সোমবার, ২০ জানুয়ারি, ২০২০

অনেক বড় হবো

অনেক বড় হবো

- সাকিব জামাল

কথা দিলাম মাগো তোমায়
অনেক বড় হবো,
তোমার স্বপ্ন পুরণ করে
সুখপাখি এনে দেবো।

দু:খ-কষ্ট হবে বিলীন
দেখো, তুমি মা!
হাসির বন্যা বইবে সেদিন
কান্না করো না।

এবার একটু হাসো তুমি
আমায় কোলে নিয়ে,
আমায় দোয়া করো তুমি
আলতো চুমো দিয়ে।

রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০

অন্তরে অস্তিত্বে একলা পুরুষ!

জীবন্ত জীবনে একলা হয়ে পড়ার মতো- বাড়ন্ত বড় কষ্ট দ্বিতীয়টি নেই!
যদিও প্রকৃতিমাতা একলা পাঠায় পৃথিবীর বুকে, একলা ডেকে নিয়ে যায় ফের,
তবুও একলা মন চায় না থাকতে, চায় না একলা দেহ চলুক সুখের খোঁজে,
চাওয়ানুযায়ী প্রাপ্তিযোগ উপেক্ষিত রেখে, প্রাপ্তিসূচক পরিতৃপ্তির ভঙ্গিমায়,
সাময়িক সামাজিক সঙ্গতি প্রকাশে-
দলবদ্ধ বলয়ের জন্যই আমৃত্যু কাজ করতে হয়!
মূলত আর্থিক প্রাধান্যবহুল কাজ, কায়িক ও মানসিক শ্রম সমেত।
কী অদ্ভুত কর্মী মৌমাছি জীবন!

পুরুষ: বংশগতির উভয় ক্রমোজোম বয়ে বেড়ানোর বাহকমাত্র-
অন্তরে অস্তিত্বে একলাই রয়ে যায় আজন্মকাল।।

বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০

একটু হাসো সূর্যমামা

একটু হাসো সূর্যমামা

- সাকিব জামাল

সূর্যমামা, সূর্যমামা
বেড়াতে তুমি আসো,
পায়েস দিবো, পিঠা দিবো
একটু মুচকি হাসো!
শীতে কাবু, জবুথবু
কুয়াশায় ঢেকেছে সব,
ভালোবেসে হাসলে তুমি
হবে মুখর কলরব।

গন্তব্য আমার প্রেমের পথে

গন্তব্য আমার প্রেমের পথে

- সাকিব জামাল

গন্তব্য আমার প্রেমের পথে... তোমার কাছে, তোমারমূখী ।।
অথচ, মাঝে মাঝেই কুয়াশার নেকাব দৃষ্টিসীমা কমিয়ে দেয়!
শিশিরে পিচ্ছিল করে পথ, 'হেড লাইট' আলোক যথেষ্টতা হারায় ।
প্রেমের পথের সাথে সংযুক্ত হয় বিরহ পথ, সে মোড়ে- দিশাহীন হই!
বোধিকা সঙ্গত করে না ঠিকঠাক, চৈতণ্য চয়নিকা স্তিমিত স্বরূপ,
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে প্রায়! আমি হই- এক উদ্ভ্রান্ত বাউল ।
এমতাবস্থায়,জীবনে চলার পথে আমার 'সূর্যজ্ঞান সম্বনিতা'- তুমি!
কুয়াশার নেকাব সরাও,পথচলা উপযুক্ত করো, আলো দাও, হে সারথি-
গন্তব্য আমার প্রেমের পথে... তোমার কাছে, তোমারমূখী ।

একটু স্পর্শ দাও, কবিতা!

একলা কবিতা আসবে বলে- কতো রাত জেগে থাকি,
কখনো আসে ভালোবেসে, কখনো দেয় ফাঁকি!
হোক প্রেমের দেবীরূপে অথবা হোক দ্রোহের রুদ্ররূপে-
যদি আসো, যদি ভালোবাসো- তবে সৃষ্টি হয়!
                সৃষ্টি হয় সভ্যতার গতি সম্মূখে,
                সৃষ্টি হয় খাতায় নতুন পাতা জীবনে।
তুমি আসো, একটু স্পর্শ দাও,কবিতা!
যদিও জানি, স্বতঃস্ফুর্ততা ছাড়া তুমি আসোনা।
তবুও, আমার প্রতীক্ষার প্রহর যতো দ্রুত পারো ভাঙো।
তোমার স্পর্শ বিহীন, আমি অর্থহীন!
আমাকে অর্থবোধক করো...