প্রবন্ধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রবন্ধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

একুশে বইমেলার আন্তর্জাতিকীকরণ

 

একুশে বইমেলার আন্তর্জাতিকীকরণ

- সাকিব জামাল
অমর একুশে বইমেলা বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী জনগণের প্রাণের মেলা। প্রতিবছর বাংলা একাডেমির এই আয়োজন দেশের মানুষের মাঝে সৃজনশীল ও মননশীল চেতনা প্রস্ফুটিত করার জন্য যথেষ্ট আবেদনপূর্ণ একটি উদ্যোগ। দেশে দেশে বইমেলার আয়োজন হয় তবে বাংলাদেশের সঙ্গে অন্যদেশের পার্থক্য হচ্ছে, পুরো এক মাসব্যাপী বইমেলা আর কোথাও হয় না। কেবল বাংলাদেশেই এতো দীর্ঘসময় বইমেলা হয় এবং ধারাবাহিকভাবে বেশ কয়েক দশক ধরে এত বড়সর বইমেলার আয়োজন চলছে ঠিকই কিন্তু দুঃখের বিষয় হলো সেই অর্থে এর আন্তর্জাতিকীকরণ ঘটেনি বললেই চলে। ফ্রাঙ্কফুর্ট বইমেলা, লন্ডন বইমেলা, কায়রো বইমেলা এমনকি কলকাতা বইমেলার সাথে তুলনামূলক বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বায়নের যুগে এটি অন্যতম একটি বড় ব্যর্থতা আমাদের!

দীর্ঘকাল ধরে চলা এই আয়োজনের মাধ্যমে আমরা কয়েক হাজার লেখক পেয়েছি, কয়েক লক্ষ বই পেয়েছি তবে তা শুধু আমাদের দেশের সাহিত্যমনা ব্যক্তিদের কাছে আত্মতুষ্টির বিষয় হয়ে আছে হয়তো। আন্তর্জাতিক অঙ্গনে এই বইমেলার সার্থকতা কোথায়! প্রতিবছর  আমাদের এতবড় এবং মাসব্যাপী দীর্ঘ বইমেলা সম্পর্কে বিশ্বের কয়টা দেশ জানে? কয়টা আন্তর্জাতিক মানের বিদেশি মিডিয়া এই খবর কভারেজ দেয়? কতজন বিশ্বসেরা সাহিত্যিকর আগমন এখানে ঘটে? এসব প্রশ্নের উত্তর হতাশাব্যঞ্জক। অথচ এতদিনে দরকার ছিল বিশ্বের সমস্ত প্রান্তরের সাহিত্যিক ও পাঠকের কাছে এই বইমেলার প্রচার ও প্রসার নিশ্চিত করা।

সময় অবশ্য ফুরিয়ে যায়নি! বইমেলার আন্তর্জাতিকীকরণের এই দায়িত্ব মূলত বাংলা একাডেমিকে নিতে হবে। বইমেলায় আন্তর্জাতিক কর্নার স্থাপন করতে হবে। সেখানে বিদেশি প্রকাশকদের জন্য স্টল বরাদ্দ দিতে হবে, ঐ সমস্ত প্রকাশকদের জন্য যারা বাংলা সাহিত্যকে ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করবেন। আমাদের সাহিত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে দেশি-বিদেশি অনুবাদকদের ফেলোশীপ প্রদান করার বিষয়টিও গুরুত্ব দেয়া উচিত। এছাড়াও বাংলা একাডেমি অনুবাদ ক্যাটাগরিতে পদক প্রদানের ক্ষেত্রে যারা বাংলা সাহিত্য অন্যভাষায় রূপান্তর করবে তাদেরকে বিবেচনা করতে হবে। অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। ভিনদেশি সাহিত্যকে বাংলায় অনুবাদের চেয়ে বাংলা সাহিত্যের আন্তর্জাতিকীকরণের জন্য আমাদের সাহিত্যকে অন্যান্য ভাষায় ভাষান্তর করা অধিক গুরুত্বপূর্ণ। এসব কর্মকান্ডকে উৎসাহিত করার প্রভাবক হিসেবে বাংলা একাডেমির দায়িত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এখানে আরও একটি বিষয় উল্লেখ করা যেতে পারে, যেমন বাংলা একাডেমি থেকে প্রকাশিত উত্তরাধিকার পত্রিকাটি ইংরেজি ভার্সনেও প্রকাশ করা যেতে পারে। এছাড়া বিদেশি লেখক, পাঠক এবং গবেষকদের বইমেলায় সহজে আগমনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো এবং অনএড়াইবল ভিসাসহ নানা উদ্যোগ গ্রহণ করতে হবে। যাহোক, বাংলা একাডেমিকে অনেক কাজ দেয়া হলো। অবশ্য বইমেলার আন্তর্জাতিকীকরণের দায়িত্ব লেখক ও প্রকাশকদের ক্ষেত্রেও অনেক। প্রকাশক ও লেখকদের প্রকাশনা ও সাহিত্যকর্ম প্রকাশ ও উপস্থাপন এখন আর শুধুই বাংলা মাধ্যমে নয় বরং বহুভাষিক করা উচিত। আন্তর্জাতিক মহলে বাংলা সাহিত্যের পাঠক বৃদ্ধিসহ গবেষণা ও প্রসারের দিকে দৃষ্টিপাত করা উচিত সবার।

