বুধবার, ২০ জুলাই, ২০১৬

ঈদের সাজ

নতুন পোশাকে সাজাবে দেহ
মন সাজাবে কেমন করে ?
সাজাবে কি তারে ভালোবাসায় 
তব বিশ্ব মানবতার তরে ?
এক দিন নয় সাজাও প্রতি দিন
শুভ কামনায় তোমার মন ।
মনের সাজে অশুভ হবে দূর
তবেই সফল ঈদ কল্যান চিরন্তন ।

জলের গান

অনুরোধ করি, শোন হে বিশ্ববাসী আমার আজকের আহবান
সবাই মিলে এসো গাই সমস্বরে এক ভিন্নতর ' জলের গান ' ।
সুপেয় পানিই জীবন এ কথা সবারই আছে জানা
সে অধিকারেও পড়ছে আজ বিশ্বজুড়ে দানবের হানা ।
দিনে দিনে বাড়ছে বিশ্বের প্রান্তরে প্রান্তরে নদ-নদীতে বাঁধ
মানবের কারনে মানব মারার তৈরী হচ্ছে নতুন নতুন ফাঁদ ।
আমি বলি প্রকৃতির দেয়া এই দানে আছে সবার অধিকার
সুপেয় পানির সংকট সৃষ্টি স্পষ্টত লংঘিত মানবাধিকার ।
জাতিসংঘের আছে হুশিয়ারী তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে জলের কারনে
দরিদ্রতার চেয়েও মহামারী হবে তা - সকল সচেতন চিত্তই জানে ।
জাগ্রত হও বিশ্ববিবেক, এখনই আনো একই সুর সবার কন্ঠস্বরে
যে দেশেই হোক, যে নদীরই হোক - ' সব জল সকলের তরে '।
সার্বজনীন পানি বন্টন নীতি হোক রাজনীতি অর্থনীতির ঊর্ধ্বে
জল যেন না হয় ' তেল ' কিংবা কোন বাণিজ‌্যিক পণ্য ভবিতব্যে ।
পানি মজুদকারীদের লোভ থেকে মুক্ত থাকুক কোটি মানুষের প্রাণ
এই হোক আজকের ব্রত - এই মোদের ভিন্নতর ' জলের গান ' ।

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

ঈদের শেষে

ঈদের শেষে খানিক পরে
ভুলিস নারে মন
জেগেছিল সবার তরে
যে ভ্রাতৃত্ব বন্ধন ।
ভালোবেসে রাখিস ধরে
আজকের দিনের ভাব
ধনী গরিব ভেদাভেদ হীন
এ সময়টুকুর ছাপ ।
ঈদের শেষেও থাকুক মম
এ আত্মার বন্ধন চিরদিন
পুরো বর্ষ থাকুক হর্ষ
দু:খ করে লীন ।
ভালোবেসে থাকরে মন
সদা আজকের ন্যায়
বয়ে যাক শান্তির বাতাস
তব তামাম দুনিয়ায় ।

সুকেশিনী

সুকেশিনী, দেখে তোমার চুল
হয়ে ভীষণ আত্মহারা
ফিসফিস করে বলে
নীল আকাশের সব তারা –
" ইচ্ছে করে নেমে এসে
হই তোমার খোপার ফুল
থাকি তোমার প্রেমে বিভোর
হয়ে আমি চির ব্যাকুল ।
জ্বলি মিটিমিটি প্রতি রাতে
তোমার চুলের মাঝে
ভালোবেসে মিশে থাকি
সুকোমল খোপার ভাজে । "

চাই কদম, চাই প্রেম

হে নয়ন শীতলকারী মালিনী মোর
তোর কাছে -
চাই কদম, চাই প্রেম ।
এই আষাঢ়ে কোন আষাঢ়ে গল্প নয়
তোর কাছে -
চাই রিমঝিম ভালোবাসা- সেই তো মণি মুক্তা হেম ।
জানি প্রেমেও জৈব যৌগের বহুরূপতা আছে
ছলা কলা অথবা রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই
প্রেমও নাকি তেমনি !
যারা প্রেম করছে সবাই কসম করেই এ কথা বলেছে !
তবুও সাহস করি - তোর কাছে যাওয়ার
কেন জানিস ?
শুনেছি কদম ফুল তোর ভীষন প্রিয় ।
পথশিশুদের কাছ থেকে অনেক আদর করেই চড়া দামে কিনে নিয়ে
ভালোবাসার আভিজাত্য দেখাস্ তুই
তাইতো এই বর্ষার মত তোকে ছুতে চাই
কদম ফুলকে ভালোবেসে সিক্ত বর্ষার মতই ।
কিফিরিয়ে দিবি ? নাকি কদমফুলের মত কিনে নিবি ! প্রেম অভিসারে প্রত্যাশায় বিনামূল্যে !
হে নয়ন শীতলকারী মালিনী মোর
অপেক্ষায় রইলাম -
প্রস্ফুটিত কদম তলায়।