শনিবার, ২৫ জুন, ২০২২

প্রথম কদম

 প্রথম কদম

- সাকিব জামাল


পৃথিবীর প্রথম কদম ফুটেছিল আদমের বুকে।

কে না-জানে, বিরহ জলে-

মেঘ করে মন আকাশে! নামে বর্ষাকাল-

হৃদয়ের গহীনে। পুরুষ পাতার জমিনে,

একলা বাউলের গেরুয়া রঙে- 

ফোটে কদম ফুল। প্রিয়তমা'র মুখ!

মিলনের আহ্বানে-

অপেক্ষার ঘ্রাণ, রেণুময় বাতাসে- 

ভেসে চলে রিমঝিম সুরে। হাওয়ার ঘরে!

পৃথিবীর প্রথম কদম ফুটেছিল আদমের বুকে।

বাবাহীন বাবা দিবস

 বাবাহীন বাবা দিবস

- সাকিব জামাল


বাবা দিবসে-

বাবাহীনে, আমার বিষাদে কাটে দিন,

হৃদয়জুড়ে সপ্তসুরে বাজে বেদনার বীণ।



জীবনের আলপথে-

নেই আজ বটবৃক্ষ কোনও,

ছায়াহীন, মায়াহীন- 

তপ্ত দুপুর সারাক্ষণ যেন, 

হেঁটে চলি- স্নেহের স্পর্শ ছাড়া!



বিরামহীন দীর্ঘশ্বাসে- 

বাতাসে বয়ে চলে শনশন কান্নার গান,

কেউ শোনে না!

ফিসফিস করে বলি, ওরে মহাপ্রাণ,

ভালো থেকো- আমার নীল আকাশের তারা!

শুক্রবার, ১৭ জুন, ২০২২

বর্ষাবাউল

 বর্ষাবাউল

- সাকিব জামাল


পাতার আড়ালে-

পিঠে পিঠ লাগিয়ে ফোটে প্রথম কদম,

যুগপৎ বর্ষানন্দে!

ধীরে ধীরে, সিনায় সিনায় অসীম দরিয়ায়-

ডুবে যায় মন।



জারণ-বিজারণঃ মিষ্টি রসায়ন।



অতঃপর সুখে, সিক্ত সাধনে-

মেলে বাউল পরম!

হেজিমনি

 হেজিমনি

- সাকিব জামাল


কারণ, কৌশলগত!

এই আছে এই নেই- তাদের প্রেম। 

তবুও, মিডিয়া পাড়ায়-

গুঞ্জন রাখে ধরে,

সম্পর্কের উষ্ণতা- অনন্য উচ্চতায় এখন!

গ্লোবালাইজেশন বলে একটি কথা আছে না!

মূলত, ইন্ডিভিজুয়ালিস্টিক, কী করে বলে?

ন্যাশনালিজম ফার্স্ট, কী করে বলে?

মানবাধিকার ফেইক মিথ, কী করে বলে?

পাবলিক পলিসির প্রলেপে-

লুকিয়ে রেখে স্বরূপ, 

চরিত্র প্রকাশ করে ইমিটেশনে- 

চকচকে বৈশ্বিক!

ঐ দেখো মৃত্যু, পাখি হয়ে উড়ে যায়!

 ঐ দেখো মৃত্যু, পাখি হয়ে উড়ে যায়!

- সাকিব জামাল


ঐ দেখো মৃত্যু, পাখি হয়ে উড়ে যায়!


আগুনে পুড়ে, জলে ডুবে

অথবা সড়কে দুর্ঘটনায়,

ঐ দেখো মৃত্যু, পাখি হয়ে উড়ে যায়!


কষ্ট কূজনঃ কেউ শোনে না তার।

দুঃখ ভুবনঃ কেউ বোঝে না তার।


অভিমানে, নীড় পানে-

আর ফিরে না-তাঁকায়!

ঐ দেখো মৃত্যু, পাখি হয়ে উড়ে যায়!



আকাশ নীলে- 

হারিয়ে গিয়ে বলে,

অনাকাঙ্খিত মৃত্যু যেন না-হয় কারো। ভালো থেকো!

শেষের সুখে-

ভাগ্য হোক সবার- ঘুমিয়ে পড়ার, মাটির বুকে!