শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

দুঃখকুঞ্জ

 দুঃখকুঞ্জ

- সাকিব জামাল


সুখের পথে দৌড়ে দেখি-

অন্তিমে তার দুঃখকুঞ্জ!

এই জীবনে, এই ঘরে, প্রবেশে- 

বহুমুখী দরজা আছে, 

বের হবার নেই পথ!

ইচ্ছে তুমি-

যে পথে চলো ভুবনডাঙার মাঠে,

প্রান্ত শেষে এখানেই থামে রথ।

ভাগ্যচাবি

 ভাগ্যচাবি

- সাকিব জামাল


অনেক 'না-পাওয়া' আমার, অন্যের কারণে!

অথচ, গুণীজন বলেন, নিজের ভাগ্য নিজেই গড়া যায়।

এ কথায় আমি অনাস্থাই রাখি বেশি।

এক মানুষের ভাগ্যচাবি মাঝে মাঝে অন্য মানুষের-

হাতে চলে যায় বলে, যত সৃষ্টিঃ

তন্ত্র, মন্ত্র, সংঘ।

কৌশলী লোকেরা সেই চাবি দিয়ে খোলে-

তন্ত্রের তালা, মন্ত্রের মটকা, সংঘের সিন্দুক!

আর আমার মতো অধিকারহারার দল

তাদের পিছে পিছেই ঘোরা লাটিম, ভনভন!

স্বপ্ন শিশির

 স্বপ্ন শিশির

- সাকিব জামাল


দিন যায়, স্বপ্নগুলো আমার, 

বিন্দু বিন্দু শিশির হয়ে ঝরে পড়ে- 

জীবনের সবুজ ঘাসপাতায়। 

সূর্যের তাপে বেঁচে থাকার শক্তি হারিয়ে,

উড়ে যায় নাগালের বাইরে!

বার্ষিকগতির, এই সুখ, এই দুঃখ-

দোলাচালে মোড়ানো সময়ের পোশাকে,

মন ঋতু বদল করে, উল্লাসহীন!

শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

আমি হয়ে উঠি- জীবনানন্দ দাশ

 আমি হয়ে উঠি- জীবনানন্দ দাশ!

- সাকিব জামাল


দিন, দিনান্তে-

সুখটুকু নিয়ে উড়ে যায় সময়পাখি,

দুঃখেরা উৎসবে মাতে আমার বারান্দায়।

আমি হয়ে উঠি- জীবনানন্দ দাশ!

শ্রীহীন ধুসর ক্যানভাসে,

সেনহীন, আমি আঁকি- 

একলা শালিখের বিরহবোধ।

কমলালেবুর গন্ধ সাথে, 

একটি নদী বয়ে চলে- 

সভ্যতারূপে, অবিরাম একাকী!

শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

ধর্মফুল

 ধর্মফুল

- সাকিব জামাল


তোমার ধর্মফুলের সৌরভে- 

মুগ্ধ যত মানুষ, ততো সুন্দর তুমি, 

ততোটা নিকটবর্তী স্রষ্টার ভালোবাসার।

আর যদি অমানবিকতার সংক্রমণে-

সৌরভ রূপ নেয় দুর্গন্ধে, 

দূরে দূরে থাকবে সবাই।

ঘৃণা জিতে যাবে!

অথচ, জীবনবৃত্তান্ত পড়ে দেখো, 

ঘৃণা নয়, ভালোবাসা অর্জন করাই ছিল-

তোমার ধর্মগুরুর কাজ।



এবার, উত্তর ভেবো, তোমার ধর্মফুল-

সৌরভমাখা নাকি দুর্গন্ধময়?