সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বিরহ বিলাস

 বিরহ বিলাস!

- সাকিব জামাল


নীড়হারা পাখিদের সাথে,

বিরহের উৎসবে শামিল হবো বলে-

রাত জেগে থাকি, একা!

ধীরে ধীরে রাত, একাকীত্বের স্পর্শে- 

উত্তেজিত হয়! আসে জোনাকির দল।

পাখিরা জলসা বসায় আমার ঘরে।

বিধবা নারীর মতো নিজেকে ভেঙেচুরে- 

সময় গভীর হয়। তারপর, 

গাঢ় আঁধারে, দুঃখতমা'র হাতে-

শরাব পানে তুমুল মাতাল হই আমি!

-------

কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।

ভিন্নরকমের ভিনাস্ট্রাফোবিয়া

 ভিন্নরকমের ভিনাস্ট্রাফোবিয়া

- সাকিব জামাল


অথচ কেবল তুমি সামনে এলে, ভিনাস্ট্রাফোবিয়ায়-

আমি ভুগি সাইকোলজিকাল অ্যাফাসিয়ায়!

মনের কথা মনে থাকে, মস্তিষ্কজুড়ে- 

শুধু কল্পনার কোলাজ ঘুরপাক খায়।



একদিনের কথা বলি...



আমাদের দেখা হয়েছিল, অলস বৃষ্টির দুপুরে।

হতে পারতো তুমুল কথার উৎসব!

কিন্তু সবকিছু ভুলে, আমি ডুবেছিলাম-

যুগল গানে ময়ূরীর মায়াবী নাচে।

কদমফুল ঢেকে রাখা পাতার খাঁজে।

টিনএইজ ডাহুকদের লুকিয়ে যাওয়া বনে!



কতো স্বপ্ন, কতো প্রেম, কতো সঙ্গমচিত্র

আমাদের চোখের সামনে ছিল, 

তবুও মুখ খোলেনি- আমার চুপকথারা!

শরাবান তহুরা

 শরাবান তহুরা

- সাকিব জামাল


আমি চাতক এক, তৃষ্ণার্ত ভীষণ!

তোমার কাছে যে নহরসব আছে, প্রিয়তমা, 

সেখানে করো বৃষ্টির আয়োজন।

সেই শরাবে চুমুকে চুমুকে-

মাতাল হয়ে আমি বাঁচি কিছুক্ষণ!

তারপর, না-হয় তোমার জলসা ঘরে,

ইচ্ছেখুশি পাশা খেলো। বাজি থাকলো- 

আমার লালন সাঁইজি'র মন!

প্রেমঃ ওভার দ্য পিরিয়ড, দীর্ঘশ্বাস!

 প্রেমঃ ওভার দ্য পিরিয়ড, দীর্ঘশ্বাস!

- সাকিব জামাল


বোধকরি, প্রেমেও আছে অ্যামরটাইজেশন!

যদি এসেট ধরি, সমপরিমাণ লায়াবেলিটিও থাকার কথা।

ক্ষণে ক্ষণে তাই বিরহ জমে মনে,

ক্ষয়ে ক্ষয়ে যায় প্রেম। 

বয়ে যায় যুগল ঢেউ, স্রোতহীনতার মোহনায়-

একাকীত্বের তুমুল আয়োজনে।

ওভার দ্য পিরিয়ড, দীর্ঘশ্বাস।

উদ্বাস্তু বুকে চলে ফের একেলা পাখির কীর্তন!

------

কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।

প্রতিনায়ক

 প্রতিনায়ক

- সাকিব জামাল


রোদফাটা আকাশে আমার, মেঘের ভাসান হও তুমি প্রিয়। 

ফোটাও বৃষ্টিফুল! ভীষণ ব্যাকুল মন ভেসে ভেসে যাক  

বেহুলার কোলে- জলের গানে গানে। 

প্রাণে লুকানো বিরহের নীলপদ্ম,  

ক্লান্ত জনম যার, তার বাসরে নেচে উঠুক দ্রোহ মুকুল

ভেলার বুকে জ্বলুক বজ্রমুষ্টিবদ্ধ জীবনের জয়- প্রেমে।

মনসা নত হোক প্রতিনায়কের বৈজ্ঞানিক কৌশলে!