বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০১৮

আমার আমি, একলা আমি

আমার আমি, একলা আমি,
একলা বসবাস ।
দুখের বৃত্তের কেন্দ্র আমি ,
বন্দী বারো মাস ।।


স্বপ্ন আমার ঠুনঠান ভাঙ্গে,
দুস্বপ্নে ঘেরা পাশ ।
একলা হৃদয়, করুণ সময়,
শুন্যতার আবাস ।।


মনের কথা শুধাব বলে
জাগে মনে আশ,
হঠাৎ হঠাৎ টেক্কা মারে
বিরহের নিঠুর তাস ।।


বীণার সুরে ভ্রুকুটির হাসি
বিচ্ছেদ হা হুতাশ ।
একলা জীবন, একলা বাউল
দুখের করি চাষ ।।

তুমি এসো, জ্বালাবো মনে প্রেমের আগুন

দেখে নিও, ক'দিন পরেই ফুটবে পলাশ-কৃষ্ণচুড়া, আসবে লাল ফাগুন ।
তিন সত্যি! আমি জ্বালাবোই- সেই ক্ষণে তোমার মনে প্রেমের আগুন ।


সে রণে কবি'র সনে ফাগুনে দ্বিগুন হবে তরুন !
ছিনিয়ে আনবেই তারা সুখ ময়ূখের স্বপ্ন অরুণ !


সে প্রেমের আগুনে পুড়ে যাবে -
মিথ্যার সব বেসাতি ।
সে প্রেমের আগুনে পুড়ে যাবে -
দানবের বুকের ছাতি ।
সে প্রেমের আগুনে পুড়ে যাবে -
শোষক জোঁকের দল ।
সে প্রেমের আগুনে পুড়ে যাবে -
অপরাধ ঢাকার ছল ।
সে প্রেমের আগুনে পুড়ে যাবে -
অসমতার নীতিমালা ।
সে প্রেমের আগুনে পুড়ে যাবে -
দু:স্বপ্ন-দু:খের পালা ।


পলাশ-কৃষ্ণচুড়া রাঙা প্রেমের রঙে - জাগাবো সবাইকে দ্রোহের বাণী মুখে,
এ পৃথিবীটা মানবেরই তরে, প্রাণী থেকে মানুষ হও মানুষ! থাকি সবাই মিলে সুখে ।


কি বলো ! সমতার রণভুমে আসবেতো তুমি ?
দেবো ভালোবেসে প্রিয় দ্রোহের ললাটখানি চুমি !


তবেই ভুলে যাবে, 'এ জগতে কেউ কারও নয়' - এ কথা যে শিখালোতোমায় !
বরং, 'মানুষের জন্য মানুষ'- গাইবে এ গান আমার ফাগুনে প্রেমের দোলায় ।


বাজবে জয়ধ্বনি, জাগবে বাকি তরুনেরাও ধরার বুকে হেসে,
এ পৃথিবীতে কেবলই মানবতার জয়, বলবে - মানুষে মানুষ ভালোবেসে ।


তিন সত্যি ! আসবেই সে ক্ষণ, আসবেই ফাগুন !
তুমি এসো, জ্বালাবো মনে প্রেমের আগুন !

নাই, নাই, নাই, ভালোবাসা নাই

নাই, নাই, নাই, ভালোবাসা নাই
এই দুনিয়ায় আগের মত ভালোবাসা নাই ।।


উত্তরে না পেয়ে ভালোবাসা
দক্ষিণে যাই ।
দক্ষিণে ঝড়ে ছুড়ে ফেলে-
পূর্ব দিকে ধাই ।
পশ্চিম আগেই দেয় বলে -
বিদায় মশাই ।।


নাই, নাই, নাই, ভালোবাসা নাই
এই দুনিয়ায় আগের মত ভালোবাসা নাই ।।


নিজেকে নিয়ে ব্যস্ত সবাই
কারো জন্য কারো পোড়েনা মন!
হিসেব শুধু নিজের লাভের
অন্যের দু:খ ভাবে ক'জন !
ভালোবাসার উপায় খুজে এখন-
দিশে হারাই ।।


নাই, নাই, নাই, ভালোবাসা নাই
এই দুনিয়ায় আগের মত ভালোবাসা নাই ।।


মানুষের জন্য মানুষের ছিলো-
আগে মায়া ।
এখন দেখি কোথাও নাই
স্বার্থহীন কায়া ।
দু:খে মন কেঁদে বলে-
পুরানো দিনে ফিরে যাই ।


নাই, নাই, নাই, ভালোবাসা নাই
এই দুনিয়ায় আগের মত ভালোবাসা নাই ।।

সমতার গান: প্রকৃতি প্রমাণ!

সূর্য প্রমাণ!
পৃথিবীর বুকে যখন সে আলো করে দান-
ভেদাভেদ বোঝেনা!
বোঝে শুধু সমান সমান ।


চন্দ্র প্রমাণ!
পৃথিবীর বুকে যখন সে জোসনা বিলায় অফুরান-
ভেদাভেদ বোঝেনা !
বোঝে শুধু সমান সমান ।


আকাশ প্রমাণ!
দিগন্তব্যাপী তার নীল আঁচলে সাজানো বিছান-
ভেদাভেদ বোঝেনা!
বোঝে শুধু সমান সমান ।


বাতাস প্রমাণ!
বয়ে চলে নিরবধি অক্সিজেনের ভেলাখান-
ভেদাভেদ বোঝেনা!
বোঝে শুধু সমান সমান ।


সাগর প্রমাণ!
হোক জোয়ারের বেলা অথবা ভাটার টান-
ভেদাভেদ বোঝেনা!
বোঝে শুধু সমান সমান ।


অরণ্য প্রমাণ!
কার্বন ডাই অক্সাইড শোষণ, অক্সিজেন উৎপাদন, সবুজের জয়গান-
ভেদাভেদ বোঝেনা!
বোঝে শুধু সমান সমান ।


পাহাড় প্রমাণ!
পাহাড়ী হোক আর সমতলবাসীই হোক টলেনা উঁচু শির,একই উচ্চতায় থাকে সটান-
ভেদাভেদ বোঝেনা!
বোঝে শুধু সমান সমান ।


নায্যতা, সমতা ভুলে-
কার কাছ থেকে শিখলাম আমরা অসমতার সমীকরণ?
জানা-শোনা কম, মূর্খ কবি জানতে চায়-
প্রমাণ করো উপস্থাপণ!

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

চরিত্র বিষয়ক একগুচ্ছ অনু কবিতা

১.
সুযোগ পেলে –
আমরা হয়ে যাই হাতি,
অন্যকে ভাবি কলাগাছ
চাবাইয়া খাইতে মাতি !
-------------------------------------------------
২.
সামনে শুভাশিস
পেছনে ফিসফিস ,
সামনে গলায় পড়াই- মালা
পিছনে গালি মারি- "হালা" !
--------------------------------------------------
৩.
সারাদিন ব্যস্ত থাকি
কারে দেব বাঁশ,
অজান্তেই নিজে করি
নিজের সর্বনাশ !
---------------------------------------------------
৪.
ছিঁচকে চোরকে মেরে ফেলি,
ডাকাত এলে নমস্কার,
বলি-সবারই আছে বাপের বাপ-
জুলুমেও নিরব থাকি -চমৎকার !
----------------------------------------------------
৫.
এবার নিজের কথাও বলি-
উপদেশ দিতে উস্তাদ ভারি,
নিজের বেলায় খুজি নানা উপায়
সটকে পড়ি তাড়াতাড়ি !
--------------------------------------------------