রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

সমান্তরাল প্রেম

 

সমান্তরাল প্রেম

- সাকিব জামাল

ধরে নাও, আমাদের ফের দেখা হলো-
গাণিতিক সংখ্যারেখার শূন্য বরাবর।
যে দিন গেছে- বিরহে, বিষাদে- ঋণাত্মক ধরো। ভুলে যাও।
যে দিন সামনে- ভালোবাসায়, আনন্দে- ধনাত্মক ধরো। মনে রাখো।
তারপর,
আমার চোখে তাঁকাও। হাতে হাত ধরো।
সংখ্যারেখার প্রতি বিন্দুতে স্থানিক মানে- মনে মনে প্রেম বসাও!
এরপর, ছুটে চলো-
শূন্য থেকে সামনে, অসীমে।
প্রয়োজনে-
তোমার রেখায় তুমি থাকো!
আমার রেখায় থাকি আমি!
তবুও যাত্রা চলুক!
যাত্রা চলুক- সমান্তরালে, ভালোবাসায়, বিরামহীন।
আসছে দিন হোক- 'আচ্ছে' দিন!


বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

তোমায় নিয়ে দ্রোহ!

 

তোমায় নিয়ে দ্রোহ!

সাকিব জামাল

অপ্সরা নয়, তোমায় নিয়ে-
দ্রোহ আমার ইন্দ্রের সাথে!
তুমি সামনে এলে-
নৈসর্গিক ধ্যানে পড়ি প্রেমের,
সুর, অসুর কিংবা ইন্দ্রের পাঠানো অপ্সরা-
আমার মগ্নতা ভাঙানোর ক্ষমতা রাখে না কেউ!
তোমার মগ্নপাঠে-
কাটিয়ে দিতে পারি অনন্তকাল।
তুমি প্রেমিকা হলে,
প্রেমের দেবত্ব লাভে-
দ্রোহ করবো আমি আজন্মকাল।

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

ভাদ্র-বৃষ্টি-প্রেম

ভাদ্র-বৃষ্টি-প্রেম

- সাকিব জামাল

ভাদ্র মাসের সূর্যাগুনে-
হৃদয় পুড়ে 'খই'!
ছুটে আসো, ভালোবাসো,
দাও বৃষ্টির ছোঁয়া, সই।
'তালপাকা' গরম, ভাদ্রে বেরহম-
চরম কষ্টক্লান্ত রই!
চায় মনচাতকে, তোমার পরশে-
একটু সরস হই!
খরায় খরায়- জ্বলে পৃথিবী,
জ্বলে যায় মন ঢের।
এসো, ভাদ্র-বৃষ্টি-প্রেম,
শরৎ স্নিগ্ধতা ফের!

মাতৃকোল

 মাতৃকোল

- সাকিব জামাল

মমতার মাতৃকোল সন্তানের স্বর্গ
আজন্ম নিশ্চিন্ত বাস প্রিয়তম স্থান,
সুখে দুখে মনজুড়ে শান্তির সম্পান,
ভালোবাসা মেখে থাকা নিয়ত নিসর্গ।
মায়ের আঁচল সে যে পুজনীয় অর্ঘ্য
বটবৃক্ষ ছাঁয়াঘেরা দেবীসম প্রাণ,
প্রেমের বন্ধনে গাথা সুনির্মল গান,
বিষন্নতা মুছে ফেলা ‘ইরেজার বর্গ’।


নেই যার মাতৃছাঁয়া দূর্ভাগা সেজন
পৃথিবীর বুকে তার দুঃখ চিরকাল,
কষ্টমাখা পথচলা ভীষণ বেহাল,
বেদনায় ডুবে থাকা তৃপ্তিহীন মন।
যার আছে মাতৃধন দীর্ঘকাল থাক,
নেই যার দুঃখ তার দূরে উড়ে যাক।


বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

যতদূরে ইচ্ছে থাকো!

 

যতদূরে ইচ্ছে থাকো!

- সাকিব জামাল

থাকো তুমি, যতদূরে ইচ্ছে থাকো-
ধ্যানসংযোগে আমি তোমাকেই দেখি!
দিগন্তরেখায় আকাশ-পাতাল মিলনের সঙ্গমছল,
দূরে দূরে থেকেও কীভাবে 'মিছে' মিশে যাওয়া-
'ভ্রান্তি' দর্শকের চোখে, প্রেমিকের চোখে না!
প্রেমিক জানে, খসে পড়া উল্কাপিন্ড একদিন সেও ছিলো-
ধূমকেতুর অংশবিশেষ, প্রাণবন্ত বন্ধনে।
প্রেমিক বিশ্বাস রাখে-
পাতাল আকাশের অংশ- অসীম শূণ্যতার মাঝে!
ভালোবেসে মিশে যাওয়া আত্মারা-
দৈহিক দূরত্বে ভুগোল মানে, মনোবিজ্ঞান মানে না!


থাকো তুমি, যতদূরে ইচ্ছে থাকো!
ধ্যানসংযোগে আমি তোমাকেই দেখি,
মিলনাত্মক প্রেমে ডুবে থাকি আজন্মকাল।।