বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

জাতীয় পশু

 

জাতীয় পশু

- সাকিব জামাল

বাংলাদেশের জাতীয় পশু-
রয়েল বেঙ্গল টাইগার,
মাথা উঁচিয়ে চলে সদা-  
সুন্দরবনে বাড়ি তার।


হলদে-কালো ডোরা কাটা
বনের রাজা বাঘের গায়,
হালুম হালুম ডাকলে পরে
অন্য পশুরা ভয় পায়।  


শক্তির প্রতীক, সাহসের প্রতীক
বাঙালি জাতির মতো,
আদর করে 'বাঘ মামা' ডাকি,
ভয় পাইনা ততো!

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

জোতির্ময় ভালোবাসা

 

জোতির্ময় ভালোবাসা

- সাকিব জামাল

এসো, ভালোবাসো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি-
আমরা প্রবেশ করবো এক 'জোতির্ময়' গুহায়!
যেখানে দেয়ালে দেয়ালে ফুল হয়ে ফোটে-
আসমানী তারার দল। শুদ্ধতার আলো ছড়ায়।


তুমি কি জানো? জাগতিক কামনার জলে-
ভেসে ভেসে আসা অন্ধকার,
হৃদয়ের উপরে জমে অদৃশ্য করে দেয় প্রেম!
নদীর মতো নাব্যতা হারায় মনের গভীরতা।
স্রোতহীন হয়ে পড়ে জনকল্যাণচিন্তা।
মানুষ তখন, পৃথিবীর সহচর প্রাণীদের থেকে অভিন্ন!
ভুলে যায় আত্মপরিচয়।
এমন ভয় আমার, আমাকে নিয়ে হয়।
এমন ভয় আমার, তোমাকে নিয়েও হয়!


এসো, দূর করি ভয়। ঐশ্বরিক প্রেমে, জোতির্ময় ছোঁয়ায়!


মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

মানবাধিকার ফিজিক্স

 

মানবাধিকার ফিজিক্স

- সাকিব জামাল

বঞ্চিত অধিকারের ধ্বংসস্তুপে বসে- হু হু করে কাঁদতে নেই!
বরং চিৎকার করো- শ্লোগানে। শ্লোগানে, শ্লোগানে- কাঁপন ধরুক-
শোষকশ্রেণীর পায়ের নিচে মাটিতে- রিখটার স্কেলের সর্বোচ্চ মাত্রায়।
ভয় নেই, ভয় পাবার কোন কারণ নেই!
সুদৃঢ় পর্বতমালা নিমিষে বিলীন হয়ে যায়-
যথাযথ ভরবেগে ডিনামাইট আঘাত করে যখন। এটাই ফিজিক্স!


তোমার অধিকার- ফিজিক্সের 'জড়তা' সূত্র মানে।
'যতক্ষণ বাহ্যিক বল প্রয়োগ না-করা হয়, স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সমবেগে চলে।'
অধিকার হরণের মহোৎসবও চলতে থাকে, যতক্ষণ তুমি চুপ থাকো।
ঠিক বিপরীত। যখন তোমার ভোকাল কর্ডের কম্পন নায্যতার আওয়াজে মিলে যায়-
অনুনাদ হয় আকাশে বাতাসে তখন। সে বিপ্রতীপ বলে-
শোষকদল চুপ হতে বাধ্য।
কার আছে- ফিজিক্সকে অস্বীকার করার সাধ্য?


মানবাধিকার ফিজিক্স বুঝে নাও দ্রুত, পৃথিবীর বুকে যারা রয়েছো শোষিত-বঞ্চিত।

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

ঋতুরানি শরৎ

 

ঋতুরানি শরৎ

সাকিব জামাল

এসেছে শরৎ,         সোনালী রোদ-
      সাদামেঘ ওড়ে আকাশে,
কাশবন দোলে,         শাপলা নাঁচে,
       দখিনের মিষ্টি বাতাসে।
শিউলি তলা         শিশির ভেজা
       দারুণ সুবাস ফুলবনে,
নদীর জল             শান্ত-সুশীতল
     আনন্দ জাগায় বেশ মনে!
ঋতুরানি শরৎ       আপরূপা ভীষণ
      বাংলা মায়ের এই বুকে,
পরশে তার,             হৃদয় সবার-
         মেতে ওঠে খুব সুখে।

আটশো কোটি জোড়া সমুদ্র

 

আটশো কোটি জোড়া সমুদ্র

- সাকিব জামাল

আটশো কোটি জোড়া সমুদ্র পৃথিবীর বুকে,
কথা কয়- চোখে চোখে, জলে জলে!
লোনা জলের স্বাদ-
সুখে-দুঃখে সবার চেনা,
অচেনা শুধু জীবনের মানে-
'আদিম রহস্য' সে এখনো রহস্যময়!
ঘুরপাক খায় কষ্টরা, প্রতিজনে, জোড়া সমুদ্রে-
কূল-কিনারাহীন!
তবু, ঝড় ওঠে, রহস্যভেদ নেশায়-
চোখ যুগল শান্ত হয় নি আজ অবধি- অস্থিরতার!
বয়ে চলে জোড়া সমুদ্র, সংখ্যায় বাড়ে, ফুলে ফেঁপে ওঠে-
অ্যাকুয়াস হিউমার!


সবগুলো জোড়া সমুদ্র- প্রশান্ত হবে যেদিন,
সে স্বর্গসময়কাল কতো দূরে?
ঘুমিয়ে আছে কোন সভ্যতার বুকে!
রহস্যময় সমুদ্রজলে মানব ডোবে বিরামহীন...