সর্বপরি মুক্তপ্রযুক্তির এই যুগে একুশে বইমেলার আন্তর্জাতিকীকরণ এতোটাই জরুরি যে এটি করতে ব্যর্থ হলে বাংলা সাহিত্যের বিশ্বজয়তো দূরের কথা বরং আগামীর পৃথিবীতে এর আবেদন কমে যাবে আরও। এমনকি বিভিন্ন ধরণের কালচারাল হেজিমনির কাছে আমাদের সাহিত্যের পরাস্ত হবার সম্ভাবনাও তৈরি হতে পারে! সুতরাং বাংলা সাহিত্য ও সংস্কৃতিমনা সকল মানুষের উচিত হবে অমর একুশে বইমেলার আন্তর্জাতিকীকরণ কার্যক্রমে যথাযথ ভূমিকা পালন করা যাতেকরে বিশ্বের দরবারে বাংলা সাহিত্যের একটা শক্তিমান অবস্থান তৈরি হয়।

বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মান্নান সৈয়দঃ পরাবাস্তবতার পথিকৃত

 

মান্নান সৈয়দঃ পরাবাস্তবতার পথিকৃত 

- সাকিব জামাল
উত্তরাধুনিক বাংলা সাহিত্যে বাঁক বদলের কবি আব্দুল মান্নান সৈয়দ বাংলা কবিতার প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে পরাবাস্তবতার পথিকৃত হিসেবে  আত্মপ্রকাশ করেছেন একজন দৃষ্টান্ত স্থাপনকারী সফল কবিরূপে। বিষ্ণু দে, জীবনানন্দ দাশ এর পরে বাংলা কবিতায় পরাবস্তবতার অন্যতম প্রবাদপুরুষ আব্দুল মান্নান সৈয়দই মূলত বিস্তর পরিসরে এই ধারাটি জনপ্রিয় করণের চেষ্টা করেছেন নিরলসভাবে, যা শুধু সমকালীন সাহিত্যসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করেনি বরং আজও প্রাসঙ্গিক আলোচ্য বিষয় হিসেবে প্রণিধানযোগ্য। পরাবাস্তব কবিতার মূল ধারণা হলো অবচেতনমনের চিন্তা ভাবনাকে অপ্রচলিত ও আশ্চর্যকর কিন্তু নান্দনিক চিত্রকল্প দ্বারা প্রকাশ করা, যার সার্থক প্রয়োগ ঘটিয়েছেন আব্দুল মান্নান সৈয়দ।

শিল্প সাহিত্যে যাঁরা পরাবাস্তববাদ চর্চা করে থাকেন তাদের মতে, "প্রকৃত সত্য কেবলমাত্র অবচেতনেই বিরাজ করে।" তাই পরাবাস্তববাদী শিল্পী বা সাহিত্যিকদের লক্ষ্য হল বিভিন্ন কৌশল ও আঙ্গিকে মনের গভীর থেকে সেই সত্যকে তুলে আনা। আব্দুল মান্নান সৈয়দ ঠিক এ কাজটিই করেছেন। প্রসঙ্গত, জন্মান্ধ কবিতাগুচ্ছ থেকে কিছু উদ্ধৃতি দেয়া যাকঃ
“জ্যোৎস্না কী? – না, জ্যোৎস্না হয় জল্লাদের ডিমের মতো চুলহীন জলবায়ুহীন মুণ্ডু, জোড়া-জোড়া চোখ, সাতটি আঙুলের একমুষ্টি হাত, রক্তকরবীর অন্ধকার, এবং একগুচ্ছ ভুল শিয়ালের সদ্যোমৃত যুবতীকে ঘিরে জ্বলজ্বলে চিৎকার।”
(জ্যোৎস্না, জন্মান্ধ কবিতাগুচ্ছ)
"কী চড়া বাজার! আমাদের পাশের লোকটির সত্যি-সত্যি গলা কেটে নিল
    চীনে প্লেটের উপর এক গাঢ় দোকানদার। এরকম প্রমাণ আমি কখনো
    দেখিনি। তারপর করল কি? -না, তার কাটা-মুণ্ডু ঝুলিয়ে দিল দোকানের
    উইণ্ডোর নিচে বিজ্ঞাপনে টপাটপ।"
(সমস্ত ভাসান দিলাম সমস্ত উড়াল, জন্মান্ধ কবিতাগুচ্ছ)
এভাবে মনের গহীন থেকে ভাসিয়ে আনা আশ্চর্যকর এবং অসাধারণ সব চিত্রকল্পে সাজানো জন্মান্ধ কবিতাগুচ্ছ, যা পরাবস্তবতার এক নতুন দিগন্ত হিসেবে বাংলা সাহিত্যে চিহ্নিত হয়ে আছে।

