বুধবার, ১৫ জুলাই, ২০২০

একদিন নগ্ন হবো আমি

একদিন নগ্ন হবো আমি

- সাকিব জামাল

একদিন, একান্তে-
নগ্ন হবো আমি
স্বাদ নিবো- জন্মের! স্বাদ নিবো- মৃত্যুর!
সাদা পাখির পালকের মতো নরম বিছানায়-
একরাঙা চাদরে,
যেমন জন্মবেলায়, যেমন মৃত্যুবেলায়
শুয়ে থাকে মানুষ।
নগ্ন সময়ের সেই ক্ষণে-
পশুত্ব গলা টিপে, মানুষ থাকতে পারি কি না!
আদিম সভ্যতায়-
আমার পূর্ব পুরুষেরা পেরেছিলেন!
আধুনিক সভ্যতায়-
ফুলের গন্ধে ঘুম আসে না আমাদের!
তবুও দেখা যাক-
উজানে কতোটা বাইতে পারি নাও।
একদিন, একান্তে-
নগ্ন হবো আমি!

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

ঐ অন্ধকার পথে আর যেওনাকো তুমি

ঐ অন্ধকার পথে আর যেওনাকো তুমি

- সাকিব জামাল

ঐ অন্ধকার পথে আর যেওনাকো তুমি
মেতোনাকো ফের ভাঙন ভাঙন খেলায়
কতো যুবক মরে যায়, জানো?
হাত ধরে আবার হাত ছেড়ে দেবার বেলায়!
বেঁচে থাকে তাদের দেহ শুধু, বাঁচেনাকো মনভূমি।
ঐ অন্ধকার পথে আর যেওনাকো তুমি!


অন্ধকার পথের সংজ্ঞা অনেকে ভিন্নভাবে বলে
আমি বলি- না, ঐ পথ কেবলমাত্র,
হাত ধরে হাত ছেড়ে দেবার ছলে
পৃথিবীর বুকে থেকে যায় অবিরত, এ ঘৃণাপাত্র!
ভালোবাসা আলো ছড়ায়, নয় আলোগ্রাসী চারণভূমি।
ঐ অন্ধকার পথে আর যেওনাকো তুমি!


হাত যদি ধরো একবার, ধরো, যতো শক্ত করে পারো-
ভালোবেসে অন্ধকার দিওনাকো উপহার জীবনে কারো।

ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন

ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন

- সাকিব জামাল

ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন
যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো,
সবুজ পাতার ফাঁকে লজ্জামাখা কদম
হেসে হেসে ভালোবেসে উঁকি দিয়েছিলো।
প্রাণ ভরে প্রথম দেখায় বেজেছিলো মনে বীণ
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।


তারপর, বেশ ঘোরাঘুরি হাতে রেখে হাত
কবিতা-গানে সময় পেরিয়ে সন্ধ্যা নেমে এলো,
বিরহজলে এলো লোনামাখা বিদায়বেলার ক্ষণ
নীড়ের পাখি পথ ভুলে দূরে উড়ে গেলো।
ক্ষণিকের সে ভালোবাসায় আজও আমার ব্যস্ত নিউরন
খুঁজে ফেরে যে সময়টুকু হয়েছে বিলীন।
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।


ভুল খোয়াবে তোমার এখন অন্যপথে পা-
আমার মনে, নেই সে বৃষ্টি, উল্টো ঝড়ো হাওয়া!
মিষ্টি মধুর যুগল প্রেমে হেটে চলা পথ
এ জনমে আর হলো না- তাকে ফিরে পাওয়া।
ক্ষণিকের সে ভালোবাসায় আজও আমার ব্যস্ত নিউরন
প্রথম দেখার স্মৃতিকথা রেখেছে অমলিন।
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।

দৃষ্টি দর্শন

দৃষ্টি দর্শন

- সাকিব জামাল

খোলা দুই চোখে দ্যাখো- বস্তুজগত। দৈহিক গড়ন। ত্বকের বরন। রঙের বাহার। মোহের আহার। শেষের ক্লেশ। অশান্তির রেশ।
খোলা তিন চোখে দ্যাখো- ভাবজগত। মনের শরণ। তন্ত্রের চলন। সাফেদ আকার। নির্মোহ আধার। অশেষ দেশ। শান্তির বেশ।


তিন চোখে দ্যাখো- জগত। ভাবঘরে চোখ বুজে!

তোমার একটা ছবি হবে?

তোমার একটা ছবি হবে?

- সাকিব জামাল

তোমার একটা ছবি হবে
বুক পকেটে রেখে দেবো,
যখন তখন পড়লে মনে
চোখ জুড়িয়ে দেখে নেবো।
ইচ্ছে হলেই প্রাণ খুলে
ছবির সাথে কথা কবো,
দূর দূরান্তে থেকে থেকে
প্রেমের গল্প রাষ্ট্র করবো।
নতুন নতুন কাহিনি শুনে
অবাক বিশ্ব সবাক হবে,
'লাইলী-মজনু' ভুলে গিয়ে
তোমার আমার কথা কবে!