বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

হাইব্রিড হোয়াক্স

হাইব্রিড হোয়াক্স

সাকিব জামাল

পালপাড়ার পুতুলগুলো পদ্মপাড়ায়
ফলত ফুল, ফল-
সংকর সমস্যাগ্রস্থ!
আদর্শ আংশিক,
বাকিটা বিপন্ন, বিলীন।
আপনবিলাসে আচ্ছন্ন
চেতনা চক্র।
নতুন নতুন নিন্দিত নেতাদের-
প্রতারণা প্রকাশ পায় প্রতিনিয়ত!
জনগণ জ্বলে-
হাইব্রিড হোয়াক্সে!

বুধবার, ৮ জুলাই, ২০২০

ফাঁদ

ফাঁদ

- সাকিব জামাল

ভালোবাসার ঘ্রাণে-
যেতে যেতে কাছে, অদৃশ্য হয়ে যায় কর্পূরের দানা!
একান্ত আপন ভেবে কতো কতো দীর্ঘকালীন স্বপ্ন
নিমেষেই ফুরিয়ে যায়, অন্য মাছরাঙার ধ্যানে-
যাকে কোনদিন দেখেনি বালক, পছন্দের রূপোলি পুঁটি
তার খাদ্যজালে উৎসর্গ করে ফিরে আসে ঘরে!
ভুবনজোড়া খাদ্যশৃঙ্খলে,
আমজনতার অধিকার আটকে যায়-
হালকা জলে, কাদা মাটিতে পাতা গোপন ফাঁদে।
রাজনীতি চলে, রাজনীতি ছলে!

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

মনঘুড়ি ডানা ঝাপটায়!

মনঘুড়ি ডানা ঝাপটায়!

সাকিব জামাল

লোকে বলে, আকাশ। আমি দেখেছি শূন্যতা-
তবুও ঘুড়ি, নাটাই-সুতো সাজে দুরন্ত বালকমনে
দৌড়ে গিয়েছি কাছে- অষ্টাদশীর।


আমার ঘুড়ি আছে, তোমার আকাশ আছে?
জিজ্ঞেস করে, চোখে তাকিয়ে দেখি- সেই শূন্যতা!
পাখির মতো আর ওড়া হলো না ভালোবাসার।


শুরুতে যখন স্বপ্ন উড়ে যায় কর্পূরের গন্ধে,
বাকিটা সময়- একলা, একলা শূন্যতা বুকে-
মনঘুড়ি ডানা ঝাপটায়- ওড়াবার আকাশ নেই!

রবিবার, ৫ জুলাই, ২০২০

ইস্

ইস্

- সাকিব জামাল

ইস্...
কে বাজায় বাঁশি, কে দেয় শিস্?
দোয়েলের মতো নেচে নেচে ডাকে
গাছের ডালের মতো জানালার ফাঁকে
চেয়ে চেয়ে দেখি, মন করে আনচান
যন্ত্রণায় মরি মরি, ওগো কালাচাঁন-
যেন সর্বাঙ্গে লেগেছে বিষ!
ইস্...


ইস্...
কেমন সুর, এ কেমন ডাক?
বুঝি না, বুঝি না, জীবনের বাঁক!
মন চায় উড়ে উড়ে পাখির মতো
পিছে পিছে ঘুরি, পারি আমি যতো
জড়িয়ে থাকি ধরে লতাপাতায়
বাঁশির সুরের টানে প্রাণ যায়-
যেন সর্বাঙ্গে লেগেছে বিষ!
ইস্...


ইস্...
দূর বনে পাখি ডেকো না আর
এসো ঘরে, লাগে দোহাই আমার
ফুলের বুকে ভীষণ উতলা ঢেউ
তুমি ছাড়া বোঝার আর নেই কেউ!
তোমার সুর আমার ভালোবাসা
তোমার সুর বিনে পদ্মা সর্বনাশা-
যেন সর্বাঙ্গে লেগেছে বিষ!
ইস্ ...


নামলিপি প্রেম

নামলিপি প্রেম

- সাকিব জামাল

পড়ার বইয়ের পাতায় পাতায়
              লিখে রাখতাম তোমার নাম।
এতোটুকুতেই কতো যে প্রেম ছিলো!
                  কী যে সুখ মনে পেতাম!
নানা রঙের কালি দিয়ে-
             তোমাকে সাজাতাম প্রতিদিন।
কিশোরে প্রেমিকা ছিলে তুমি,
             অথচ যৌবনে এসে তুমিহীন।


      হঠাৎ হঠাৎ এখনো স্মৃতির পাতায়-
       ভেসে ওঠে পুরোনো বইয়ের পাতা
                         তোমার নামলিপি,
                                        প্রেম!