এক রুমের বাসা খুঁজছি
আমি আর আমি থাকবো একা!
আমার সাথে কথা কবো
গান গাইবো,
করবো ঘূর্ণিনাচ।
নিজের সাথে নিজের হবে দেখা,
বলবো মন, বাঁচ।
আনন্দে বাঁচ। ভীষণকরে বাঁচ!
ফড়িংজনম
- সাকিব জামাল
তবুও জাদুবাস্তবতাময় এই টুকরো জনমে
ক্ষণকালের এক ক্লান্ত ফড়িং আমি!
কখনও কখনও ডানা ভেঙে যায়,
তোমার উপেক্ষার মায়াহীন ঝড়ে।
অথচ শিশির গলে যাওয়া ভোরে-
তুমি নেচে ওঠো ঘাসফুল, আমায় ভুলে!
সূর্য, আলোটুকু তোমাকেই দেয়।
অথৈ অন্ধকার একান্ত আমার হয়ে থাকে।
মবজাস্টিস
- সাকিব জামাল
ধুলোবালি চোখে দিয়ে, অনেকেই
চশমা খুলে রেখে, এখন
ক্লিয়ার দেখছি সব!
বয়ানে বলে যাই জাস্টিস, জাস্টিস
আসলে জাস্টিস নয়, ওসব
অমানবিক মব!
কবে পানির ছিটা দেবো চোখে
জ্বলজ্বল টলমল হয়ে
উঠবে সবার দৃষ্টি?
মবতন্ত্র নয়, আইনের শাসনে
হবে বিচারসমস্ত। মনজগতে হবে
শুদ্ধতার বৃষ্টি!
কবে?
আচ্ছা!
একচুয়ালি কবে?
দেশটা আমার, মানবিক বাংলাদেশ হবে?
রুখে দাও চাঁদাবাজ
- সাকিব জামাল
জাগো বাংলাদেশ জাগো
রুখে দাও চাঁদাবাজ,
এই দেশেতে হবে না আর
দুর্বৃত্তদের রাজ।
যখন যেখানে চাঁদাবাজি
প্রতিবাদ করো সবে,
দেশের মানুষ তবেই তো
সুখে-শান্তিতে রবে।
এটাই এখন ঈমানের দাবি
করা যাবে না হেলা,
ঠেকাতে হবে মানুষ নিয়ে
ঘৃণিত এই খেলা।
চাঁদাবাজমুক্ত বাংলাদেশ
গড়বোই গড়বো এবার,
দল-মত নির্বিশেষে-
এসো করি অঙ্গীকার।
কড়াই
- সাকিব জামাল
প্রেক্ষিত অতীত! আপাত বন্ধু'র মাথায় অতিবেশি তেল দিলে হেয়ার স্টাইল নষ্ট হয়ে যায় তার। হেয়ার স্টাইল নষ্ট হলে স্বভাবতই চেহারা-সুরত হয় পরিবর্তন। সেই চেহারা, সেই সুরত একসময় আয়নায় পরে অলক্ষ্যে। বন্ধু নয় বরং সকল অতীত সামনে এসে দাড়ায় তখন, বর্তমান ভুলিয়ে দেয়। ভবিষ্যত হয় এলোমেলো!
এই কৌশলে বুদ্ধিমান শত্রুরা তার ভবিষ্যত রাখে ধরে, অতীতে ঠেলে দেয় আমাদের, ব্যস্ত রাখে ক্ষণিকের মোহে। পরে আবার মিলেমিশে সবাই ভাঙারির দোকান থেকে ফেরত আনে ছুড়ে ফেলা কড়াই। ফের জ্বলন্ত উনুনে ওঠে-নামে কড়াই, ওঠে-নামে সময়। পুরোনো বৃত্তেই ঘুরপাক খাই আমরা, আনন্দে অথবা বেদনায়!
সামনে আর আগানো হয় না দেশের...
নূরনয়না
- সাকিব জামাল
নূরনয়না, আমার দিকে তাঁকাও
আমি জ্বলে যাই, পুড়ে যাই-
তোমার মহব্বতে।
ভস্ম হই! ক্লান্তিহীন ফিনিক্স পাখি হয়ে
ডাকাডাকি করবো আবার
তাহাজ্জুদকালে।
পবিত্র নহর বয়ে দিও তুমি, তখন
মন বিদীর্ণ হোক আমার, পরিশুদ্ধ হোক
কলব। করে নিও
একান্ত মুহিব্বি তোমার।
'কুন ফাইয়াকুন' পূর্ণ একীনে;
অপেক্ষার দু'চোখে সুরমা লাগাই আজ!
দূরত্ব
- সাকিব জামাল
বহুদিন, বেশ বহুদিন...
চোখ রাখা হয়নি তোমার চোখে!
কপালের টিপ আজ
নেই মাঝ বরাবর ঠিক; একটু একপেশে।
কথাগুলো নেই সহজ সরল,
সরল নেই চোখের চাহনি।
বাসনায় বদলে যাও, আপত্তি নেই!
তবু প্রেমকে এঁকো না তুমি,
অনাকাঙ্খিত বক্ররেখায়।
এই শংকায়, আশংকায়-
সকল দূরত্ব মানতে রাজি আছি!