শনিবার, ২৯ জুন, ২০২৪

আজব হাওয়া'র ঘর

  আজব হাওয়া'র ঘর

- সাকিব জামাল


পৃথিবীতে প্রথমে আদম 

হাওয়া আইলো পরে, 

এখন আদম জন্ম লয় 

আজব হাওয়া'র ঘরে! 


খালি চোখে বুঝবি না মন 

অপূর্ব এই কুদরতি, 

কোন নিগূঢ় রহস্য খেলায় 

নারী হইল মহামতি? 


সময় কাটার উজান ধরে 

দেখো না মন তাওয়াফ করে 

ভাগ্যগুনে মেলে মনের মানুষ 

মহামতি'র কৃপা তরে! 


শোনো, এই মহা খেলায়- 

আছে জয় আছে যে লয়! 

সাবধানে তাই চালাও তরি 

নারীর ঐ সাধন ঘরে!

সুন্দরীতমা, গাও বৃষ্টিভেজার গান

 সুন্দরীতমা, গাও বৃষ্টিভেজার গান

- সাকিব জামাল


আহা, রাত্রির মাঝামাঝি, 

মেঘ ভেঙেছে মান। 

এসো সুন্দরীতমা এসো, 

গাও বৃষ্টিভেজার গান! 


পাতার আড়ালে কেটে যাক 

আজ কদম ফুলের লাজ, 

কবিকুঞ্জে তবলার তালে তালে 

চলুক নিশীথের কারুকাজ! 

মিশে থাক পরানে পরানে- 

পরাগের প্রিয় ঘ্রাণ। 

এসো সুন্দরীতমা এসো, 

গাও বৃষ্টিভেজার গান।। 


তারপর, জামদানির আঁচলে- 

রাত্রির শেষভাগ, তোমার ভেজা চুল 

উষ্ণ চায়ের কাপ, কবিতার বই 

হৃদয়ের কথায় ব্যাকুল। 

তোমার জন্যে সম্প্রদান কারকে 

তখন আমায় করি দান! 

এসো সুন্দরীতমা এসো, 

গাও বৃষ্টিভেজার গান।

কেউ তো আসেনি কাছে

 কেউ তো আসেনি কাছে

- সাকিব জামাল


কেউ তো আসেনি কাছে! 

তবে পাশাপাশি অনেকে হেটেছেন 

হাত ধরেছেন স্বল্প সময়ের সঙ্গে 

কথা বলেছেন, অঙ্গীকার করেছেন 

ভালো বাসবেন বলে। 

আমি অথবা আমরা 

অথবা আমাদের হৃদয়পুর 

আনন্দিত হয়েছিলো, এই ভেবে- 

প্রেমের নাও বুঝি চলবে এবার 

দ্রুত গতিতে না হোক স্থবিরতা হয়তো 

ভেঙে যাবে কিছুটা- সুশাসনের স্রোতে। 

অথচ সময় কেটে গেল, গুরুত্বপূর্ণ বাহাসে 

প্রিয়তম কমরেড, নির্বাক হয়ে গেলেন। 

আবারও ঘরে ফিরে গেলাম- 

ভালোবাসা হীনতায়। 

কেউ তো আসেনি কাছে!

শনিবার, ১৫ জুন, ২০২৪

দেখা দাও পারিন্দা আমার

 দেখা দাও পারিন্দা আমার

- সাকিব জামাল


জলগঙ্গায় নাঁচে পদ্মফুল আপন সৌরভে। 

কলির বিসর্জনে চাঁদ পূর্ণরূপ যেদিন 

কথা ছিল সেদিন হবে বসন্ত আমাদের! 

অথচ বিচ্ছেদে ঘূর্ণিরত দেহ এখনও, 

ক্লান্তি নামে যখন নুয়ে পড়া 

এই মাটির বুকে প্রেম জাগে ভীষণ! 

ডাকি তোমাকে, বিরামহীন। 

পারিন্দা আমার, নৈঃশব্দ্য আর সহে না পরানে, 

প্রবাহিত ঝর্ণার স্রোতে নিভিয়ে দাও- 

হৃদয়ে বয়ে বেড়ানো জাহান্নামের আগুন!

ব্রেকআপ

 ব্রেকআপ

- সাকিব জামাল


বুক কেঁপে উঠলো। চুরমার হয়ে গেলাম আমি। রিখটার স্কেল টেরই পেলো না! 

অতঃপর দীর্ঘশ্বাসের তীব্রতায়- 

চোখে নিরব জলোচ্ছাস। সুনামি রাতভর। দিন কেটে যায়, কোনও সুখবরের পূর্বাভাসহীন...

মেঘ হবো

 মেঘ হবো

- সাকিব জামাল


ইচ্ছে আমার, মেঘ হয়ে- 

আকাশপাড়ায় উড়বো, 

দহনকালের দিনে-রাতে 

বৃষ্টি হয়ে ঝরবো। 

আমায় তখন ছুঁয়ে দেবে 

ভালোবেসে সবাই, 

গ্রীষ্মতাপে তাইতো আমি 

বর্ষার গান গাই।