বর্তমানকালের বাংলা কবিতায় প্রায় সব কবিই কমবেশি পরাবাস্তবতার প্রয়োগ করেছেন। তবে নিকট বর্তমানে পরাবাস্তবতার সার্থক প্রয়োগ ঘটিয়ে বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছেন আব্দুল মান্নান সৈয়দ। তিনি বলতেন- "পরাবস্তবতাই হলো প্রকৃত বাস্তবতা।" এই ভাবনা থেকেই কবিতায় তিনি এনেছেন পরাবাস্তববাদী অনন্য বৈভব। যেমনঃ কবিতা কোম্পানি প্রাইভেট  লিমিটেড এর 'আলোক সরকার আর অন্ধকার রায়' কবিতাংশ-
" ‘একি, আপনি বাজারে? কবিশাহেব, আপনিও কি বাজার করেন?’
--হ্যাঁ, আমাকেও বাজার করতে হয়,
আমাকেও তেল-নুন-মাংসের হিশেব কষতে হয়--
আমি নই বায়ুভুক রবীন্দ্রনাথ।"
অথবা একই কাব্যগ্রেন্থর 'কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড' কবিতায় বলা হয়েছে-
"এখানে কবিতা বানানো হয়।
সব ধরণের কবিতা।
রাজনীতিক কবিতা, সামাজিক কবিতা।"
পরাবাস্তব চিত্রকল্পে কী কঠিন বাস্তবতার উদাহরণ। এরূপ জীবনমুখী অনেক বাস্তব কবিতার নির্যাস তিনি বাংলা সাহিত্যে উপহার দিয়েছেন পরাবাস্তবতার  আড়ালে, যা তাঁকে পরাবাস্তবতার পথিকৃত হিসেবে প্রতিষ্ঠিত করেছে নির্দ্বিধায়।
এছাড়া, পরাবাস্তব কবিতার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো বাস্তবতার সাথে স্বপ্নের একটি মেলবন্ধন। তাই পরাবাস্তববাদ চর্চাকারীগণ একটি বিশেষ পরাবাস্তববাদ তৈরির মূল লক্ষ্য হলো- সাধারণ দৈনন্দিন বাস্তবতা এবং স্বপ্নের সংমিশ্রণের সমন্বয় ঘটানো। মান্নান সৈয়দ এর কবিতায় আমরা এটিও পেয়েছি দারুণ ও সার্থকভাবে। উদাহরণ হিসেবে তার অনেক কবিতাই উদ্ধৃত করা যায়। যেমন একটি কবিতাংশঃ
"বাতাসে পোতা আছে আমার স্বপ্নের এন্টেনা
কারফ্যু শাসিত চার দেয়ালের মধ্যে বন্দী হ’য়ে আমি আছি
কিন্তু আমার আত্মা হ’য়ে পাখি উড়ছে ঐ
তার ছোট পাতলা ঠোঁটে রাজদণ্ডের মতো ধ’রে আছে।"
(আমার স্বপ্নের এনটেনা, ও সংবেদন ও জলতরঙ্গ)

পরিশেষে বলা যায়, আধুনিক বাংলা সাহিত্যের বর্তমান ভাবধারার উল্লেখযোগ্য শাখাসমূহের অন্যতম একটি হলো পরাবাস্তববাদ। যা উপেক্ষা করা সম্ভব নয়, যদিও দৃষ্টান্তবাদীরা বা চৈতন্যবাদীরা পরাবাস্তববাদের তীব্র সমালোচনা করে থাকেন। যাহোক, আব্দুল মান্নান সৈয়দ আধুনিক কবিতার অন্যতম গবেষক, চর্চাকারী যিনি কবিতাকে নানানভাবে অস্ত্রপাচার করে পরাবাস্তবতার রঙে রাঙিয়েছেন। যা তাঁকে স্বতন্ত্র মহিমায় উদ্ভাসিত করে আজও পরাবাস্তবতার পথিকৃত হিসেবে বাংলা সাহিত্যে অনন্য উচ্চতায় অক্ষুণ্ণ রেখেছে।

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর গ্রিন পলিটিক্স

 সমসাময়িক বৈশ্বিক রাজনীতি গ্রিন পলিটিক্স বা সবুজ রাজনীতি একটি টেকসই আইডোলজি হিসেবে সমাদৃত হচ্ছে।


বাংলাদেশে এটির জনগুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে ভীষণ। মূলধারার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে গ্রিন পলিটিক্সের ভিত্তিগুলোর একটা মেলবন্ধন হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠাসহ পরিবেশ-প্রতিবেশ সংক্রান্ত ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সমন্বয় সাধন বেশ কার্যকর একটা গতি পেতে পারে।


প্রসঙ্গত গ্রিন পলিটিক্স কী? সেটি এখানে একটু উল্লেখ করা যেতে পারে। গ্রিন পলিটিক্স মূলত গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনীতি নির্মাণে এবং টেকসই সামাজিক উন্নয়ন কার্যক্রমে পরিবেশবাদ, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ভিন্নমতের সুরক্ষা এবং অহিংস নীতির উপর ভিত্তি করে পরিশীলিত রাজনৈতিক পরিসর গঠনের কার্যক্রম। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির ধরণ খেয়াল করলে মূল ধারার রাজনীতির সঙ্গে গ্রিন পলিটিক্সের সমন্বয়ের চেষ্টা ও লক্ষণ দেখা যাচ্ছে। বিষয়টি আমাদের নাগরিকদের জন্য যথেষ্ট উদ্দীপকমূলক কল্যাণকর এক্টিভিটিস এবং প্রশংসাযোগ্য নিঃসন্দেহে।


বর্তমান প্রধানমন্ত্রী ও তার দল যখন রাষ্ট্র পরিচালনার ৩১ দফা এবং ইশতেহার ঘোষণা করেছেন সেখানে গ্রিন পলিটিক্সের বিষয়গুলো প্রতিফলিত হয়েছে লক্ষ্য করা যায়।


