ছড়া কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছড়া কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১১ আগস্ট, ২০২৫

প্রাক্তন নীড়

প্রাক্তন নীড়

সাকিব জামাল


গ্রামে; সন্ধ্যা নামার রঙে

যতোটুকু দুঃখ মিশে থাকে আমার

সিকিভাগ তার, যদি জমা নাও তুমি
তবেই প্রিয়তমা; হবো না আর
অন্যপথের যাত্রী। প্রাক্তন নীড়ে-
ফিরে ফের গড়বো বসতি।

স্বাক্ষী দিগন্তরেখা।

বিষাদরঙ ভেঙে;
চরাচরের পাখিদের সাথে মিশে যাবো।
একাকীত্ব দিবো বিসর্জন! তুমি
ধরবে মিলনের গান, নিস্তব্ধ রাতে
এই ডালে, ওই ডালে;
জোনাকিদের আলোকসজ্জায়
মাতাল নৈসর্গিক প্রেমে!

আহ্! সন্ধ্যায়, প্রতিটি সন্ধ্যায়-
ফিরি প্রাক্তন নীড়ে; মন চায়,
অথচ ফেরা হয় না আর!

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

নানা বাড়ি

 

নানা বাড়ি

- সাকিব জামাল

গ্রাম দেশে নানা বাড়ি
বেড়াতে যাই চলো,
এমন সুন্দর আনন্দ ভারি
আর কী আছে বলো!
আছে ফুল আছে ফল
পুকুর ভরা মাছ,
সবুজে ঘেরা গ্রাম মাঝে
দারুণ ধান গাছ!
নানান পশুর ঘোরাঘুরি
আর পাখির কলরব,
নদীর জল টলমল
ভালো লাগে সব।
ভীষণ মিশুক গায়ের লোক
সরলতার ছবি আঁকা
শহরের মতো নেই সেখানে
একলা একা থাকা।
তুমিও কি যাবে নাকি
আমার নানা বাড়ি?
চলো বন্ধু, বেড়িয়ে আসি,
যাই সুখের বলিহারি!

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

তিরিং বিরিং ঘাসফড়িং

 

তিরিং বিরিং ঘাসফড়িং

সাকিব জামাল

নম্র-ভদ্র ঘাসফুল আর
          তিরিং বিরিং ঘাসফড়িং
বন্ধুতা হলো দুজনে-
         কোন এক বৃষ্টির দিন!


আতি দুষ্ট ঘাসফড়িং শুধু
             ঘাসফুলকে জ্বালায়,
ফুলের দিকে করে না খেয়াল
           উল্টা-পাল্টা লাফায়।


বন্ধু ভেবে ঘাসফুল বলে,
          "মেতো না খুব বেশি
পরে গেলো কষ্ট পাবে,
          থেমে যাবে সবখুশি!"


শুনলো না ঘাসফড়িং-
                 বন্ধু'র সে কথা,
পা পিছলে চিৎপটাং-
                পেল খুব ব্যথা।


দুঃখে শোকে ঘাসফড়িং বলে,
             "উহ্,আহ্, 'মা'... রে
না-শুনলে বন্ধুর কথা
              বিপদ ঠিকই বাড়ে!"

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

জাতীয় পশু

 

জাতীয় পশু

- সাকিব জামাল

বাংলাদেশের জাতীয় পশু-
রয়েল বেঙ্গল টাইগার,
মাথা উঁচিয়ে চলে সদা-  
সুন্দরবনে বাড়ি তার।


হলদে-কালো ডোরা কাটা
বনের রাজা বাঘের গায়,
হালুম হালুম ডাকলে পরে
অন্য পশুরা ভয় পায়।  


শক্তির প্রতীক, সাহসের প্রতীক
বাঙালি জাতির মতো,
আদর করে 'বাঘ মামা' ডাকি,
ভয় পাইনা ততো!

