বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

মেঘখন্ড ভেঙে চুরে হবে বৃষ্টি!

মেঘখন্ড ভেঙে চুরে হবে বৃষ্টি!

- সাকিব জামাল

সীমানা অজানা শূন্যে ভেসে চলছে একখণ্ড মেঘ
আঁধার চাপিয়ে দিচ্ছে প্রান্তরে প্রান্তরে পৃথিবীর বুকে
জমিনের উপরে ছুটে চলছে সতর্ক 'সেপিয়েন্স'।
তবু অন্তরে ভয়, আতংক-
ভয়ঙ্কর মেঘখন্ড ঝড়ের তাণ্ডবে কেড়ে নেবে
না-জানি কতো স্বপ্ন, কতো প্রাণ!
কিন্তু জানি, জীবনের জয়গান থামবে না,
কেটে যাবে দুঃখের করোনাকাল,
ঘরবন্দি দশা কেটে যাবে একদিন।
মেঘখন্ড ভেঙে চুরে হবে বৃষ্টি!
পরিশুদ্ধ হবে আগামী পৃথিবী-
সম্মিলিত মানবতার গানে।

মানবিক সামাজিক দূরত্ব!

মানবিক সামাজিক দূরত্ব!

- সাকিব জামাল

পরিস্থিতি সাপেক্ষে আমাদের মাঝে আজ যে সামাজিক দূরত্ব-
তাকে অসামাজিক আচরণ ভেবো না, বন্ধু আমার!
বরং আরো মানবিক! সমাজ বাঁচাতে, মানবতার কল্যাণে-
সাময়িক সামাজিক দূরত্ব বজায় রেখে চলছি ।
এ দূরত্ব সাময়িক । কেটে যাবে হয়তো দ্রুত! আবার আমরা কাছে আসবো ।
আবার আমরা আড্ডা দেবো কাঁধে কাঁধ মিলিয়ে!
কবিতা, গল্প, গান- সবই হবে । হবে ভালোবেসে সীমাহীন হৈহুল্লোর!
কয়েকটি দিন মাত্র এ দূরত্বটুকু মানতেই হবে ।

বন্ধু, তুমিও কিছুদিন আমার মতো চলো....

বুধবার, ১৮ মার্চ, ২০২০

বিস্ময়কর নারী - মায়া অ্যাঞ্জেলো

বিস্ময়কর নারী


মায়া অ্যাঞ্জেলো

সুন্দর নারীরা ভাবে আশ্চর্য হয়ে- কোথায় আমার গোপন রহস্য থাকে লুকিয়ে!
আমি দেখতে অপরূপ নই বা ফ্যাশন মডেলের গড়নে নই
তবে যখন আমি তাদের বলতে শুরু করি,
তারা মনে করে মিথ্যে বলছি আমি।
আমি বলি,
এটি আমার হাতের নাগালে
আমার উড়ুর প্রশস্তস্থলে,
আমার অগ্রগামী পদতলে,
আমার ঠোঁটের ভাঁজে ভাঁজে।
আমি একজন নারী
বিস্ময়করভাবে।
বিস্ময়কর নারী,
সে আমি।


আমি প্রবেশ করলাম একটি ঘরে
শান্তশীতল যেমন তুমি চাও,
এবং একটি পুরুষ,
আনুসারীরা দাড়িয়ে থাকে অথবা
হাটু গেড়ে বসে থাকে কেউ।
তারপর তারা আমার চারপাশে তোলে ছন্দঢেউ,
যেন মধু মৌমাছির মৌচাক আমি।
আমি বলি,
আমার চোখে আগুন,
এবং আমার দাঁত সফেদ দারুণ,
কোমরে আমার নৃত্যদোল,
আর পায়ে আমার আনন্দমাদল।
আমি একজন নারী
বিস্ময়করভাবে।
বিস্ময়কর নারী,
সে আমি।

পুরুষ নিজেরাই অবাক হয়ে যায়
তারা আমার মধ্যে কি দেখতে পায়।
তারা অনেক চেষ্টা করে
তবে তারা স্পর্শ করতে পারে না
আমার গহীন রহস্য।
যখন আমি তাদের দেখানোর চেষ্টা করি
তারা বলে, তারা এখনও দেখতে পাচ্ছে না।
আমি বলি,
এটি আমার পিছনের দেহধনুর বাঁকে,
আমার হাসির সূর্য মাঝে,
আমার উন্নত স্তন যুগলে,
আমার শৈলীর কারুকাজে।
আমি একজন নারী
বিস্ময়করভাবে।
বিস্ময়কর নারী,
সে আমি।

এখন তুমি বুঝেছ
কেন আমার মাথা নত হয়না।
আমি চিৎকার করি না বা লাফালাফি করি না
অথবা বাস্তবসম্মত স্বরেই কথা বলি।
তুমি যখন আমাকে দেখো
তোমার উচিৎ গর্ববোধ করা।
আমি বলি,
এটি আমার হিলের ধাপে ধাপে রয়েছে,
আমার চুলের বাঁকেবাঁকে,
আমার হাতের তালুর স্পর্শে,
আমার যত্নের প্রয়োজনে,
'কারণ আমি একজন নারী
বিস্ময়করভাবে।
বিস্ময়কর নারী,
সে আমি।

This is a translation of the poem Phenomenal Woman by Maya Angelou

যুগল পাখির মতো

যুগল পাখির মতো

- সাকিব জামাল

যুগল পাখির মতো দুজনে চলো
বেড়াই উড়ে ঐ আকাশ নীলিমায়,
সব স্বপ্নের ডানা মেলে মহা আনন্দে
ডুবে থাকি চিরদিনই ভালোবাসায় ।।

যুগল পাখির মতো কলরবে আজ
হোক জীবন সুখময়,
নেই কোনো বাধা, নেই কোনো লাজ
হৃদয় খুঁজুক হৃদয় ।
পাখিরা থাকে যেমন আপন নীড়ে আপন
মিস্টি মধুর সধনায় ।।

একলা পাখিরা কখনো বাঁচেনা ভালো
তুমি ছাড়া আমি তাই,
তোমার বাহুর মাঝে লুকিয়ে আমি
স্বর্গসুখ খুঁজে পাই ।
বাকি সব মিছে, কেবলই তোমারই ছোঁয়ায়
এ জীবনে বেঁচে থাকা যায় ।।

(মূলত এটি গানের কবিতা ।)

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

কেউ দুঃখ করিস না!

কেউ দুঃখ করিস না!

- সাকিব জামাল

মন কারিগর, আনন্দ কর,
        দুঃখ করিস না!
কোনো সাধনায়, এ জনম হায়-
       ফিরে পাবি না!
কেউ দুঃখ করিস না...

নদীর বুকে, ঢেউয়ের খেলা,
        কখনো থামে না!
সে ভয়ে কি, মাঝি মাল্লা-
        নৌকা চালায় না?
কেউ দুঃখ করিস না...

দিনের শেষ, নিথর বেশ-
      সময় রবে না!
যেটুকু শ্বাস, সুখেই ভাস্,
      কষ্টে ডুবিস না!
কেউ দুঃখ করিস না...