রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

বাউলিয়ানা প্রেম

 

বাউলিয়ানা প্রেম

- সাকিব জামাল

বাউলিয়ানা প্রেমে-
বারো চাঁন্দে ঘুরি আমি, ছোট-বড় হই!
নিজের মাঝে খুঁজি, নিজের প্রিয় সই!
হঠাৎ হঠাৎ পাঠে বসি-
শূন্য কতো বড়?
মহাশূন্য কতো অসীম,
কতোটুকু 'হৃদয়' ধরো?
মন বলে,
"মানুষ বড়, প্রেম অসীম- এর উপরে নাই,
সহজিয়া অন্তর কোণে সর্বসুখের ঠাই!"
বারো চাঁন্দে এক সাধনা করি আমি ঠিক,
সই'র মাঝে খুঁজে বেড়াই স্বর্গপথের দিক!

জেগে ওঠো একাত্তর, বর্তমানে!

 

জেগে ওঠো একাত্তর, বর্তমানে!

- সাকিব জামাল

জেগে ওঠো একাত্তর।
তোমার এনে দেয়া স্বাধীনতার স্রোত-
থেমে থেমে প্রায় স্থিরতায় চেতনার নহর!


মুক্তিযুদ্ধের মূলমঞ্চ থেকে উৎসারিত,
বাহাত্তরের সেই 'চার' শাখা নদীতে বাঁধ নির্মাণে ব্যস্ত-
পরাজিত শত্রুদের অনুগামী প্রজন্মদল।
অস্তিত্ব সংকটের মুখোমুখি তোমার স্বপ্নসকল।


কালের প্রবাহে-
শ্যাওলাদের তোড়জোড় বেড়েছে!
ইস্যুর আঘাতে আঘাতে আহত চেতনায়-
প্রগতির পথে স্রোত নেই!

হে প্রিয় প্রাক্তন সময়,
প্রজন্ম থেকে প্রজন্মের বুকে, বীরদর্পে-
জেগে ওঠো একাত্তর, বর্তমানে।
মুক্তির স্বপ্নেরা এগিয়ে চলুক অনন্তকাল...

হেমন্ত সন্ধ্যায় প্রার্থনা

হেমন্ত সন্ধ্যায় প্রার্থনা

- সাকিব জামাল

এই সন্ধ্যায়
কুয়াশাবৃষ্টি হয়ে ঝরে যাক
তোমার দুঃখসব।
চুপ হোক
দীঘল রাতে একলা থাকা
কষ্ট কলরব।


সময় গড়িয়ে
আনন্দ গানে ভোর হোক।


সফল সফরে
ছড়াক ঝলমলে সূর্য ময়ূখ
তেজস্বী চলনে।
দিনান্তে
আসুক আরেকটি সন্ধ্যাসময়
প্রশান্তির শিহরণে।


এভাবে, এই হেমন্তে
আহ্নিক গতি চক্রে
সম্পূর্ণ সময়-
নিবেদিত হোক
তোমার জন্যে
সুখে সৌরভে গতিময়।

রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

অঘ্রানের চাঁদ

অঘ্রানের চাঁদ
- সাকিব জামাল

শিশিরে ভেজা অঘ্রানের চাঁদ 
         তোমার আকাশে ভাসে,
জোছনার জলে ডুবে ডুবে প্রেম 
            আমার কাছে আসে!  
অথচ,
হাসে দূরে কুয়াশার নেকাবে ঢাকা 
                আসন্ন বিরহ মুখ,
ক'দিন পরে অমাবস্যার রাতে হয় 
                স্বপ্ন মরণের সুখ!

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

বীজতলা

 

বীজতলা

বীজতলা প্রেমে, কৃষকধ্যাণে-
সোনালী স্বপ্ন দেখি 'সবুজে ডানা' মেলে!


তুমিও সঙ্গ দাও আমায় বিপ্লবে!
কৃষাণী হও,
স্বপ্নে স্বপ্নে ডুবে রও!


পৃথিবী সমৃদ্ধ হোক-
প্রেম ও ফসলের যুগপথ গানে!