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

ঋতুরানি শরৎ

 

ঋতুরানি শরৎ

সাকিব জামাল

এসেছে শরৎ,         সোনালী রোদ-
      সাদামেঘ ওড়ে আকাশে,
কাশবন দোলে,         শাপলা নাঁচে,
       দখিনের মিষ্টি বাতাসে।
শিউলি তলা         শিশির ভেজা
       দারুণ সুবাস ফুলবনে,
নদীর জল             শান্ত-সুশীতল
     আনন্দ জাগায় বেশ মনে!
ঋতুরানি শরৎ       আপরূপা ভীষণ
      বাংলা মায়ের এই বুকে,
পরশে তার,             হৃদয় সবার-
         মেতে ওঠে খুব সুখে।

মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০

মুজিববর্ষে পণ

মুজিববর্ষে পণ


বাংলার স্বাধীনতা
লালসবুজ পতাকা
             এনে দিলেন যিনি,
তাঁকে স্মরণে
হৃদয়ে বরণে
               আমরা চিরঋণী।

মুজিববর্ষে আমরা সবাই
     তাই করেছি পণ,
তাঁর আদর্শ করবো পালন
      সারাটি জীবন।

সোমবার, ২০ জানুয়ারি, ২০২০

অনেক বড় হবো

অনেক বড় হবো

- সাকিব জামাল

কথা দিলাম মাগো তোমায়
অনেক বড় হবো,
তোমার স্বপ্ন পুরণ করে
সুখপাখি এনে দেবো।

দু:খ-কষ্ট হবে বিলীন
দেখো, তুমি মা!
হাসির বন্যা বইবে সেদিন
কান্না করো না।

এবার একটু হাসো তুমি
আমায় কোলে নিয়ে,
আমায় দোয়া করো তুমি
আলতো চুমো দিয়ে।

বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০

একটু হাসো সূর্যমামা

একটু হাসো সূর্যমামা

- সাকিব জামাল

সূর্যমামা, সূর্যমামা
বেড়াতে তুমি আসো,
পায়েস দিবো, পিঠা দিবো
একটু মুচকি হাসো!
শীতে কাবু, জবুথবু
কুয়াশায় ঢেকেছে সব,
ভালোবেসে হাসলে তুমি
হবে মুখর কলরব।

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০

ঘুমের পরি

ঘুমের পরি

আকাশ থেকে ঘুমের পরি-
এখনই এসো নেমে,
সোনামণিকে ঘুম দিয়ে যাও
কান্না যাক থেমে।
ঘুমের দেশে ফুল বাগানে
সোনামণি করবে খেলা,
সুখের রাজ্যে আনন্দে ভাসবে
সোনামণি রাতের বেলা।
কোরোনা দেরি ঘুমের পরি
তাড়তাড়ি কাছে আসো,
মা'র মতো আদর সোহাগে
সোনামণিকে ভালোবাসো।
ঘুমের পরি এসে বলে,
"জেগে থেকোনা আর!
শুভরাত্রি, আমার সোনামণি,
নাও ঘুম উপহার।"


মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

সান্তাক্লোজের উপহার

সান্তাক্লোজের উপহার


সান্তাক্লোজ, সান্তাক্লোজ
কি এনেছো বলো?
উঠলো হেসে ভালোবেসে
বড়দিনের আলো।

তোমার কাছে একটি চাওয়া
দাও বাঁশি উপহার।
তুলবো সুর সেই বাঁশিতে-
মানুষ ভালোবাসার।।

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

ক্যাসিনোর আসল চাল

ক্যাশ আনো, উড়িয়ে দাও, ফতুর হও! চলে খেলা-
হেলাফেলায় ছলের নেশায় ডুবে মরো সারাবেলা।
আগুনের পাশে পোকার মতো ঘোরে থাকো রাতদিন,
জানটা যাবে, মানটা যাবে, টের পাবে না কোনদিন!
নেশা শেষে পেশা হবে, ভুলে যাবে বাকি সব,
টাকার খোঁজে চরিত্র যাবে, কণ্ঠে আসবে বাজে রব।
দিন দিন সবে দূরে যাবে, বলবে মুখে ছি ছি ছি,
ক্যাসিনোর মেশিন বলো- টাকা ছাড়া চেনে কি?
টাকা শেষ, তুমি শেষ, মাঝ দিয়ে নষ্ট জীবনকাল।
ক্যাসিনো, জুয়া খেলায়- এটিই হলো আসল চাল!!!

