মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

নানা বাড়ি

 

নানা বাড়ি

- সাকিব জামাল

গ্রাম দেশে নানা বাড়ি
বেড়াতে যাই চলো,
এমন সুন্দর আনন্দ ভারি
আর কী আছে বলো!
আছে ফুল আছে ফল
পুকুর ভরা মাছ,
সবুজে ঘেরা গ্রাম মাঝে
দারুণ ধান গাছ!
নানান পশুর ঘোরাঘুরি
আর পাখির কলরব,
নদীর জল টলমল
ভালো লাগে সব।
ভীষণ মিশুক গায়ের লোক
সরলতার ছবি আঁকা
শহরের মতো নেই সেখানে
একলা একা থাকা।
তুমিও কি যাবে নাকি
আমার নানা বাড়ি?
চলো বন্ধু, বেড়িয়ে আসি,
যাই সুখের বলিহারি!

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

কবিতা যখন ম্যানগ্রোভ বন!

 

কবিতা যখন ম্যানগ্রোভ বন!

- সাকিব জামাল

সশব্দে অথবা নিঃশব্দে-
পেটে যখন 'ক্ষুধার্ত বাঘ' করে ঘোরাফেরা
ভালোবাসা তখন হরিনীর মতো দেয় ভোঁদৌড়!
সংকট উভয়-
ধরা পরলেও শেষ,
ধরা না-পরলে পালিয়ে হয় নিরুদ্ধেশ!
সংসার চলে-
নারী-পুরুষ প্রেমহীন
সামাজিক সমঝোতায় 'মধ্যবিত্ত' বসবাস!
বাস্তুতন্ত্র রক্ষায়-
কবিতা তখন ম্যানগ্রোভ বন
জোয়ার-ভাটার নিত্য খেলায় বাড়ে-কমে ক্ষেত্রফল!

তিরিং বিরিং ঘাসফড়িং

 

তিরিং বিরিং ঘাসফড়িং

সাকিব জামাল

নম্র-ভদ্র ঘাসফুল আর
          তিরিং বিরিং ঘাসফড়িং
বন্ধুতা হলো দুজনে-
         কোন এক বৃষ্টির দিন!


আতি দুষ্ট ঘাসফড়িং শুধু
             ঘাসফুলকে জ্বালায়,
ফুলের দিকে করে না খেয়াল
           উল্টা-পাল্টা লাফায়।


বন্ধু ভেবে ঘাসফুল বলে,
          "মেতো না খুব বেশি
পরে গেলো কষ্ট পাবে,
          থেমে যাবে সবখুশি!"


শুনলো না ঘাসফড়িং-
                 বন্ধু'র সে কথা,
পা পিছলে চিৎপটাং-
                পেল খুব ব্যথা।


দুঃখে শোকে ঘাসফড়িং বলে,
             "উহ্,আহ্, 'মা'... রে
না-শুনলে বন্ধুর কথা
              বিপদ ঠিকই বাড়ে!"

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

বড় স্যারের ড্রাইভার!

 

বড় স্যারের ড্রাইভার!

- সাকিব জামাল

হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
         টাকা হবে কোটি কোটি,
         বাড়ি হবে ভুরি ভুরি,
         গাড়ি, নারী কুড়ি কুড়ি
         সবই হবে চমৎকার!
হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
         ক্ষমতা বেশি স্যারের চেয়ে-
         চোটপাঠ, ঠ্যালা ভীষণ তার!
         নিয়োগ, বদলি, দুর্নীতি, টেন্ডার-
         মিলবে কমিশন, পার্সেন্ট হার।
হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
        দেশের কথা, দশের কথা-
        সে ভাবনা করে না স্যার!
        ড্রাইভার আর করবে কি?
        ভাগ নেয়টা মূল ব্যাপার!
হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
        সময় বলে, চলতে থাকো-
        হিসাব হবে একদিন ঠিক,
        থাকবে না পাশে কেউ তখন,
        ছুটবে তুমি দিক বিদিক!
        থাকতে সময় এখনই সবাই-
        সুপথে ফিরে আসো আবার।
হলে বড় স্যারের ড্রাইভার,
সৎ থাকাটা খুব দরকার!

ছায়াজ্ঞান

 

ছায়াজ্ঞান

- সাকিব জামাল

ক্ষুদ্রজ্ঞানে, কম আলোয়- কেবল 'ভ্রান্তিরা' বড় হয়!


ছায়া-আলোর খেলা নিদর্শন।
আলো যখন তির্যকে পরে-
'দেহ' কম আলো পায়, 'ছায়া' হয় অপেক্ষাকৃত বড়।
অথচ, সরাসরি আলোর নিচে-
'দেহ' প্রায় পূর্ণ আলোকময়, কিন্তু 'ছায়া' ছোট!
জ্ঞানের আলোও তেমন পরে মনের অঙ্গনে।
'আলোকিত মানুষ' তাই, ঠিকই, নিজের 'ক্ষুদ্রতা' রাখে স্মরণে।
বিপরীত বোধে- 'অহম' বড়। মানুষ নয়, আলোও নয়।


ক্ষুদ্রজ্ঞানে, কম আলোয়- কেবল 'ভ্রান্তিরা' বড় হয়!