বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০

ঘুমের পরি

ঘুমের পরি

আকাশ থেকে ঘুমের পরি-
এখনই এসো নেমে,
সোনামণিকে ঘুম দিয়ে যাও
কান্না যাক থেমে।
ঘুমের দেশে ফুল বাগানে
সোনামণি করবে খেলা,
সুখের রাজ্যে আনন্দে ভাসবে
সোনামণি রাতের বেলা।
কোরোনা দেরি ঘুমের পরি
তাড়তাড়ি কাছে আসো,
মা'র মতো আদর সোহাগে
সোনামণিকে ভালোবাসো।
ঘুমের পরি এসে বলে,
"জেগে থেকোনা আর!
শুভরাত্রি, আমার সোনামণি,
নাও ঘুম উপহার।"


হঠাৎ করিয়া গেলি চলিয়া

হঠাৎ করিয়া গেলি চলিয়া


হঠাৎ করিয়া গেলি চলিয়া
আমারে তুই ছাড়িয়া,
এখন শুনি কান্দ বসিয়া-
আঁচলে মুখ ঢাকিয়া।।

প্রেমের কালে কতো কইলাম
আমিই তোর আপনজন,
বুঝলি না তুই আমার কথা
ভাবলি মিথ্যা আয়োজন।
এখন আর কী লাভ হবেগো
পিছনের কথা ভাবিয়া।।

প্রেমের দাম যে জানে না
দুঃখ তার আজীবন,
সুখের আশা যায় যে বৃথা
দুই মনেরই মরণ।
আমারে ভুলিয়া যারে তুই,
আমি) কষ্ট যাবো সহিয়া।।
-----------
কবিতার ধরণ: পল্লীগীতির লিরিক।

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০

বিরহের চিত্রলিপি

নিয়ত বিরহের আগুনে পুড়ে হৃদয় হয়- 'কয়লা', নয়নের জল মিশে তা- কালি!
রাতজাগা পাখির পালকে বেদনার আঁচড়ে,
মধ্যরাত্রির নির্জনে,
নিস্তব্ধতামাখা কালের ক্যানভাসে আঁকি-
বিরহের কবিতা আমার!
মহাবৈশ্বিক স্মৃতি ভাণ্ডারে পাতায় পাতায় সঞ্চিত করে সাজাই বই,
কেউ পড়ে কিনা- আজ অবধি জানতে পারি নি!

বিরহের চিত্রলিপি: জগতের সবচে' দুর্বোধ্য কবিতার ক্যানভাস।
-------------
০২.০১.২০২০ । যাত্রাবাড়ি, ঢাকা।
রাত দুটো নির্ঘুম চোখে।

ইয়ার টি টুয়েন্টি!

সময় চলে এগিয়ে সামনে, সামনে চলো তুমি,
মাতো হর্ষে নতুন বর্ষে, ইয়ার টি টুয়েন্টি!
চার মারো, ছক্কা মারো, জীবন তোমার হোক সফল,
দুঃখ দুদর্শা আউট করো, হোক ভালো দিন বদল।
স্বপ্ন গড়ার মাঠে তুমি- খেলে যাও দুর্দান্ত!
শুভেচ্ছা তোমায় নতুন দিনের, শুভ কামনা অনন্ত।

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

নিত্য সূর্যগ্রহণ

এই জীবনে 'সূর্যগ্রহণ'-
সেতো, তোমার বিদায় বিরহেই- শুরু হওয়া ক্ষণ!
সেদিন থেকেই দুঃখের পর দুঃখের বলয়ে বন্দি আমি,
আজ অবধি বিরতি নেই!
বিরহের থাকে না কোন সালতামামি!
মুক্তি মেলেনি ভালোবাসার,
মুক্তি পায়নি সুখের স্বপ্ন!
বিরহবৃত্ত বন্দি হয়েই চলছে জীবনে-
নিত্য সূর্যগ্রাস!
নৈমিত্তিক বিরহবাস।।