যেমন- নির্বাচনি ইশতেহারে বিএনপি বলেছে, গ্রামীণ পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করতে চায় বিএনপি। কার্বন ট্রেডিং মার্কেটের এক বিলিয়ন ডলারের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সবুজ অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে চায় দলটি। এসব গাছ রোপণের পর সংরক্ষণের অংশ হিসেবে ট্রি মনিটরিং অ্যাপ চালুর কথা আছে প্রথম ভাগে। এ ছাড়া দ্বীপ ও চরাঞ্চলে বিশেষায়িত ড্রোন ব্যবহার করে বৃক্ষরোপণে কর্মসূচি নেওয়া, শহরগুলোতে পার্ক, ফুটপাত ও খেলার মাঠের পাশে বৃক্ষরোপণের কথা বলছে দলটি। এ ছাড়া শহরের ভবনে ছাদবাগানকে উৎসাহ দিতে কর-প্রণোদনা দেওয়া, ভবন নির্মাণ বিধিমালায় ‘সবুজ পরিমাপক মানদণ্ড’কে যুক্ত করে ভবনগুলোকে গ্রিন সার্টিফিকেশনের আওতায় আনতে চায় বিএনপি। জলবায়ু পরিবর্তন, প্রাণী সম্পদ ও পরিবেশ সংরক্ষণ, বাস্তুসংস্থান রক্ষাসহ পরিবেশ সংক্রান্ত বিস্তর আলাপ আছে।


এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফার দফা ২৯ এ বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। পরিবেশ দূষণ রোধে কঠোর ব্যবস্থা এবং প্রতিরোধের উদ্যোগ গ্রহণ করা হবে।


এসব যে শুধুই আলাপ নয় বরং এ সংক্রান্ত কার্যক্রম স্বয়ং প্রধানমন্ত্রী অংশগ্রহণ করছেন। যা আশাব্যঞ্জক এবং গ্রিন পলিটিক্সের ভিত্তিগুলোর অন্যতম ইস্যুর সঙ্গে সংগতিপূর্ণ।


গ্রিন পলিটিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো, তৃণমূল গণতন্ত্র। স্থানীয় ও তৃণমূল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা। এ সংক্রান্ত দফা ২১ বলা হয়েছে, রাষ্ট্রক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও স্বাধীন ও শক্তিশালী করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদগুলোর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা বাড়িয়ে তাদেরকে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সেবা ও উন্নয়ন কার্যক্রমে কার্যকর ভূমিকা পালনে সমর্থ করা হবে। ফ্যামিলি কার্ড প্রদান তৃণমূল নারী জনগোষ্ঠীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর রাজনৈতিক জনসভায় নিজেকে ‘ফ্যামিলি ম্যান’ হিসেবে উপস্থাপন করাটা তৃণমূল গণতন্ত্র চর্চার সামাজিক ও রাজনৈতিক রূপ বিবেচনাযোগ্য।


সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার জন্য বিকল্পহীন একটি ফ্যাক্টর। ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করা ছাড়া কোনোভাবেই জনকল্যাণমূলক রাষ্ট্র ও রাজনীতি বিনির্মাণ সম্ভব নয়। সামাজিক ন্যায়বিচার কনসেপ্টের নানামুখি বিশ্লেষণ আছে, গ্রিন পলিটিক্সে এটি পরিবেশগত স্বাস্থ্যের সঙ্গে সমতার সংযোগ স্থাপন, সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত করা এবং শান্তি প্রতিষ্ঠা করাকে গুরুত্ব আরোপ করে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য এবং কর্মসূচির বেশ বড় একটি অংশ এই কেন্দ্রিক। বিএনপি নির্বাচনি ইশতেহারে ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তার একাধিক বক্তব্যে বলেছেন, ‘বিএনপি বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।’


জাতি গঠনের রাজনীতির অন্যতম শর্ত জাতীয় ঐক্য। আর জাতীয় ঐক্যের শর্ত অহিংস রাজনৈতিক গণপরিসর নির্মাণ। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনেকগুলো উদ্যোগে অহিংস নীতি লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক হয়রানিমূলক কিছু কর্মকাণ্ড তিনি নিজেই হস্তক্ষেপ করে থামিয়ে দিয়েছেন। এক্ষেত্রে বিএনপির ৩১ দফার দফা ২. সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন। এটি গ্রিন পলিটিক্সের আইডোলজি’র অন্যতম ফোমেটিং কনসেপ্ট। অহিংস রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে টেকসই ভূমিকা নিশ্চিতে দফাটির যথাযথ অনুসরণ আশা করছি আমরা।


পরিশেষে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির সঙ্গে প্রধানমন্ত্রীর গ্রিন পলিটিক্সের আইডোলজি আত্তীকরণের রাজনীতি আমাদের নাগরিকদের জন্য নতুনকরে বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্র গঠনের পথরেখা নিদের্শিত করছে।


অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিক পর্যায়ে যার যার দল-মত-ধর্ম পালনের পাশাপাশি গ্রিন পলিটিক্সের কর্মকাণ্ড পরিচালনার দায়বোধ তৈরি হবে প্রধানমন্ত্রীর দেখানো গ্রিন পলিটিক্সের পথ ধরে। আগামীর বাংলাদেশ হবে সবার জন্য কল্যাণকর এবং কাঙ্ক্ষিত রাজনৈতিক ও প্রাকৃতিক পরিবেশ-প্রতিবেশ বন্ধুতাপূর্ণ।


