বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

ভালোবাসার হলুদ খাম

প্রেরক... ঠিকানা বিহীন, 
প্রাপকে লেখা বালিকা নাম,
পিয়ন ভাবে মনে মনে-
সেবায়েত খোঁজে হৃদয়াশ্রম ।
ডাকে দেবীকে পুন:পুন-
                    বরাবর বালিকা প্রণাম ।।

অনুমানে সবই বোঝে বালিকা,
মনও চায় তার হতে রাধিকা,
ঠিকানা বিহীন কৃষ্ণের ইশারায়-
প্রাণ বুঝি তার উড়ে যায় যায় ।
তবু লোক লজ্জা ভয় পিছে-
                           হয় যদি বদনাম ।।

সাড়া দেয় না তবু প্রণয় ডাকে,
চিঠি আসে সময়ের বাঁকে বাঁকে,
পিয়ন বলে আর পারি না-
তুমি কৃষ্ণ নিজে ধরো না ।
মিলনের গানে শেষ হোক তব-
                    ভালোবাসার হলুদ খাম ।।

অসহায় জোছনাবতী চাঁদ

জোছনাবতী চাঁদকেও ঘুরে ঘুরে ঢেকে ফেলে-দুষ্ট কালো মেঘের ভেলা,
কালোর দৌরত্ব যখন বেড়ে যায়, কমে যায় তখন আলো ছড়ানোর খেলা ।
প্রকৃতির এ খেলা ঐ আকাশে দেখে, মিলিয়ে দেখি বিশ্ব সমাজের সাথে-
মিলে যায়! ঘুরছে ঘুরছে অন্ধকার কাল-আমাদের চারপাশে নিয়ত দিবা-রাতে ।
অসহায় চাঁদকে দেখে মায়া লাগে ভীষণ- আমার জোছনা বিলাসী মনে,
ভাবি মেঘ কেটে যাবে, স্নিগ্ধ আলো পোহাবে- আমার পৃথিবী কোন ক্ষণে?
অপেক্ষা বাড়তে থাকে, বাড়তে থাকে কালো, সময় বয়ে যায়, কেউ ভাঙেনা বাঁধ-
গালে হাত দিয়ে কবি চেয়ে থাকে - ডুবে থাকে আঁধারে অসহায় জোছনাবতী চাঁদ!

পরকিয়ায় মেতেছে উষ্ণতা

বাপরে বাপ! সেরাম গরম !
বর্ষার সাথে বোধহয়, মেঘবালকের অভিমান চলছে চরম !
পেয়ে সুযোগ, শুন্যতা-
পরকিয়ায় মেতেছে উষ্ণতা !

প্রাকৃতিক সমাজে এ ব্যধিও মারাত্মক ।
স্বৈরাচারী আবহাওয়া মানবজাতির জন্য ধ্বংসাত্মক, বেরহম ধ্বংসাত্মক ।
যারা আমার সবুজ কেটে খায় পরিকল্পিত নগরায়ন তাড়িয়ে,
যারা আমার প্রেমিক জলবায়ু কেড়ে নেয় কার্বন নি:সরণ মাত্রা বাড়িয়ে,
মেতে ওঠে শীততাপ নিয়ন্ত্রিত গাড়ী, বাড়ির বারান্দায় বীরদর্পে পদচারণায়-
তারা মনহীন, শুধু ধড়বেশ মানব- উষ্ণতার পরকিয়া দেখে মজা পায়!

প্রকৃতিকে অস্বাভাবিক আচরণে বাধ্য করা মানে - আমার মানবাধিকার লংঘণ ।
ক্ষতিপুরণ চাই- দাও, আমার প্রেমের পৃথিবীকে ফের পর্যাপ্ত সবুজায়ন ।

মনমুদ্রার এপিঠ ওপিঠ

আমার মনমুদ্রার এপিঠ ওপিঠ এক !
যতোই উল্টে পাল্টে দেখো - কেবলই তোমার জন্য ভালোবাসা ।
নেই কোথাও, কোন ফারাক !
আমার মনমুদ্রার এপিঠ ওপিঠ এক !

দৈবিকভাবে চয়ন করে দেখো-
কেবলই তোমার জন্য ভালোবাসা ।
টোকা দিয়ে ঘুড়িয়ে দেখো-
কেবলই তোমার জন্য ভালোবাসা ।
কোনদিকে ছুঁড়ে ফেলে দেখো-
কেবলই তোমার জন্য ভালোবাসা ।
নানাভাবে সময়,অসময়ে ঝাঁকিয়ে দেখো-
কেবলই তোমার জন্য ভালোবাসা ।

কথায় বলে, মুদ্রার এপিঠ ওপিঠ এক-
এ আর নতুন কি- হয়তো এমনও ভাবতে পারো !
আমি দেখেছি- প্রায় দেশের বিহিত মুদ্রার এপিঠ ওপিঠ ভিন্ন !
তবে, বিনিময় হয় তারও ।

আমার মনমুদ্রার এপিঠ ওপিঠ এক ! 
                                  মুদ্রার মানও ভালো !
নিশ্চিন্তেই তুমি, তোমার মন বিনিময় করো - 
              ছড়াক সাদা মনে ভালোবাসার আলো ।।

বোধহয় সুশীল হতে চলেছি

ইদানিং-
চোখে একটু কম দেখছি,
কানেও একটু কম শুনছি,
কন্ঠস্বরের তীব্রতা সেও কেমেছে, 
বোধহয় সুশীল হতে চলেছি!

আমজনতার স্বার্থসংশ্লিষ্ট চিন্তা ভাবনার বিবেক-
অবশ অবশ লাগে ।
আইএমএফ, বিশ্বব্যাংকের স্বার্থের চিন্তায়-
মনটা হঠাৎ হুংকার দিয়ে জাগে ।
পরাশক্তিদের কাছে -
সানন্দে অবনত হয়ে যাচ্ছে মস্তক ।
এ দেশের কিচ্ছু হবেনা-
গবেষণার বীনার সুরে শুধুই বাজে এই সপ্তক ।

বোধহয় সুশীল হতে চলেছি!
মা-মাটি-মানুষ ভুলে, বিশ্ব নাগরিক হতে চলেছি!!