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

বাবা-মেয়ে ছড়ালাপ

মেয়েঃ          আমার বাবা মিস্টি বাবা,
                        আমার বাবা ভালো ।।
বাবাঃ           তুমি আমার সোনামনি,
                      আঁধার রাতের আলো ।।

মেয়েঃ         সুখে দুখে বাবা তুমি,
                            আমার বটের ছায়া ।।
বাবাঃ          তুমি আমার নয়নমনি,
                           আমার মায়ের মায়া ।।

খুকুমনির শরৎ

শরৎ এলো বলে-
কাশবন দোলে,
           খুকুমনির কানে যেমন-
           দোলে কানের দুল।
নীল আকাশে,
সেই আনন্দে,
           ফুটেছে দারুন-
                সাদা মেঘের ফুল।
নীল-সাদা পোশাকে
যেমন সাজে খুকুমনি!
তেমনই সুন্দর আজ-
শরতের রূপের খনি!

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

আমি হবো নভোচারী

আমি হবো-

               এক নভোচারী,
চাদের দেশে-
          আমি দেবো  পাড়ি।
গবেষণা আমি-
               করবো সেথায়,
কি করে চাদ-
               আলো বিলায়?
কী দারুন-
              ঐ চাদের হাসি!
তাইতো আমি-
              এই স্বপ্নে ভাসি।

রবিবার, ৩ মার্চ, ২০১৯

হাসুমনির গল্প শুনে

হাসুমনির গল্প শুনি
আমার মায়ের মূখে,
সে গল্প শুনে মন-
ভাসে সুখে দুখে ।
পেরিয়ে সব বাধা -
টুঙ্গিপাড়ার ঐ মেয়ে,
হলো বিশ্বনেতা আজ-
দেখি অবাক চেয়ে!
হাসুমনির গল্প শুনে-
করেছি আমি পণ,
আকাশ সমান স্বপ্ন-
আমি দেখবো এখন!

মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯

অদল বদল

হাতি, ঘোড়া আকাশ চরে-
যায়না তারা জলের তল!
গাধার দল বলতেই পারে-
মেপে দেখি কতো জল!!
এসব নিয়ে শ্লেষ করার-
দিন হয়েছে কবেই শেষ!
আদা আসে জাহাজ করে-
সবার খবরে দেশ বিদেশ!!
প্রবাদ পাল্টে হয়েছে  প্রলাপ-
নেই কেউ বোকা, ভাঁড়!
সময় বুঝে থলের বিড়াল- 
ম্যাঁও বলে দেয় চিৎকার!!
এখনও যেসব পন্ডিত মশাই-
বাজাও পুরানো সুরে বাঁশি!
মনে রাখো হিসেব করেই-
হবে অদল-বদল হাসি!!

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

বিজয় ফুল

বিজয় ফুল

সাকিব জামাল
আয় বন্ধু খুশি মনে-
ইশকুলেতে যাই,
ইশকুলেতে গিয়ে মোরা
'বিজয় ফুল' বানাই।

বিজয় ফুলের মানে-
এসো, তুমি আমি জানি,
ছয় পাঁপড়ি মানে ছয় দফা,
মাঝে- উজ্জ্বল ৭ মার্চ খানি।

'বিজয় ফুল' পরি বুকে-
মুক্তিযুদ্ধের চেতনায়,
বঙ্গবন্ধুর সোনার বাংলা-
গড়ে তোলার বাসনায়।

বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

দুষ্ট মনে ইচ্ছে করে

দুষ্ট মনে ইচ্ছে করে-
কোকিল হয়ে বনে বনে উড়ি
কুহু কুহু সুরে ডেকে,
গাছে গাছে প্রাণ খূলে ঘুরি ।


শুনবে সব বন্ধু আজ-
আমার গান ভীষণ খুশি মনে
তাইতো মোর মন ছুটেছে
ফুলে রাঙা বসন্ত বনে ।


মন আজ বাধা ভুলে-
গড়েছে  প্রকৃতির সাথে মিতালী,
তাই আমি স্বাধীন সুরে-
গাইছি আজ বাধনহারা গীতালি!