মূলধারার রাজনীতির পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর গ্রিন পলিটিক্সের সফলতা কামনা করছি।


সাকিব জামাল

লেখক : কবি ও ব্যাংকার

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

প্রবন্ধ:: নভেম্বর এবং জুলাইয়ের পলিটিক্যাল লিগ্যাসি

নভেম্বর এবং জুলাইয়ের রাজনৈতিক যোগসূত্র

------
ঐতিহাসিক সাতই নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং জুলাই গণঅভ্যুত্থানের  রাজনৈতিক যোগসূত্র বা পলিটিক্যাল লিগ্যাসি একইসূত্রে গাঁথা। সাতই নভেম্বর, ১৯৭৫ এর সিপাহী-জনতার বিপ্লবের পলিটিক্যাল ফোর্স আর জুলাই গণঅভ্যুত্থানের পলিটিক্যাল ফোর্স দুটোর অরিজিন একটাই। পার্থক্য শুধু জেনারেশনের।

পচাত্তর এবং চব্বিশ বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ঘটে যাওয়া এই দুইটা ঐতিহাসিক অভ্যুত্থানের পলিটিক্যাল ফোর্সের অরিজিন আসলে কী?

সহজ উত্তর হলো, বাংলাদেশপন্থার রাজনীতির পিপলস পাওয়ার।

নির্মোহভাবে বিশ্লেষণ করলে দেখবেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার কিছুদিনের মধ্যেই বাংলাদেশপন্থার রাজনৈতিক গণপরিসর সংকুচিত হয়ে পড়েছিল। তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্ব একটি প্রতিবেশি দেশের প্রতি এতোটাই নতজানু ছিল, যেন সদ্য স্বাধীন বাংলাদেশ শুধুমাত্র একখণ্ড নিজস্ব ভূমি পেয়েছে যার সার্বভৌমত্ব মূলত প্রতিবেশির দয়ার ভান্ডারে রক্ষিত গণিমতের মাল এবং এই নতজানুতার মাত্রা এতোটাই বেশি ছিল যে, এই দেশের সর্বমহলের জনতা এইটাকে অরক্ষিত স্বাধীনতা যা মূলত পরাধীনতার একটা রূপ মনে করতে শুরু করেছিল তখন। এর সাথে যুক্ত হয়েছিল চরম দুর্নীতি, জনজীবনে মারাত্মক নিরাপত্তাহীনতা, দুর্ভিক্ষ- এইসব পেরিফেরাল ফ্যাক্টর। মুক্তিযুদ্ধের স্বপ্নকে উপেক্ষা করে তখনকার রাজনৈতিক ডোমেইন থেকে ডেমোক্রেসি উদাও হয়ে গেল একটি দলের রাষ্ট্রক্ষমতা দখল রাখার প্রতি লোভের কারণে। সকল প্রকার ভিন্নমত দমন করে চিরস্থায়ী রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে গঠিত হয়েছিল বাকশাল।

এবং এইসব নন-ডেমোক্রেটিক পলিটিক্যাল এক্টিভিটিস,  দুর্নীতি, দুর্ভিক্ষ এবং সার্বভৌমত্ব রক্ষার প্রতি শাসক আওয়ামীলীগের উদাসীনতায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়লে বাংলাদেশের জনগণ বিপ্লবী মোডে চলে যায়। তারা তৎকালীন দালালদের উৎখাতে রাজপথে নেমে আসে বঙ্গোপসাগরের সুনামি হয়ে। অপরদিকে রক্ষীবাহিনী কর্তৃক সেনাবাহিনী ধ্বংসের নীল নকশা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার চেষ্টাকে প্রতিহত করতে সাধারণ সিপাহীরা যুদ্ধাবস্থার মুখোমুখি হয়ে পড়েন। তখন সংগতকারণেই সিপাহী-জনতার ঐক্য হয়ে যায়। নভেম্বরে এইটা মূলত পলিটিক্যাল ফোর্স হিসেবে রূপ নেয়। যেই ফোর্স স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে ঘিরে সার্কুলেটেড হতে থাকে। এবং সর্বশেষ সিপাহী-জনতার বিপ্লবে রূপ নেয় এবং চূড়ান্ত সফলতা অর্জিত হয় যখন জেনারেল জিয়াউর রহমান, বন্দিদশা থেকে মুক্ত হয়ে জনতার জিয়ায় পরিণত হন। রাজনৈতিক গণপরিসরি উদ্ভব ঘটে বাংলাদেশপন্থি রাজনীতির এবং পুনরুদ্ধার হয় বাংলাদেশের ক্ষয়িষ্ণু সার্বভৌমত্ব।

ইতিহাস পাঠে এমনটাই জানতে পেরেছি ছেটোবেলা থেকে। যাহোক ইতিহাসের আলাপ করা আলোচ্য বিষয় নয়, বরং মূলত সাতই নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের পলিটিক্যাল ফোর্সের অরিজিন যে কেবলমাত্র বাংলাদেশপন্থি রাজনৈতিক গণপরিসর বিনির্মাণের লক্ষ্যে উৎসারিত পিপলস পাওয়ার সেটিই মূল আলোচ্য।

এইবার একটু জুলাই গণঅভ্যুত্থানের পলিটিক্যাল ফোর্সের অরিজিন খোঁজখবর করে দেখা যাক!

