মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

রোদ্দুর মুছে যাবার শেষে

 রোদ্দুর মুছে যাবার শেষে

- সাকিব জামাল


জীবনানন্দ নেই প্রিয়! দীর্ঘশ্বাস কমাতে 

তোমার প্রেমে পড়েছিলাম তাই। 

অথচ তোমার সাথে দেখা হবার পরে

দীর্ঘশ্বাস বেড়ে গেছে আরো বহুগুন।

তুমিও হারিয়ে ফেললে ঢেউ;

ধানসিঁড়ি নদীর মতন?

দুঃখবোধ এখানেই! রোদ্দুর মুছে যাবার শেষে,

এখন আর নাটোরে বেড়াতে আসে না কেউ!

টিপ

 টিপ

- সাকিব জামাল


তোমার ইশকে-

ঘুরি আমি লাটিমের মতো।

তোমার কপালে টিপ যেমন;

স্থির করে দাও আমায়।

বিলীন হই আমি, তোমার মাঝে-

মানডালার রেখায় রেখায়।

বাতি জ্বলুক প্রেমে-

মোকামে, মোকামে!

চাঁদরাত

 চাঁদরাত

- সাকিব জামাল


আমি চেয়ে থাকি, চেয়ে থাকি তোমার আকাশে

তুমি হেসে দিলেই শুরু হয় ঈদ আমার!

উচ্ছাসে, গেয়ে ওঠে হৃদয়ের গহীনে 

কত পাখি কত সুরে- অগণন!

সুরভি ফুলের পোশাকে সাজে নিউরনকুঞ্জ;

মগ্ন পাঠে তোমার ব্যস্ত সারাক্ষণ। 

আহ্! কী সফল ঈদ! 

এক ফালি চিরন্তন চাঁদ হোক তোমার ঠোঁট।

ঈদ হোক আমার অনন্তকাল- সীমানাবিহীন প্রেমে!

রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

দিন ফুরানোর গান

 দিন ফুরানোর গান

- সাকিব জামাল


মাগরিবের আযানঃ 

মনেহয় যেন, জীবনের-

দিন ফুরানোর গান!

সূর্যাস্তের ওয়াক্তে, তাই 

মন জুড়ে ভেসে বেড়ায়-

মায়াবী মাটির ঘ্রাণ!

অণুগল্পঃ দেহ

 অণুগল্পঃ দেহ

- সাকিব জামাল। 

-------

ওয়াশ রুম থেকে বের হয়ে কাঁপছিল মিতা। দীর্ঘক্ষণ অন্ধকার রাত পার করে এইমাত্র একটু আলোর দেখা মিললো ওয়াশ রুমে! সে দেখলে তার পুরো শরীরটা। দেখলো নিজের প্রিয় দেহ। একসময় এই শরীরটা নিয়ে বেশ অহংকার ছিল তার। আয়নার সামনে দাড়িয়ে নিজের দেহ নিজে দেখেই অন্য ধরণের এক শিহরণ অনুভব করতো সে। পৃথিবীর শ্রেষ্ঠতম শারীরিক গঠনের  নারীদের মিথগুলো তাকে স্বপ্নের জগতে নিয়ে যেত। প্রায়শই নিজেকে তাদের সমকক্ষ মনে করে ফ্যান্টাসিতে ডুবে যেত মিতা। সে ফিসফিস করে বলতো, ডায়না ইজ ব্যাক! ইটস্ নাট মিতা, ইটস্ ডায়না, প্রিন্সেস ডায়না!


এখন তার ভীষণ অসহায় মনে হচ্ছে নিজেকে। আশেপাশের কাছের মানুষজন আর খোঁজ নেয় না! বিশাল ফ্লাটে একাই কাটে দিনকাল। একাকীত্বের যন্ত্রণা সইতে না-পেরে সোশ্যাল মাধ্যম থেকে খুঁজে নিয়েছিল এক যুবককে। গত রাত তার সাথে আড্ডা দিয়েছে। স্যাডিস্ট যুবক। ভোর রাতে চলে যায়। এরপর দীর্ঘক্ষণ ওয়াশ রুমে কাটায় মিতা। বারবার গোসল করে। কেমন যেন অসস্তি লেগেই আছে। কোনভাবেই কাটছে না! রাতে তার দেহে ঐ যুবকের দাতের কামড়, নখের আঁচর বেশ যন্ত্রণা দিচ্ছে। মনে বাড়াচ্ছে বিরক্তি। সকালের আলো ওয়াশ রুমের ভেন্টিলেটর দিয়ে পৌঁছে পড়েছে তার গায়। কিছুটা ভালো লাগে। তখন বের হয়। কিন্তু শরীরের পালপিটিশন কমে না। বয়স হয়েছে। পঞ্চাশ কম কথা নয়!


