শনিবার, ৫ নভেম্বর, ২০২২

শঙ্খচিল সিনড্রোম

 

শঙ্খচিল সিনড্রোম

- 

গতরাতে তোমাকে স্বপ্নে দেখার ইচ্ছে ছিল,
অথচ স্বপ্নে দেখেছি শঙ্খচিল! উড়ে গেলো...
এরপর, দিন কেটেছে-
একলা একা। ভীষণ অস্থিরতায়!
রাত নেমেছে- ভয়ে!

অতঃপর...

একটি বন্ধু আছে আমার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে-
সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ে। শেষমেশ,
তার সাথেই দেখা করতে হলো...!

দেহতত্ত্ব

 

দেহতত্ত্ব

- সাকিব জামাল

লাল ফুল। শাড়ির ভাঁজে লুকানো কোমল মাস্তুল।
          কোথা থেকে আসে জল,
          কোথায় গিয়ে হয় ফল?
ধ্যাণে জ্ঞানে বোঝে যারা- তারাই মূলত ঋষিকুল!
খালি চোখে-
           কামরূপ! শুধু দেহ। খানিক মোহ।
           ভ্রমর পাগল অহরহ।
           ফলঃ অগ্নিদহ!
ধীর লয়, আত্মাঃ স্থিরময়।
           খুঁজে পায়-
           সৃষ্টির সাথে স্রষ্টা কীভাবে মিশে রয়! প্রেমরূপে-
কোন কোঠায়? কোন ফুল, ফল হয়- কোন সাধনায়?

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

প্রেম অথবা এনার্জি ম্যাটার্স

 

প্রেম অথবা এনার্জি ম্যাটার্স

- 

নীল আকাশে রাস্তায় রাস্তায়-
আমি, শান্ত স্যাপিয়েন্স, হেঁটে চলছি একা।
আশা ছিলো, বেদনার রঙে-
আর কখনোই গল্প করবে না নক্ষত্রফুলের দল!
অথচ দেখি, প্রশান্ত মহাসাগর থেকে গোল্ডিলকস্ জোন
আজ কাঁপে- বিরহের তাপে!
হয়তো অদ্ভুত আশ্চর্য নিয়ে-
পৃথিবীর স্ববিরোধী এনার্জি কনজামশন,
দেখতে ছুটে আসে-
কিছু কিছু এলিয়েন মন!
আঁধার রাতের প্রত্যক্ষদর্শী পাইলটেরা,
স্বাক্ষ্য দিয়েছে ম্যাগাজিনের পাতায় পাতায়।
যুদ্ধকালে, ভাঙা প্রেমের দুঃখবোধঃ
ইউনিভার্স কিংবা মাল্টিভার্স জুড়ে ছড়িয়ে যায়!


বৃষ্টি নামে বৃহস্পতিবার

 

বৃষ্টি নামে বৃহস্পতিবার

- 

বিকেল থেকেই আনন্দে নাঁচে একটি কর্মজীবী ভ্রমর!
প্রিয় ফুলটি তার- থাকে গ্রামে। ভাবে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে-
পৌঁছেই দিবে চকলেটে কামড়!
          ফুলটি সপ্তাহ জুড়ে একটু একটু করে ফোটে,
          মনে খেলা করে- লজ্জা আর অভিমান!
          ফিসফিস করে কথা কয়,
          "আও কালাচাঁন, আও। তয়, দিমু না মুই-
          এইবার আর লাল খিলিপান!"
অথচ, কী আশ্চর্য কেরামতি বৃহস্পতিবার রাতের-
শেষমেশ বৃষ্টিই নামে!


নির্জন রাতের সৌরভে

 

নির্জন রাতের সৌরভে

- 

নির্জন রাতের সৌরভে-
আমাকে একলা করি আমি! হেটে চলি-
প্রান্তিক পৃথিবীর পথে। পাশে যার হোগলা বন,
ফুটে থাকে মায়াবী জোনাকীর ফুলে।  
নদীর জলে ডুবে থাকা-
একটি চাঁদের সাথে করি যৌথ স্নান!
তারপর, আঁধারে, বসি-
স্নিগ্ধ ধ্যানে সবুজ শাড়ির বুকে! প্রশান্ত প্রাঙ্গণে।  
মহাশূণ্য তখন ভীষণকরে পূর্ণ হয়ে যায়-
তোমার ভালোবাসায়!