আমরা নব্বই পরবর্তী প্রজন্ম থেকে বর্তমান জেনজি প্রজন্ম যখন ধীরে ধীরে বড় হতে থাকলাম, প্রাপ্ত বয়স্ক হলাম, এর মাঝে এক দশক কিছুটা গণতান্ত্রিক উত্তরণ লক্ষ্য করেছিলাম বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু কী দুর্ভাগ্য আমাদের, কী দুর্ভাগ্য জাতির! এক/এগারো সরকারের এক্সিট পলিসি'র নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় এসেই সেই আওয়ামীলীগ আবার একাত্তর থেকে পচাত্তরের নীতিতে ফিরে গেল!

আবার অন্ধকার! সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার উৎসব সর্বত্র! শতভাগ পররাষ্ট্রনীতি, বাণিজ্যনীতি হলো প্রতাবেশীর পলিসিনির্ভর। ফলতঃ সীমাহীন দুর্নীতি আর পরোক্ষ দুর্ভিক্ষের কবলে দেশ বিপর্যস্ত হয়ে পড়ে। একইসাথে সার্বভৌমত্ব রক্ষাপন্থিদের গুম, খুন, নির্যাতন চলে অবিরত। নন-ডেমোক্রেটিক রাজনীতিনির্ভর মাফিয়াতন্ত্র গড়ে তোলা হয়। ঠিক যেন একাত্তর থেকে পচাত্তরের রিপিটিশন কিন্তু মাত্রা আরও বেশি, সময় আরও দীর্ঘ। এমতাবস্থায় বাংলাদেশপন্থার রাজনীতি পুনরুদ্ধারে অনিবার্য ছিল জুলাই গণঅভ্যুত্থান। জুলাইয়ে ছাত্রজনতার অভূতপূর্ব ঐক্য হলো। ফ্যাসিবাদের বিদায় ঘটিয়ে এলো বিজয়। তাই স্পষ্টতই, জুলাই গণঅভ্যুত্থানের পলিটিক্যাল ফোর্স ঠিক যেন নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের ফোর্স থেকে নতুনভাবে জেনারেটেড পিপলস পাওয়ারের পুনরুত্থান।


সুতরাং সিপাহী-জনতার বিপ্লব এবং জুলাই গণঅভ্যুত্থানের পলিটিক্যাল লিগ্যাসি পিপলস পাওয়ার যা মূলত বাংলাদেশপন্থি রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মানের আকাঙ্খা। এই লিগ্যাসিকে কখনও ভিলিফাই করলে তখনই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হবে সকল পক্ষকে। বিপন্ন হতে পারে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। তাই কেবলমাত্র স্থায়ীভাবে বাংলাদেশপন্থার রাজনৈতিক ঐক্যই হতে পারে নভেম্বর এবং জুলাইকে অমর এবং অম্লান করে রাখার প্রাগমেটিক মুভ। বাংলাদেশি জনগণের সামষ্টিক স্বপ্ন পূরণের লক্ষ্যে বিপ্লব দীর্ঘজীবি হোক।
------
সাকিব জামাল, কবি ও ব্যাংকার।


বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

সুকান্তের কবিতা: পৃথিবী গড়ার আহ্বান-সাকিব জামাল

সুকান্তের কবিতা: পৃথিবী গড়ার আহ্বান


চির তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য । বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য । তারুণ্যের শক্তি দিয়ে উন্নত শিরে মানুষের মর্যাদার জন্য মানুষকে প্রস্তুত হওয়ার আহ্বান সুকান্তের কবিতায় লক্ষণীয়। মানুষের কল্যাণের জন্য সুকান্ত নিরন্তর নিবেদিত থেকেছেন। তিনি মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে বিদ্রোহের ডাক দিয়েছেন। তার অগ্নিদীপ্ত সৃষ্টি প্রণোদনা দিয়ে সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করতে প্রয়াসী ছিলেন। মানবিক চেতনায় উদ্বুদ্ধ কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা কাব্যধারার প্রচলিত প্রেক্ষাপটকে আমূল বদলে দিতে পেরেছিলেন।এই আধুনিক যুগে কবি সুকান্ত ভট্টাচার্য আরো অধিক গবেষণার দাবী রাখে । সুকান্তের কবিতার বিশ্লেষণে আমি বলতে চাই – এই পৃথিবী যতদিন আছে ততদিনই কবি সুকান্তের কবিতার আবেদন থাকবে ।