বিছানায় শুয়ে পড়ে মিতা। মস্তিষ্কজুড়ে ভেসে ওঠে অতীতের স্মৃতির ফোল্ডারসমূহ। বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল সে। ছিল রাজকন্যার মত অর্থনৈতিক সমৃদ্ধ। ব্যবসায়ী বাবা মেয়ের উচ্ছশৃঙ্খল জীবনযাপন দেখে পড়াশোনা চলাকালীন সময়ে একজন বোকাসোকা তবে শিক্ষিত ছেলের সাথে মিতাকে বিয়ে দিয়ে দেয়। মিতা এটি মেনে নিতে পারে নি। মাস পেরোতে না পেরোতে সে ডিভোর্স দিয়ে দেয় ছেলেটিকে। ডিভোর্স লেটার পেয়ে মনোজ মিতাকে কিছু না-বলেই দু-তিন দিন পরে হঠাৎ একসময় চুপচাপ চলে যায় আর ফিরে আসে নি! মিতার বাবা এ ঘটনায় প্রচন্ড কষ্ট পায়। কয়েক মাস পরে ছেড়ে যান পৃথিবী। শুরু হয় মায়ের সাথে মেয়ের সংগ্রামী জীবন। তবে মিতা ছিল ডোন্ট কেয়ার টাইপের। সময়ের গতিতে সময় এগিয়ে যায়! মিতার গ্রাজুয়েশন শেষ। সে জব শুরু করে একটি প্রাইভেট কোম্পানির রিলেশনশীপ ম্যানেজার হিসেবে। তার মাও মিতার বাবার ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেয়। এরপর ঘরে বসে থাকতে থাকতে বার্ধক্যজনিত কারণে একদিন বিদায় নেন। এসব স্মৃতির সিন্দুক আজ মিতার মাথায় শুধুই ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাচ্ছে তার মা তাকে কতবার দ্বিতীয় বিয়ে করতে বলেছে সেসব। দৈহিক সৌন্দর্য্য আর শারীরিক শক্তির জন্য তখন কোন কিছুই পাত্তা দেয় নি মিতা। তবে আজ কেন অসহ্য নিঃসঙ্গতা তাকে ঘিরে ধরেছে। কেন? বয়স বেড়ে গেলে কী সব নারীই নিঃসঙ্গ হয়ে পড়ে!


মিতার আজ মনোজের কথাও মনে পড়ছে। কোথায় আছে সে। আদৌ বেঁচে আছে! ভাবছে, ইস্, বিয়ের পরে একবার যদি আমি মনোজদের দেশের বাড়ি যেতাম তবে হয়তো তাকে খুঁজে পেতাম! কতো ভালোবাসতো সে মিতাকে জানার চেষ্টাও করি নি- আফসোস! আবার ভাবে, মনোজ কী আর বিয়ে না-করে আছে? হয়তো অনেক সুখেই আছে তাই আমার আর খোঁজ রাখেন নি! ফিসফিস করে মিতা বলে ওঠে, মনোজ আই আম সরি! আমি তোমার সাথে ইনজাস্টিস করেছি!


বিছানায় শুয়ে এসব ভাবতে ভাবতে মিতার চোখে ঘুম চলে আসে। ক্লান্তির ঘুম! ঘুমের মাঝে শিয়াল, শকুন, কুকুরের রূপে ভেসে ওঠে এক একজন পুরুষ- যারা তার দেহই ভোগ করেছে, কেউ ভালোবাসেনি! ভেসে ওঠে মিতার নিজের মুখটিও! মুখে লাবণ্য নেই, হাসি নেই! আছে শুধু দেহ নিয়ে অহংকার করা এক কামুক নারীর অবয়ব! মন অশান্ত থাকলে ঘুম হয় না! মিতা জেগে ওঠে বারবার, কিন্তু ক্লান্তি তাকে জড় পদার্থের মতো বানিয়ে ফেলেছে আজ! ক্লান্তির ঘুমে, অসার মিতা ফিসফিস করে বলে, মনোজ, "এই দেহ তোমার! শুধুই তোমার!" শব্দগুলো হয়তো ফ্যানের বাতাসে মিশে ঘরেই ঘুরপাক খায় শুধু! প্রাকৃতিক হিমেল হাওয়া কামনার কবিতা শোনে না, সে বয়ে বেড়ায়- প্রেম! পবিত্র প্রেম! পৌঁছে দেয় ভালোবাসার মানুষের কাছে।

------


বিষন্ন ফুল

 বিষন্ন ফুল

- সাকিব জামাল


ভেঙে যাওয়া প্রেমের গল্পে 

চোখের জলই কবিতা!

মুহুর্তে মুহুর্তে আনমনে- নিউরন দোলে

জেগে ওঠে স্মৃতির ডুবোচর। 

অস্থির চর গিলে খায়- জীবন জাহাজ!

স্থবির হয়ে ঘাসের বুকে, 

পড়ে থাকে মালা সাজানোর স্বপ্ন-

নির্বিকার। তারপর...

জীবন সেতো একঝাঁক বিষন্ন ফুল!

সোমবার, ১ এপ্রিল, ২০২৪

প্রেম

 প্রেম

- সাকিব জামাল


শার্টের বোতাম খুলে দিয়েছি

লিলুয়া বাতাস তূমি চুমো দিয়ে যাও।

বুকের দহন আমার 

চুষে নাও প্রেমে!

আমাকে ভাঙো-গড়ো। 

করো রেণুময়।

ভেসে গিয়ে বসে পড়ুক স্বপ্ন, ফুলের ভাঁজে।

জিকির হোক ভালোবাসার!

প্রার্থনা

 প্রার্থনা

- সাকিব জামাল


যখন সূর্য হেলে পড়ে

আমিও অবনত হই- তোমার প্রেমে!

ধীরে ধীরে নৈসর্গিক মায়ায়

কী দারুণ নিস্তব্ধতা নেমে আসে! আমি কথা কই, 

কথা কই তোমার সাথে বারবার।

তবুও কেন ডুবে রই তুমিহীন- অথৈ দরিয়ায়?

কতকাল হয়ে গেল, জনম যায় যায় প্রায়

আমায় তুমি নায়ে তোল না! 

প্রেমের গান আমার

কবুল করো মাঝি তোমারই দয়ায়।