বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

বয়স হলো তোর, বুঝ হলো না!

ভোলা মন, মন আমার
ভুলের মাঝে রইলি সারাক্ষণ
বয়স হলো তোর, বুঝ হলো না-
চিনলি না আপনজন।।

তোরে কে খাওয়াইলো, কে পরাইলো
ছোট ছিলি যখন,
এখন তোর কাজের দোহাই, বাঁচার দোহাই
ভুলতে নিরঞ্জন ।
বয়স হলো তোর, বুঝ হলো না-
চিনলি না আপনজন।।

বসে একা তুই নিরিবিলি
ভেবে দেখরে বোকা মন,
কেমন থাকবি, কেমন রইবি
ঐ আন্ধার ঘরের কোন ।
বয়স হলো তোর, বুঝ হলো না-
চিনলি না আপনজন।।

কারবালা

মহররমের দশ তারিখে
দুঃখে পরান যায়,
হোসাইন শহিদ হলো বলে
ঐ কারবালায়।
আহা) ঐ কারবালায়।।

ফোরাত নদীর পাড়ে রক্তে
ভাসে মুসলমান,
শোকের ছায়ায় ঢেকে গেল
সারাটি জাহান।
কতো মুসলিম হলো শহীদ
ঐ যুদ্ধের দামামায়,
মন আমার কাঁদে আজও
সেই বেদনায়।
আহা) সেই বেদনায়।।

ক্ষমতার লোভে ইয়াজিদ
করে জুলুম শাসন,
প্রতিবাদ করতে গিয়ে-
হোসাইন দেয় জীবন।
ন্যায়ের পথের পথিক সেদিন
কেন হেরে যায়?
মন আমার কাঁদে আজও
সেই বেদনায়।
আহা) সেই বেদনায়।।কবিতাটি ৩৪ বার পঠিত হয়েছে।

রক্তকলম

কালো রঙের কালিতে- ফোটে না স্বাধীনতার ফুল!
এই কলমে কাশ্মীর নিয়ে কবিতা লেখা বেমানান,
কাশ্মীর নিয়ে তাই কি কবিতা লিখবো? কলম বলে-
ওখানকার জনগন- প্রতিদিন রক্ত দিয়ে লিখে যাচ্ছে কতো শত কবিতা,
সে কবিতামালা বোঝার ক্ষমতা আমাদের হোক!
যুগ যুগান্তর ধরে সেখানে জন্ম নিচ্ছে কবিতা- সন্তানহারা মায়ের,
যুগ যুগান্তর ধরে সেখানে জন্ম নিচ্ছে কবিতা- স্বামীহারা বিধবার।
যুগ যুগান্তর ধরে সেখানে জন্ম নিচ্ছে কবিতা- মাহারা সন্তানের,
যুগ যুগান্তর ধরে সেখানে জন্ম নিচ্ছে কবিতা- সন্তানহারা বাবার।
এমন অসংখ্য কবিতা সেথায় রক্তকলমে লেখা-
'হরি সিং শাসনামল' থেকে আজ পর্যন্ত এমন চিত্রই আমাদের দেখা।
স্বাধীনতার পক্ষের রক্তকলমে সৃষ্টি হয়- উত্তম কবিতা।
স্বাধীনতা বিরোধী পক্ষের রক্তকলমে সৃষ্টি হয়- নিকৃষ্ট কবিতা।
প্রার্থনা, কাশ্মীরে রক্তকলমে- উত্তম কবিতার জন্ম হোক।
আর সেসব কবিতা সহজে বোঝার ক্ষমতা আমাদের সকলেরই হোক!

রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

জেনোফোবিয়া

এই মহাবিশ্বে, বসবাসের একটিই ভূমি-
পৃথিবী, একমাত্র গ্রহ, আমরা বিশ্বাস করি।
মানব জাতিই হলো বটে শ্রেষ্ঠতর সৃষ্টি-
আছে বলে ভালোবাসার মত মন তাদের।
অন্যকে ভালবাসা-এগিয়ে যেতে সহায়তা করে
স্বর্গীয় পরিবেশের নকশা তৈরি করতে আমাদের।
তবে, জেনোফোবিয়া যথেষ্ট খারাপ ভাবনার পন্য,
কুরুচিপূর্ণ ভয়ে পৃথিবীতে জাহান্নাম বানানোর জন্য।
জেনোফোবিয়া মুছতে প্রেমকে করো ব্যবহার সদা।
শপথ করে বলছি, পৃথিবী হবে কল্পস্বর্গ একদা ।।
---------------
ইংরেজি অনুবাদ
---------------
In the universe, A land to live-
The earth, the only planet, we do believe.
Human race is the superior creation
Because of having the mind of love.
Loving others help us to move further,
To design heavenly environments here.
But, Xenophobia is bad enough
To make hell on earth full of ugly fear.
Use the Love as the eraser of Xenophobia.
On oath, once, the earth would be utopia.
-----------
নোট: জেনোফোবিয়া হলো বিদেশীদের সম্বন্ধে অহেতুক ভয়।

মেয়ে ঘাসফুল

একটি ঘাসফুল- এক রঙিন প্রজাপতির সাথে দেখা করতেই জনমের শুরু তার এমনটি কখনো ভাবেনি। অনেক কিছু শিখে নিয়েছিল পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে। জীবনকে স্বাধীনভাবে সাজানোর স্বপ্নে কাটতো দিনরাত।
সময় বয়ে যায়- ঘাসফুলও যৌবন পায়। স্বপ্নরা এতদিনে বেশ বড় হয়ে ওঠে।
সমাজের লোক কানাঘুষো শুরু করে- আইবুড়ি হলো! জাত গেলো, সমাজ বাঁচাও!
সবার চাপে- বিয়ের পিড়ি! ঘাসফুলের স্বপ্ন শরতের কুয়াশা নেকাবে ঢাকে। আর আসেনি বসন্ত কোন দিন।
মেয়ে ঘাসফুল: আগন্তুক পথিকের পদপরশে চলে শেষবেলার প্রস্তুতি।