শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

সবার আগে বাংলাদেশ

 সবার আগে বাংলাদেশ

- সাকিব জামাল


   মা আমার বাংলাদেশি 

বাবাও এই মাটিরই লোক, 

বাংলাদেশি জাতীয়তাবাদ 

  আমার পরিচয় হোক। 


এই দেশের মাটি ও মানুষ 

সুখ আমার, আমার বেদনা! 

"সবার আগে বাংলাদেশ" 

   এটাই আমার চেতনা।

শব-ই-বরাতের প্রার্থনা

 শব-ই-বরাতের প্রার্থনা

- সাকিব জামাল


জেগে জেগে রাত           করো মোনাজাত 

             খোদার দরবারে চাও, 

দুঃখ আছে যত               মুছে দাও তত 

              সকলেরে সুখ দাও। 

মিলেমিশে সবাই         ভ্রাতৃত্বের গান গাই 

               হিংসা-বিদ্বেষ ভুলে, 

শব-ই-বরাতে               শান্তির বার্তাতে 

               ঐক্য ধরো তুলে। 

সবার ভাগ্য              সুন্দর হোক আরও 

              দুনিয়া ও পরকালে, 

পবিত্র এই রজনী       দিক সার্থকতা আনি 

              সব মুসলিমের ভালে।

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

স্টকহোম সিনড্রোম

 

স্টকহোম সিনড্রোম

পতিত স্বৈরাচারের          প্রেমে যাদের
              এখনও কাঁদে মন,
স্টকহোম সিনড্রোমে        ভুগছে তারা
             মনস্তাত্ত্বিক কারণ!
এই রোগের লক্ষণ          হুটহাট এমন
               জাগে সহানুভূতি,
খারাপ জেনেও          ভুলতে পারে না
               অতীতেরই স্মৃতি!
সিনেমায় যেমন            চায় মুক্তিপণ
             নায়িকা ধরে এনে,
তারেই দেখা যায়        পেমে পড়ে হায়
            ঐ লোকেরই সনে!
কঠিন এই রোগ     দূর হোক, দূর হোক
          রাজনীতি থেকে সবখানে,
আগামীতে সবাই        দেশ গড়তে চাই
               ভয়মুক্ত এই প্রাণে।

ছিঃ ছিঃ, ছিঃ ফাগুন!

 

ছিঃ ছিঃ, ছিঃ ফাগুন!

প্রজাপতির ডানায় লেগেছে আগুন, 
ছিঃ ছিঃ, ছিঃ ফাগুন!
এমন যন্ত্রণা কেন দাও, ও দখিনা হাওয়া।
এমনকরে বুক কাঁপাও কেন কোকিলের গান?
কেন ফুটলে ফুল, এতটা রঙিন; 
                           ঐ সবুজের ডালে?
আমি তো মরে যাই, 
                  হৃদয়ের কুঞ্জকোণে
কেউ দেয় নাই ঠাই, ভালোবেসে, কোন কালে!
দু' ডানায় দুঃখ আছে জমা। বিরহ বহুগুন;
ছিঃ ছিঃ, ছিঃ ফাগুন!
আমায় পোড়ানো ফাগুন।।

বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

অথচ পেঁচা ডাকে দূরে

 অথচ পেঁচা ডাকে দূরে

- সাকিব জামাল


রাত-বিরাতে, 

মন আমার ছোটে ঘুড়ি উড়াতে, 

ঘুড়ি আকাশ চেনে না। 

ঘুড়ি পাখা মেলে না! 

নাটাই নিয়ে বসে থাকি 

যমুনার পাড়ে; ঢেউ থামে না। 

কেউ দেখে না! 

অথচ পেঁচা ডাকে দূরে...

বড় চোর

 বড় চোর

- সাকিব জামাল


বড় চোরে চুরি করে  

  রাতে নয় দিনে, 

রাষ্ট্র বসে হিসাব কষে 

  মাথাপিছু ঋণে। 


ঋণখেলাপি, ঘুষখোর 

  ওরা দুর্নীতিবাজ। 

লুটপাট করাই হলো 

ওদের নিত্য কাজ! 


আইনের ফাঁক ফোকরে 

  যায় না ধরা চোর, 

সামাজিক বয়কট হোক 

  আসল বিচার ওর!

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

ভাষার স্বাধীনতা

 ভাষার স্বাধীনতা

- সাকিব জামাল


মায়ের ভাষাকে কোনও নিয়মে বেঁধো নাকো। 

মাতৃভাষার প্রেমে, মমতায়, ডুবে সবাই থাকো। 

যার আঞ্চলিকতা থাক তার মুখে, 

ফুটুক কথার ফুল সীমাহীন সুখে, 

শ্রদ্ধার সাথে গাঁথো সকলে, সকল ভাষার সাঁকো।

হে ফেব্রুয়ারি তুমি এসো

 হে ফেব্রুয়ারি তুমি এসো

- সাকিব জামাল


হে ফেব্রুয়ারি, তুমি এসো 

তুমি এসো যখন আমরা নত করি শির, 

ভুলে যাই মাতৃভাষার মায়াময় রূপ; 

গান গাই একুশ বিরুদ্ধ চেতনায়! 

তুমি এসো তখন, 

           কৃষ্ণচুড়ার শাখায় শাখায়। 

মিনারে মলিনতার ছোঁয়া 

যখন বোধ কেড়ে নেয় আমাদের, 

নাঁচি হিপহপ ভিনদেশি জাতীয়তাবোধে 

মন ভুলানো নানা তত্ত্বে-তথ্যে; 

তুমি এসো তখন, 

       বাংলা বসন্তদিনে পাখির কন্ঠে। 

এসো ফুলের সৌরভে, দখিনা বাতাসে 

নদীমাতৃক জলের মধুর মোহনায়। 

এসো অ আ ক খ'র ঐক্যতানে, 

সবার আগে বাংলাদেশে 

প্রতি জনঅন্তরে! এই বাংলায়- 

    একুশ রেখো সঙ্গে। সঙ্গে রেখো আমায়। 

হে ফেব্রুয়ারি, তুমি এসো...