সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

ভাদ্র-বৃষ্টি-প্রেম

ভাদ্র-বৃষ্টি-প্রেম

- সাকিব জামাল

ভাদ্র মাসের সূর্যাগুনে-
হৃদয় পুড়ে 'খই'!
ছুটে আসো, ভালোবাসো,
দাও বৃষ্টির ছোঁয়া, সই।
'তালপাকা' গরম, ভাদ্রে বেরহম-
চরম কষ্টক্লান্ত রই!
চায় মনচাতকে, তোমার পরশে-
একটু সরস হই!
খরায় খরায়- জ্বলে পৃথিবী,
জ্বলে যায় মন ঢের।
এসো, ভাদ্র-বৃষ্টি-প্রেম,
শরৎ স্নিগ্ধতা ফের!

মাতৃকোল

 মাতৃকোল

- সাকিব জামাল

মমতার মাতৃকোল সন্তানের স্বর্গ
আজন্ম নিশ্চিন্ত বাস প্রিয়তম স্থান,
সুখে দুখে মনজুড়ে শান্তির সম্পান,
ভালোবাসা মেখে থাকা নিয়ত নিসর্গ।
মায়ের আঁচল সে যে পুজনীয় অর্ঘ্য
বটবৃক্ষ ছাঁয়াঘেরা দেবীসম প্রাণ,
প্রেমের বন্ধনে গাথা সুনির্মল গান,
বিষন্নতা মুছে ফেলা ‘ইরেজার বর্গ’।


নেই যার মাতৃছাঁয়া দূর্ভাগা সেজন
পৃথিবীর বুকে তার দুঃখ চিরকাল,
কষ্টমাখা পথচলা ভীষণ বেহাল,
বেদনায় ডুবে থাকা তৃপ্তিহীন মন।
যার আছে মাতৃধন দীর্ঘকাল থাক,
নেই যার দুঃখ তার দূরে উড়ে যাক।


বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

যতদূরে ইচ্ছে থাকো!

 

যতদূরে ইচ্ছে থাকো!

- সাকিব জামাল

থাকো তুমি, যতদূরে ইচ্ছে থাকো-
ধ্যানসংযোগে আমি তোমাকেই দেখি!
দিগন্তরেখায় আকাশ-পাতাল মিলনের সঙ্গমছল,
দূরে দূরে থেকেও কীভাবে 'মিছে' মিশে যাওয়া-
'ভ্রান্তি' দর্শকের চোখে, প্রেমিকের চোখে না!
প্রেমিক জানে, খসে পড়া উল্কাপিন্ড একদিন সেও ছিলো-
ধূমকেতুর অংশবিশেষ, প্রাণবন্ত বন্ধনে।
প্রেমিক বিশ্বাস রাখে-
পাতাল আকাশের অংশ- অসীম শূণ্যতার মাঝে!
ভালোবেসে মিশে যাওয়া আত্মারা-
দৈহিক দূরত্বে ভুগোল মানে, মনোবিজ্ঞান মানে না!


থাকো তুমি, যতদূরে ইচ্ছে থাকো!
ধ্যানসংযোগে আমি তোমাকেই দেখি,
মিলনাত্মক প্রেমে ডুবে থাকি আজন্মকাল।।

সোমবার, ৩১ আগস্ট, ২০২০

হবেতো কৃষাণী আমার?

 

হবেতো কৃষাণী আমার?

- সাকিব জামাল

মনোসঙ্গম করেছি তোমার সাথে, গতরাতে, কৃষকধ্যানে!
লাঙ্গল দিয়ে ফালি ফালি করেছি স্বপ্নের জমিন। হালকা হালকা বৃষ্টি ছিলো-
মই দিয়ে, সহজে, সমতল করেছি উঁচু-নিচু বুক। থেমে থেমে-
শ্রমে-বিশ্রামে সাজিয়েছি কাঙ্ক্ষিত বীজতলা।


তারপর, উন্নত ডিএনএ ধারক বীজ বুনেছি যতনে। কিছুদিন, কিছুক্ষণ পরে-
স্বপ্নের জমিন হলো- সবুজ উদ্যান। যৌবনা ধানগাছে ফসলের মৌঘ্রাণ।
সোনালী ফসলে- আনন্দে নেঁচে ওঠে প্রাণ, পাগলপ্রায় ভালোবাসায়-
আত্মজ-আত্মাজার সমৃদ্ধ হাসি গানে!
সার্থক হলো সঙ্গম আমার সুফলা কৃষকধ্যানে!


রাত শেষ। সূর্য উঠে গেছে। ফের রাতে, প্রতিরাতে-
মন চায়- তোমায় নিয়ে স্বপ্ন দেখবো আবার!
বলো, হবেতো কৃষাণী আমার?

মহররম

 

মহররম

- সাকিব জামাল

মাটির বুক থেকে রক্ত, ফিনকি দিয়ে পৌঁছে যায় আকাশ অবধি-
নীল আকাশে ছোপ ছোপ লাল রঙের বিষাদ!
কালো পতাকা ওড়ে ফোরাত নদীর পাড়ে,
ধূ ধূ বালুচরে পরে থাকে-
তেত্রিশটি বর্শা, চৌত্রিশটি তরবারির আঘাতে-
নিথর, নবীজির দৌহিত্র।
জালিম ইয়াজিদ, হিংস্রতার শরাবে মত্ত,
চাই তার- হোসাইনের বিচ্ছিন্ন মস্তক!
খুনি সীমার, বাজায় রক্তাক্ত খঞ্জরে- বেদনার সপ্তক!
সেদিন থেকে, মুসলিম জাহান, বেদনা বুকে নিয়ে করে বাস।
মহররমে বিষাদে, অন্ধকারে ঢেকে যায়- ইসলামের ইতিহাস!