বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

প্রেম অথবা এনার্জি ম্যাটার্স

 

প্রেম অথবা এনার্জি ম্যাটার্স

নীল আকাশে রাস্তায় রাস্তায়-
আমি, শান্ত স্যাপিয়েন্স, হেঁটে চলছি একা।
আশা ছিলো, বেদনার রঙে-
আর কখনোই গল্প করবে না নক্ষত্রফুলের দল!
অথচ দেখি, প্রশান্ত মহাসাগর থেকে গোল্ডিলকস্ জোন
আজ কাঁপে- বিরহের তাপে!
হয়তো অদ্ভুত আশ্চর্য নিয়ে-
পৃথিবীর স্ববিরোধী এনার্জি কনজামশন,
দেখতে ছুটে আসে-
কিছু কিছু এলিয়েন মন!
আঁধার রাতের প্রত্যক্ষদর্শী পাইলটেরা,
স্বাক্ষ্য দিয়েছে ম্যাগাজিনের পাতায় পাতায়।
যুদ্ধকালে, ভাঙা প্রেমের দুঃখবোধঃ
ইউনিভার্স কিংবা মাল্টিভার্স জুড়ে ছড়িয়ে যায়!


বৃষ্টি নামে বৃহস্পতিবার

 

বৃষ্টি নামে বৃহস্পতিবার

বিকেল থেকেই আনন্দে নাঁচে একটি কর্মজীবী ভ্রমর!
প্রিয় ফুলটি তার- থাকে গ্রামে। ভাবে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে-
পৌঁছেই দিবে চকলেটে কামড়!
          ফুলটি সপ্তাহ জুড়ে একটু একটু করে ফোটে,
          মনে খেলা করে- লজ্জা আর অভিমান!
          ফিসফিস করে কথা কয়,
          "আও কালাচাঁন, আও। তয়, দিমু না মুই-
          এইবার আর লাল খিলিপান!"
অথচ, কী আশ্চর্য কেরামতি বৃহস্পতিবার রাতের-
শেষমেশ বৃষ্টিই নামে!


নির্জন রাতের সৌরভে

 

নির্জন রাতের সৌরভে

- 

নির্জন রাতের সৌরভে-
আমাকে একলা করি আমি! হেটে চলি-
প্রান্তিক পৃথিবীর পথে। পাশে যার হোগলা বন,
ফুটে থাকে মায়াবী জোনাকীর ফুলে।  
নদীর জলে ডুবে থাকা-
একটি চাঁদের সাথে করি যৌথ স্নান!
তারপর, আঁধারে, বসি-
স্নিগ্ধ ধ্যানে সবুজ শাড়ির বুকে! প্রশান্ত প্রাঙ্গণে।  
মহাশূণ্য তখন ভীষণকরে পূর্ণ হয়ে যায়-
তোমার ভালোবাসায়!


শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

দুঃখতমা

 

দুঃখতমা

দুঃখতমা, কেন তুমি আমাকে এত্তো ভালোবাসো?


তোমার প্রেমে মাতাল আমি-
আমার প্রাক্তন সুখ-প্রেমিকাদের মনেই রাখি না।
তারা যেন সবাই-
তোমার ঠোঁটে হালকা রঙের লিপস্টিক,
জীবন, একটু চুমু খেতেই হারিয়ে যায়!
আর ফিরে আসে না। জোছনা শেষের গানে-
অমাবস্যার ফুল ফুটে ওঠে চারদিক!
আমি তোমাকেই ফের জড়িয়ে ধরি- অদ্ভুত মায়ায়!


দুঃখতমা, আমাকে কী আরেকটু কম ভালোবাসা যায় না!


লালনিক রেইন

 

লালনিক রেইন

কুসুম গরম মেঘলা দিনে-
শারদীয় শুদ্ধজল নামবার ক্ষণে, কাছে এসো, লালনিয়া।
আঙুলে আঙুল ধরো। ঠোঁটে ঠোঁট বাঁধো।
সভ্যতার জীয়নকাঠির বৈঠায়-
বাইতে দাও নাও, উজানে!
বৃষ্টি নামুক- মহাজাগতিক সৌরভে।
আর, আমাদের মস্তিষ্কজুড়ে ফুটুক-
পবিত্র পদ্মফুল, বিরামহীন।