে,
সঙ্গত কারণেই 'ফের দেখা' অনিশ্চয়তার দোলাচলে!


ঘুরে ফিরে মন বারবার মনকে বলে-
হবে কি ফের দেখা, বসবে মেলা আনন্দলোকে?

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

বসন্তবেলায় দমকা হাওয়ায়!

বসন্তবেলায় দমকা হাওয়ায়!

- সাকিব জামাল

হঠাৎ করে তীব্র বেগে বসন্তবেলায় দমকা হাওয়ায়-
মন আকাশে জমাট মেঘে বিরহমাখা বিজলী চমকায়!
ঝলকে ওঠে নিউরণ পর্দায় মুখটি তোমার,
হারিয়ে ফেলা প্রেমের বেলায় সুখ সরবর,
পরক্ষণে বিদায় বলে স্মৃতির পাতায় ঝড় উঠে যায়!

বসন্ত বিরহ!

বসন্ত বিরহ!

- সাকিব জামাল

কী অস্বস্তিকর! বসন্তে আমার একেলা প্রহর!
বহমান বিরহে অবিরত কুয়াশামাখা ভোর,
দেবী, শিশির ভেজা পায়-
একটু নুপুর পরে আয়।
ভালোবেসে একবার কেবল হাতটি ধরি তোর!

রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০

আমি আগের নম্বরেই আছি!

আমি আগের নম্বরেই আছি!

- সাকিব জামাল

চেনা-জানা আসা-যাওয়ার পথ, আড্ডাস্থল, বন্ধুমহল, কন্ঠস্বর কলরব।
মোবাইল নম্বর। ফেসবুক, ম্যাসেঞ্জার, ইমো একাউন্ট...
বদলে গেছো তুমি, বদলে গেছে সব।
বাস্তব কিংবা ভার্চুয়াল জগত কোথাও পাচ্ছি না খুঁজে তোমায়!
কী এমন হলো তোমার! মাস্টার্স শেষ, প্রেম শেষ! হঠাৎ বিরহ বৃষ্টি-
তোমার সাজলো বোধহয় নতুন পৃথিবী। ভেসে গেলো চোখ আমার,
যুগল স্বপ্নগুলোর- এখন একেলা চলা, একেলা দৃষ্টি!
হয়তো, নিজের মতো, তুমি বদলে নিয়েছো তোমায়- আমায় উপেক্ষা করে!
বেকার ছেলে আমি- বদলাতে পারিনি কিছু! না-বাইরে, না-ঘরে!
তবু, যদি ফের জাগে, স্মৃতির নিউরণ তোমার-
ইচ্ছে হলে, হ্যালো বলতে পারো!
আমি আগের নম্বরেই আছি...

রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০

অবিরত বর্ষাকাল আমার!

অবিরত বর্ষাকাল আমার!

- সাকিব জামাল

শীত যায় যায়, বসন্ত আসে আসে...
সে দোলায় মন আমার অহেতুক ভাসে!
জানি, তোমার মন হবে না পরিবর্তন, তুমি আসবে না।
তোমার যাত্রা সুখের সীমান্ত বরাবর, আমার দুঃখের সমান্তরালে!
সমান্তরাল রেখায় মিলন নেই।
উল্টো, প্রেমের সময় বাষ্প হয়, বিরহ জমায়েত করে মেঘ-
অবিরত বর্ষা নামে। আজন্মকাল।
একটিই ঋতু জীবনে আমারঃ দুঃখ-বিরহের বর্ষাকাল!
চলছে, চলবে...
কতো স্বপ্ন, কতো সুখ-
কাগজে নৌকার মতো ভেসে যায়, ডুবে যায় বর্ষার জলে!

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০

বিরহের চিত্রলিপি

নিয়ত বিরহের আগুনে পুড়ে হৃদয় হয়- 'কয়লা', নয়নের জল মিশে তা- কালি!
রাতজাগা পাখির পালকে বেদনার আঁচড়ে,
মধ্যরাত্রির নির্জনে,
নিস্তব্ধতামাখা কালের ক্যানভাসে আঁকি-
বিরহের কবিতা আমার!
মহাবৈশ্বিক স্মৃতি ভাণ্ডারে পাতায় পাতায় সঞ্চিত করে সাজাই বই,
কেউ পড়ে কিনা- আজ অবধি জানতে পারি নি!

বিরহের চিত্রলিপি: জগতের সবচে' দুর্বোধ্য কবিতার ক্যানভাস।
-------------
০২.০১.২০২০ । যাত্রাবাড়ি, ঢাকা।
রাত দুটো নির্ঘুম চোখে।

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

নিত্য সূর্যগ্রহণ

এই জীবনে 'সূর্যগ্রহণ'-
সেতো, তোমার বিদায় বিরহেই- শুরু হওয়া ক্ষণ!
সেদিন থেকেই দুঃখের পর দুঃখের বলয়ে বন্দি আমি,
আজ অবধি বিরতি নেই!
বিরহের থাকে না কোন সালতামামি!
মুক্তি মেলেনি ভালোবাসার,
মুক্তি পায়নি সুখের স্বপ্ন!
বিরহবৃত্ত বন্দি হয়েই চলছে জীবনে-
নিত্য সূর্যগ্রাস!
নৈমিত্তিক বিরহবাস।।

রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

ব্রেক-আপ'ই শেষ কথা নয়!

আজ, আমায় দিয়েছিস ফাঁকি
আর ভাবছিস, তুই ভীষণ লাকি!

বুঝিসনে বোকা, হিসেব নিকেশ-
ব্রেক-আপেই হয়ে যায় শেষ!
ভালোবাসা বিহীন একলা ঘরে,
কাঁদবি বসে যেদিন!
আমায় ছাড়ার ভুলের হিসেব,
বুঝবি তুই সেদিন!

ব্রেক-আপ'ই শেষ কথা নয়!
মুখটি ডেকে দুটি হাতে,
মাঝেমাঝেই নিজের সাথে-
বহু কথাই হয়!

তুমি বিনে শীত দ্বিগুণ!

তুমি বিনে শীতের তীর- বোধকরি দ্বিগুণ!
প্রথমত, দেহ খুন! দ্বিতীয়ত, মনও খুন!
একলা জীবন, বিরহ যাপনকাল-
বাড়ন্ত শীতের অনন্ত সমকাল।
অথচ,তুমি থাকলে- সুফলা প্রেম। বসন্ত বহুগুণ!

সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

মন খারাপের রাজ্যে একলা রাজকুমার

মন খারাপের রাজ্যে, আমি- এক একলা রাজকুমার!
দমকা হওয়ায়, আকাশ মাঝে, উড়ে বেড়াই-
যেমন মেঘের মন ভার!
রাজা, রানী, রাজকুমারী, ভাগ নিতে কেউ নয় রাজি-
বিরহ, ব্যথা, দুঃখ- কেবল যার থাকে তার!
মন খারাপের রাজ্যে, আমি- এক একলা রাজকুমার!