বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

বরফ সম্পর্ক!

 

বরফ সম্পর্ক!

- সাকিব জামাল

উষ্ণ ভেবে- চেয়েছি জল,
পেয়েছি বরফ। সম্পর্ক শীতল!
তারপর অপেক্ষা...
অপেক্ষা করছি, যদি বরফ গলতে শুরু করে কখনো-
তৃষ্ণা মেটাবো জলে তখন!
ভয় পিছে-
পরিসংখ্যান বলে, আশি শতাংশ বণিক
তোমার উঠোনে পসরা সাজিয়ে বসে আছে-
জনকল্যাণে!
সেখানে প্রেমিক-
কোন বাটখারায় সঠিক ওজন পাবে-
ভালোবাসার!


বরফ শীতল সম্পর্ক চলমান...
রাজনীতি নেই রাজনীতিবিদের হাতে!
প্রেম হাতে নেই প্রেমিকের!

মাছরাঙা

 

মাছরাঙা

- সাকিব জামাল

মাছরাঙা ভীষণ পছন্দের পাখি আমার।
তুমিও ওকে ভালোবাসতে পারো। ভালোবাসতে পারো এজন্যে-
কী দারুণ কৌশলী ধ্যাণ তার!
অসাধারণ ধৈর্য্যশক্তি! লক্ষ্যে স্থিরতা- চমৎকার!
আমি, যখন জীবন ও সংগ্রামে-
অস্থিরতায় ভুগি, ধৈর্য্য হারাই কিংবা লক্ষ্য ভুলে হারিয়ে ফেলি খেই,
তখন পুকুরপাড়ে যাই, ওকে দেখি।
অথবা সে সুযোগ না-পেলে, ওর কথা মনে মনে ভাবি।
তুমিও মাঝে মাঝে মাছরাঙাকে ভাবতে পারো মনে।।

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

লালনিয়া

 

লালনিয়া

- সাকিব জামাল

লালনিয়া, প্রেমের দেবী আমার, সাধিকা সই।
ফুলের কলি হয়ে আছো দূরে, কোন কাননে?
যুবক কবি'র আকুতি একটু শোনো-
ভালোবেসে, শেখাও- জীবনের সহজ পাঠ!
কলি থেকে ফুল হয়ে ফোটো!
শোনো, “পারে লয়ে যাওয়ার আকুতি আমার!”
একলা ঘাটে বসে থাকার কষ্টটুকু বোঝো।

লালনিয়া, প্রশান্তির প্রতিমা আমার,
গন্তব্য আমার তোমার কাছে, তোমারমূখী প্রেমে-
এ যাত্রায় বাধ সেজো না, অবহেলায় যেন না-যায় থেমে।
তোমার অবহেলায়- হই দিকভ্রান্ত,
তোমার ভালোবাসায়- মনমহাসাগর প্রশান্ত!
অশান্ত মনে আমার দাও তোমার শান্ত ছোঁয়া
উত্তাল ঘূর্ণিঝড় থেমে যাক!
থেমে যাক কালো মেঘের দৌরত্ব,
কেটে যাক আঁধারের হুংকার-
তাড়া করে যতো জীবনে আমার!

লালনিয়া, দেখো, আকাশে উঠেছে চাঁদ-
পরিপূর্ণ জোছনাবতী, আমার আরতি
তোমার জন্যে, গ্রহণ করো-
চাঁদের সাথে আরেকটি চাঁদ আঁকড়ে ধরো!
চাঁদের গায়ে লাগুক চাঁদ
আলোয় মিশুক আলো -
পৃথিবী জ্বলুক স্নিগ্ধ প্রেমে!
ভালোবাসার জোছনাধারা বয়ে যাক-
সকলের মনে মনে।
পৃথিবী ভীষণ প্রেমহীন হয়ে পরেছে!
তোমার কি আমার- চুপ থাকা পাপ!
দেখো, চাঁদের টানে সমুদ্র জলে ঢেউ জেগেছে,
নদ-নদীর বুক বেয়ে বেয়ে যেতে চায় সমতলে,
এসো, ধুয়ে ফেলি, মুছে ফেলি- সকল পাপ
সহজিয়া সে শুদ্ধ প্রেমের জলে।
শুনতে চাই- গঙ্গা, যমুনা ও সরস্বতী-
তিন নদীর মোহনায় মিশে যাওয়া-
ছলাৎ ছলাৎ জলের গান-
ত্রিবেনীসংগমে!

