শনিবার, ২৭ মার্চ, ২০২১

পঞ্চাশে এবং পরে

 পঞ্চাশে এবং পরে

- সাকিব জামাল


এখনও চৈত্রের মতো রুক্ষ সমকাল। 

পথে পথে শিমুল রঙ- জনতার দ্রোহে!

অধিকার আদায়ের আওয়াজ- 

উত্তপ্ত দখিনা বাতাস হয়ে বয়ে যায়!

বসন্তে আর বসন্ত নেই মনে!



অথচ, আমরা চাই, পঞ্চাশে এবং পরে-

রাজপথ, জনপদ নির্বিঘ্ন হোক।

নির্বিঘ্ন হোক আমজনতার পথচলা। 

শান্তির আবাসে বাঁচুক মানবতা।

বাঁচুক প্রেমে- সবার স্বাধীনতা!

জলের কোন জাত নাই

 জলের কোন জাত নাই!

- সাকিব জামাল


জলের কোন রঙ নাই। 

               জলের কোন জাত নাই!

জল পিপাসায় কাতর কাউকে- 

               আঘাত করা ধর্মে নাই!



ইতিহাস স্বাক্ষী।

জলকষ্টে যারাই মারতে চেয়েছে মানুষ,

ভালো থাকে নি তারা কখনো পরে!

প্রকৃতির বিচার অলৌকিক,

ঘটে হঠাৎ হঠাৎ করে।        



হও সাবধান!

                গাও মনুষ্যত্বের গান। 

জলের জন্য কেউ কেড়ো না-

                    অন্য কারও প্রাণ।

পুঁজিবাদ

পুঁজিবাদ

- সাকিব জামাল


পুঁজিবাদের কবিতায়- 

মানুষ এবং কর্মী মৌমাছি একই সুরে গান গায়!



যতদিন জীবন, চলে নিরন্তর ছুটে চলা।

তবে মৌ-টুকু কার ভাগ্যে শেষমেশ, 

জানা থাকে না সে গন্তব্য কারও!

অথচ সংগ্রহ সংগ্রামে- 

জীবনবাজি রাখে কর্মীপক্ষ!



বিভ্রান্ত থাকে অগ্রজেরা- 

শেষ ভোক্তার ভবিষ্যৎ ভাবনায়,

শতভাগ শুদ্ধ কোন চরিত্র নেই- 

পুঁজিবাদের কবিতায়!

কয়েকটি হাইকু

 কয়েকটি হাইকু

- সাকিব জামাল

১.

রূপালী চাঁদ 

জাগে হৃদয়ে প্রেম 

মানে না বাঁধ।



২.

জোছনা রাতে,

তোর বদন দেখি-

ফাগুনে চাঁদে!



৩.

শ্যাওলা শূল- 

বদ্ধপুকুর মনে

ফোঁটে না ফুল!



৪.

ফাগুনক্রান্তি

'তুমিময়' বসন্ত 

ভীষণ ভ্রান্তি!



৫. 

চৈতালী রোদ,

যেন প্রেমিক মনে-

বিরহ বোধ।

শুক্রবার, ১২ মার্চ, ২০২১

তব এসেছিলে তুমি

 তব এসেছিলে তুমি

- সাকিব জামাল


তব এসেছিলে তুমি একদিন কাছে মোর

সে সময়টুকুই শ্রেষ্ঠ এ জীবনে! 

নব নব স্বপ্নের করে দিয়েছো যে শুরু

আজ কেন? কোনদিনও হবে তার শেষ।



কেটে যায় দিন-রাত, আসে নতুন ভোর

ভাবি বসে একা আমি, আসবে তুমি ফের কবে

হংস মিথুনের জুটি হয়ে আবার উঠবো মেতে-

ক্লান্তিহীন ভালোবাসায় শুধু দুজনে হতে নিরুদ্দেশ।

এক হিংস্র শতাব্দী

 এক হিংস্র শতাব্দী

- সাকিব জামাল


বোধহয়, বর্তমানে বিশ্বে-

একবিংশ নয়, এক 'হিংস্র' শতাব্দী চলে!



জনপদে জনপদে- 

চলে মানবাধিকার লংঘনের মহোৎসব।

মানুষের পরিচয় ভুলে গেছে মানুষ!

ভুলে গেছে বোধের বিবর্তনে বিবর্তিত হয় জৈবিক কোষ,

সে ধারায় হোমো-সেপিয়েন্সও বিলুপ্ত হতে পারে একদিন।

কি হবে মানুষের পরিচয় সেই দিন?



হৃদয়ে রেখে- 

এক 'মানবিক' যুগের অভিপ্রায়,

এখনই সময়, 

উন্নত অনুজ প্রজন্ম সৃষ্টির জন্যে,

মানবপ্রেমের মহিম মন্ত্রে,

হিংস্রতাকে উচিত জানানো বিদায়।

নারী

 নারী

- সাকিব জামাল


নারীরা পৃথিবীর নাড়ি, 

মায়ের কোলেই সব পুরুষের বাড়ি।

তোমার অভিমানে...

 তোমার অভিমানে...

- সাকিব জামাল


প্রতিরাতের পাতায় পাতায় 

অদৃশ্য ইতিহাসে লেখা আছে,

তোমার অভিমান ভাঙতে- 

ঝরেছে কতো সমুদ্র জল দু'চোখে আমার!



অবাক হয়েছি, ভালোবাসার একান্ত অভিধান-

যখন খচিত হলো বিচ্ছেদের অনল রঙে,

নিরবে পুড়ে পুড়ে ছাই হলো যুগল প্রেমের স্বপ্নসকল,

তখন দুঃখ লাগে নি তোমার!



অথচ, রাতজাগা ক্লান্ত চোখদুটো আমার

প্রতিদিন তোমার অপেক্ষায়- 

ঝরা শিউলি ফুল হয়ে চেয়ে থাকে!

ফাগুনের আগুনে পূর্ণিমায়

 ফাগুনের আগুনে পূর্ণিমায়

- সাকিব জামাল


ফাগুনের আগুনে পূর্ণিমায়, 

ডুবে যায় মন- তোর দরিয়ায়!



শুদ্ধ প্রেমের শুভ্র সময়, 

হয় হয় বুঝি, দ্রুত হয় ক্ষয়।

করিস না তার- 

বিন্দু অপচয়!



নিভৃতে সখী, দ্রুত কাছে আয়!

গভীর প্রেমে, 

বেঁধে রাখ ফ্রেমে-

যুগলবন্দি সময়, লক্ষ্মী জোছনায়।



ফাগুনের আগুনে পূর্ণিমায়, 

ডুবে যায় মন- তোর দরিয়ায়!