বৈশ্বিক কবি সুকান্ত বৈশ্বিক প্রেক্ষাপটে মহৎ সাহিত্যিক হিসেবে প্রায় সব গুণই ধারণ করতেন । কবি সুকান্তের কবিতা বিশ্লেষণে বিষয়টি দিবালোকের মত উন্মোচিত হয় । যাবতীয় শোষণ-বঞ্চনার বিপক্ষে সুকান্তের ছিল দৃঢ় অবস্থান। তিনি তার কবিতার নিপুণ কর্মে দূর করতে চেয়েছেন শ্রেণী বৈষম্য। মানবতার জয়ের জন্য তিনি লড়াকু ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অসুস্থতা অর্থাভাব তাকে কখনো দমিয়ে দেয়নি। মানুষের কল্যাণের জন্য সুকান্ত নিরন্তর নিবেদিত থেকেছেন। তিনি মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে বিদ্রোহের ডাক দিয়েছেন ।
“একটি কথায় ব্যক্ত চেতনা : আকাশে নীল,
দৃষ্টি সেখানে তাইতো পদধ্বনিতে মিল।
সামনে মৃত্যুকবলিত দ্বার,
থাক অরণ্য, থাক না পাহাড়,
ব্যর্থ নোঙর, নদী হব পার, খুঁটি শিথিল।
আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল।।-কবিতা :  আমরা এসেছি”

তার কবিতায় অনাচার ও বৈষ্যমের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ পাঠকদের সংকচিত করে তোলে। গণমানুষের প্রতি গভীর মমতায় প্রকাশ ঘটেছে তাঁর কবিতায়।  অসহায়-নিপীড়িত সর্বহারা মানুষের সুখ, দুঃখ তার কবিতার প্রধান বিষয়। অবহেলিত মানুষের অধিকার আদায়ের স্বার্থে ধনী মহাজন অত্যাচারী প্রভুদের বিরুদ্ধে নজরুলের মতো সুকান্তও ছিলেন সক্রিয়।
“মহাজন ওরা, আমরা ওদের চিনি!
হে খাতক নির্বোধ,
রক্ত দিয়েই সব ঋণ করো শোধ!
শোনো, পৃথিবীর মানুষেরা শোনো,
শোনো স্বদেশের ভাই,
রক্তের বিনিময় হয় হোক
আমরা ওদের চাই।।   কবিতা : জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী ”

সুকান্ত একটি আধুনিক কাব্য ভাষার সৃষ্টি করেছেন। চল্লিশের অন্য কবিদের থেকে তার স্বতন্ত্রতা তিনি গণমানুষের মুক্তি প্রণোদনা সৃষ্টিতে মগ্ন ছিলেন। তাঁর প্রতিবাদী কণ্ঠ সমকাল ও ইতিহাসকে বন্দি করে রেখেছে। দ্রোহের অগ্নিপুরুষ বুকের আগুনে সময়কে তাঁরা আরো শুদ্ধ করে দিয়ে যান। তাই তিনি লেখেন,
‘অবাক পৃথিবী! অবাক করলে তুমি!
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।

…বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে
আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে,’… কবিতা-অনুভব ।

সুকান্তের কবিতা সব ধরনের বাধা-বিপত্তিকে জয় করতে শেখায় । যাপিত জীবনের দুঃখ-যন্ত্রণাকে মোকাবিলা করার সাহস তাঁর কবিতা থেকে পাওয়া যায়। তারুণ্যের শক্তি দিয়ে উন্নত শিরে মানুষের মর্যাদার জন্য মানুষকে প্রস্তুত হওয়ার আহ্বান সুকান্তের কবিতায় লক্ষণীয়। সুকান্তের কবিতা সাহসী করে, উদ্দীপ্ত করে।
“আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-
আঠারো বছর বয়স জানে না কাঁদা। কবিতা : আঠারো বছর বয়স”

অভিনবত্বের চেয়েও প্রকাশ ভঙ্গির বলিষ্ঠতা এবং প্রতিমা নির্মাণের অভিনবত্বের জন্য পাঠক সমাজে অকুণ্ঠ প্রশংসা পেয়েছে | উচ্চতর মানবিক চেতনায় উজ্জীবিত কবি সুকান্ত ভট্টাচার্য সুন্দর, মানবতার, অধিকার ও সমতার পৃথিবীর স্বপ্নে বিভোর ছিলেন । তার অনেক কবিতায় পৃথিবীকে সাজানোর প্রত্যয় এবং প্রয়াস লক্ষণীয় ।

“এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।- কবিতা :   ছাড়পত্র”

বাংলা সাহিত্যে তার এই বৈশ্বিক ভাবনা সকল সংকীর্ণতার উর্ধ্বে । অনেকটা বিশ্বনেতার মত স্বপ্ন কাতুরে । তার কবিতার মত সুন্দর হোক এই পৃথিবী একজন পাঠক হিসেবে এই প্রত্যাশা নিয়ে বেঁচে আছি ।

স্বাধীনতার কবি শামসুর রাহমান-- সাকিব জামাল

স্বাধীনতার কবি শামসুর রাহমান


'স্বাধীনতার কবি' এই বিশেষণটি জড়িয়ে আছেন যিনি, তিনি আমাদের সবার প্রিয়জন কবি শামসুর রাহমান। স্বাধীনতার কবিতা নিয়ে যেকোন ধরনের আলোচনা বা অনুষ্ঠানে মনেপড়ে যায় যেসব কবির কবিতা- তাদের মধ্যে অগ্রগণ্য তিনিই। "স্বাধীনতা তুমি" কবিতা প্রায় সব বাঙালির অন্তরে ভীষণভাবে গ্রথিত হয়ে রয়েছে যা বলার অপেক্ষা রাখে না। স্বাধীনতাপূর্ব থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি অসংখ্য স্বাধীনতার কবিতা, দেশের কবিতা লিখেছেন। এই বিশেষ মাত্রাটি বহুমাত্রিক এই কবির স্বাধীনতার কবি হিসেবে পরিচয়টি মূখ্য করে তুলেছে। আমাদের মত নতুন প্রজন্মও স্বাধীনতার কবি হিসেবে তাকেই চিনেছি। তার কবিতায় স্বধীনতার চিত্র ফুটে উঠেছে ফুল বাগানের নানা ফুলের সমারোহে সাজানো কুসুমকুঞ্জরূপে- যার সৌরভ বাংলা সাহিত্যের পাঠকমহল পাঠক আজও অনুভব করে।  সেই বৈচিত্র্যময় ফুলবন একটু ঘুরে  দেখা যাক।