লালনিয়া, সূর্যজ্ঞান সমন্বিতা আমার-
দৃশ্যমান দুটো চোখ আছে!
কিন্তু দেখার জন্যে-
তিনটি চোখের প্রয়োজন হয়, আমি জানি।
তৃতীয় চোখের জাগরণে-
তোমার সহৃদয় স্পর্শ চাই আমার।
ছুঁয়ে দাও আমায় ভালোবেসে- দেরি করো না!
যতোক্ষণ দেরি তোমার, ততোক্ষণ অন্ধ আমি!
আমাকে করো তৃতীয় চোখ দান!
দৃষ্টিদর্শন শেখাও-
তিন চোখে দেখার কৌশলে!
লুকায়িত তৃতীয়দৃষ্টির উদয়ে-
‘এই মানুষে সেই মানুষ আছে’
খুঁজতে শেখাও।
চিনতে শেখাও- আপনারে, আপন খবরে।

লালনিয়া, দেখো, সবুজের বুকে-
লেগেছে কাশফুলের নরম ছোঁয়া।
প্রকৃতির বুকে ঢেউ জাগলে প্রেমের -
পুরুষের বুকেও দোলা লাগে তার।
অথচ, শূণ্য বুক আমার!
জানি, প্রকৃতির সাথে তোমার মেলামেশা বেশ-
আমাকে দাও তার একটুখানি আবেশ!
দেখো, নীল আঁকাশে সাদা সাদা সমুদ্রজলের মেঘ
ভেসে যায়- পাহাড়মুখী,
পাহাড়ের বুকে আছরে পরে-
নিজেকে বিলীন করে দেয়,
এমন ক্ষয়ে-
ভালোবাসার স্পর্শ জয়ের সুখ আছে!
আমাকেও তেমন সুখ দাও,
তোমার সাথে মিশে- একাকার হয়ে হই ফানা!
লালনিয়া, শোনো, কে যেন বাজায় বাঁশি-
চলছে অষ্টমী তিথি কৃষ্ণপক্ষের!
আমি বাজাবো বাঁশি কৃষ্ণপ্রেমে-
তুমি সঙ্গত দিও রাধারূপে।
হারিয়ে ফেলি যদি ‘সপ্তসুর’ জনমে জনমে-
তাল ধরিয়ে দাও তুমি পরমের পরমে!
পৃথিবীর বুকে মানবজনমে ভালোবাসার সুর বিতানে-
দূর হোক অসুরের অনাকাঙ্ক্ষিত অগমন- বিনাশী গানে।

লালনিয়া, তুমি হৃদয়ের রাণী আমার-
পরিচালনা করতে পারো তুমি দুর্দান্ত প্রতাপে
মনের সিংহাসন আমার!
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য-
আশ্রিত সব শত্রুদল করে দাও নিশ্চিহ্ন।
সহজ শুদ্ধ প্রেম সাধনে-
গড়ে তোলো সেথায় এক সহজিয়া রাজ্য!
প্রাণী থেকে মানুষ করে-
গড়ো আমায় প্রজারূপে- জাত গোত্র ভেদাভেদহীন মনে।
তুমি রাণী, সর্বময়, আমার মনের সিংহাসনে!

‘সময় গেলে সাধন হবে না’
সে চিন্তায় আমার- বাড়ছে উদ্বিগ্নতা!
প্রেম নিবেদন, করো গ্রহণ- আমার লালনিয়া।
তুমিই আমার দীক্ষাগুরু, জীবন সহজিয়া।।   


বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

ব্যাকগ্রাউন্ড

 

ব্যাকগ্রাউন্ড

- সাকিব জামাল

দিন শেষে, হিসেব কষে- ব্যাকগ্রাউন্ড সাদা রেখো তোমার!


সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি যেমন স্পষ্ট কথা বলে চোখে, রেটিনার প্রতিবিম্বে, তেমন-
মানসপটের ব্যাকগ্রাউন্ডঃ যতো সাদা, ততো প্রতিফলন মনুষ্যত্বের, প্রতিবিম্ব- প্রকৃত মানুষের।
জেনো, অহমের রঙ কালো!
         মোহের রঙ কালো!
         এরূপ কালো কালো যতো অন্ধকার-
         শুদ্ধতার ইরেজারে মুছে মুছে সাদা করো সব।


দিন শেষে, হিসেব কষে- ব্যাকগ্রাউন্ড সাদা রেখো তোমার।।

বুধবার, ১২ আগস্ট, ২০২০

বাজাও অষ্টমীর বাঁশি

 

বাজাও অষ্টমীর বাঁশি

- সাকিব জামাল

দুর্বার আঁধার ফের এসেছে পৃথিবীর বুকে,
থামাতে পারছে না কেউ!
দিন দিন মানুষেরা হারিয়ে ফেলেছে বোধ।
মানবিক আচরণ বিলুপ্তির পথে।
ত্রাসের আঁধারে গ্রাস হয়ে যাচ্ছে সব।
যেন কুরুক্ষেত্র সর্বত্র, চলছে যুদ্ধ।
দুঃসময়ে মানবতা।
লঙ্ঘিত মানবাধিকার।


কে হবে ত্রাতা এই সময়ে,
কে হবে আঁধার তাড়ানোর অবতার?
অসুর বধ করে, রক্ষা করতে হবে মনভূমি।
শান্তির সুর চাই। চাই পবিত্র হোক পৃথিবী।


রাধা-কৃষ্ণের উত্তরসূরি সকল,
দ্রুত এসো, চলছে অষ্টমীর তিথি...
জ্বালাও আলোর বীথি। বাজাও বাঁশি কৃষ্ণের।
অষ্টমীর বাঁশির সুরে- আঁধার কেটে যাক ফের।।