রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

আহ্...সুখ!

 আহ্...সুখ!

- সাকিব জামাল


ওহ্ সময়, ওহ্ প্রিয়তমা

শৈশবে মেলেনি সুখ, কৈশরেও না।

যৌবনে ফোটেনি ওই ফুল

জীবনের মৌবনে!

বৃদ্ধবেলায়

তা...না...না...

সমস্ত সুখ আমার, তাই

মায়াবী মাটির কাছে

রেখেছি জমা।

যদি দেখা হয়, হাওয়া'র খেলা শেষে!

--------

কবিতাটি দৈনিক স্বদেশ প্রতিদিন এ প্রকাশিত।

এইসব শীতবৃষ্টি এবং কয়েকটি কাক

 এইসব শীতবৃষ্টি এবং কয়েকটি কাক

- সাকিব জামাল


এইসব শীতবৃষ্টির কালে, নীড়হারা পাখিরা উড়ে বেড়ায়। 

ডাস্টবিনে রাখা চোখে অন্ধকার নামে,

জলস্রোতে ভেসে যায় রুটি-রুজির শেষ ভরসা! 

নাগরিক সমাজ ভীষণ ব্যস্ত হয়ে পড়ে 

সামসময়িক রাজনৈতিক কোলাহলে!

অথচ উষ্ণতার কোন খোঁজ খবর মেলে না

দারিদ্র্যসীমার নিচু রেখা বরাবর। 

কী দুর্ভাগ্য এই জনমের! কয়েকটি কাক

তখনও ভুণা খিচুড়ি'র পঙতি সাজায় বেপরোয়া!

বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

ধ্যানবিন্দু

 ধ্যানবিন্দু

- সাকিব জামাল


আমার পাশে জায়নামাজে তোমাকে চাই!

তুমি কথা কও নিরবে। তোমার কথার 

রহস্যপথ ধরে আমি ধ্যান করি; 

ধ্যান করি আকাশে ওড়বার। 

নীল শূণ্যতার মাঝে 

কী দারুণ পালঙ্ক এক! 

থাকতে চাই ওখানে বাকি কাল।

সম্ভব? সম্ভব না? দ্বিধায় ডুবে রই!

ডুবে যাই, আমি শুধু ডুবে যাই...

আমার পাশে জায়নামাজে তোমাকে চাই!

গোলাপ জ্বালা

 গোলাপ জ্বালা

- সাকিব জামাল


বকুল ফুলে কেমন যেন 

বিরহ ঘ্রাণ পাই!

মালা নয় প্রিয়, গোলাপের 

জ্বালা দিও তাই!

কাঁটায়, জ্বালায় 

তেমন ভয় নেই আমার 

সইতে পারি বেশ!

তবু থাকুক প্রেম

বাঁচুক প্রেম

হোক বিরহ নিরুদ্দেশ।

সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

নাগরিক পত্র

 নাগরিক পত্র

- সাকিব জামাল


তোমার চোখে তাঁকিয়ে-

শব্দহীন কত কথা বলে যাই আমি!

তুমি বুঝে নিও বাতাসের কম্পন।

বুঝে নিও ডপলার ইফেক্ট। 

যদি তুমি চাও, আমার চুপকথারা 

মুখর হবে স্বাধীনতার গানে 

ভালোবাসার রাজপথে!

পাশাপাশি হেটে যাব আমরা বহুদূর

সুশাসনের স্মার্ট সড়কে!