স্বাধীনতার জন্য আকুতি তার কবিতার অন্যতম উপজীব্য বিষয়। আমরা ছোটবেলায় পড়েছি-  রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতাংশ "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?" সম্ভাবত কেউই চায় না! সেই স্বাধীনতা অর্জন কিন্তু সহজ নয়। কবি শামসুর রাহমানের “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতায় স্বাধীনতার আকুতির ভীষণ পরিনতি লক্ষ্য করা যায়। যেমন এই কবিতাংশ-
“তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
দানবের মত চিৎকার করতে করতে
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।
তুমি আসবে ব’লে, ছাই হলো গ্রামের পর গ্রাম।" এমন ভয়ঙ্কর অবস্থার কথা জেনেও কবি তবু স্বাধীনতাকেই চেয়েছে, বলেছেন-
“এই বাংলায়
তোমাকেই আসতে হবে, হে স্বাধীনতা।“

আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি যুদ্ধ করেছেন কলম দিয়ে। একাত্তরের অবরুদ্ধ বাংলাদেশ তথা বন্দিশিবির থেকে লিখেছেন কালজয়ী কবিতা। সেই কবিতা ছিল মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা, স্বাধীনতার আকুতি ভরা। যেমন-
"স্বাধীনতা শব্দ এত প্রিয় যে আমার
কখনো জানিনি আগে। উঁচিয়ে বন্দুক,
স্বাধীনতা, বাংলাদেশ- এই মতো শব্দ থেকে ওরা
আমাকে বিচ্ছিন্ন করে রাখছে সর্বদা।"(কবিতা:বন্দী শিবির থেকে)  

উল্লেখ্য,২১ জুলাই ১৯৭১ তারিখে কবিতাটি ভারতীয় ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয় ছদ্মনামে। মজলুম আদিব, যার অর্থ নির্যাতিত কবি। বন্দী শিবির থেকে এ কাব্যগ্রন্থটিতে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ, স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। যাহোক, বাঙলি জাতির মনে স্বাধীনতা অর্জনের বাসনা জাগ্রত করেছেন, স্বাধীনতা যুদ্ধে প্রেরণা দিয়েয়েছেন- স্বাধীনতার কবি শামসুর রাহমান।

স্বাধীনতার স্বরূপ উন্মোচনে বিচিত্রতায় ভরপুর তার কবিতা। স্বাধীনতাকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন কবি। কখনো প্রকৃতি, কখনো প্রম, কখনো দ্রোহ, কখনো সাহিত্যরূপে দেখিয়েছেন স্বাধীনতাকে। “স্বাধীনতা তুমি” কবিতাটি যার উজ্জ্বল প্রমাণ। যেমন-
"স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।"এছাড়া স্বাধীনতার পতাকা মানবিকও বটে। আসাদের শার্ট কবিতায় কবি সে কথাও বলেছেন।
"আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখন্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।"
এভাবে নানা চিত্রে, নানা উপমায় স্বাধীনতাকে উপস্থাপন করেছেন কবি শামসুর রাহমান।

স্বাধীনতা অর্জনের পরে তা রক্ষা এবং দেশপ্রেম জাগ্রত রেখে চেতনাসমৃদ্ধ করার আহ্বান আছে তার কবিতায়। “যাত্রা থামাবো না” কবিতায় কবি শামসুর রাহমান বলেছেন-
"এগিয়ে যেতেই চাই। স্থবির আমার চতুর্দিকে
গজিয়ে উঠুক নিত্য দীর্ঘকায়  ঘাস।"

কী দারুন স্বপ্নিক চিন্তা! কিন্তু সে  স্বাধীন দেশে যখন নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক সমস্যা দেখা দেয় সে প্রসঙ্গে  তিনি লিখেন- “উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ” কবিতাসহ বেশ কিছু কবিতা তুলে ধরেন দেশ ও সমাজের অসংগতি। এভাবে স্বাধীনতার চেতার নিরিখে দেশ গড়ার আহ্বান তার কবিতায় ভাস্বর হয়ে ওঠে।

পরিশেষে বলা যায়, স্বাধীনতার তীব্র আকাক্ষা ও প্রত্যাশা, সংগ্রামী প্রবণতা এবং মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় শামসুর রাহমানের কাব্যজগৎ হয়ে উঠেছিল স্বাধীনতার পঙতিমালায় ঐশ্বর্যমন্ডিত। সুতরাং, স্বাধীনতা এবং দেশত্ববোধ নিয়ে বহুমাত্রিক ভবনার কারনে দীর্ঘকালীন সময়ের দৃষ্টান্ত হয়ে থাকবেন 'স্বাধীনতার কবি' কবি শামসুর রাহমান।