মঙ্গলবার, ১২ মে, ২০২০

হবে কি ফের দেখা?

হবে কি ফের দেখা?

পরিস্থিতি সাপেক্ষে, জীবন এখন একটি কোয়ান্টাম কণিকার মতো-
হাইজেনবার্গের 'অনিশ্চয়তা নীতি' নির্ভর দোদুল্যমান অবস্থায়,
'দশা' স্পষ্ট করে বলা যায় না কারো!


যেমন ধরো, সমকালে আমাদের মাঝে দূরত্ব বেড়ে গেলো,
ভৌগলিকভাবে কাছাকাছি থেকেও চোখের আড়াল,
মনের দূরত্ব কমেছে নাকি বেড়েছে- অনিশ্চিত।
এ অনিশ্চিত সময় দীর্ঘ হয়ে হয়ে এগিয়ে চলছে মহাকালমূখে,
সঙ্গত কারণেই 'ফের দেখা' অনিশ্চয়তার দোলাচলে!


ঘুরে ফিরে মন বারবার মনকে বলে-
হবে কি ফের দেখা, বসবে মেলা আনন্দলোকে?

বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

মানুষের প্রথম গীতিকবিতা

পৃথিবীতে মানুষের প্রথম গীতিকবিতা 'কান্না'...


কান্নার সুরেই জানান দেয় শিশু
এসেছে সে পৃথিবীর বুকে ।
অজানা ভবিষ্যৎ, হাসি-কান্নার মেলবন্ধনে
জীবনের চাকা চলে সুখে-দুঃখে ।
কান্নার উপকরণ সামনে এলে তাই,
বিমর্ষ হতে নাই! ভেঙে পড়তে নাই!
আলিঙ্গনে তাকে, তুমি এগিয়ে চলো সামনে,
'জন্মমুহূর্ত' হোক প্রেরণা ।


পৃথিবীতে মানুষের প্রথম গীতিকবিতা 'কান্না'...


স্বপ্নের দৈর্ঘ্য অসীম

স্বপ্নের দৈর্ঘ্য অসীম

জীবনের দৈর্ঘ্য সসীম, তবু অসীম দৈর্ঘ্যে স্বপ্ন দেখে মন!
স্বপ্নের অসীম দৈর্ঘ্যেই বেঁচে থাকে মানুষের আগামীক্ষণ ।
ভয় নেই! ভাঙে স্বপ্ন যতবার,
তার বহুগুণে, স্বপ্ন দেখো বারবার ।
স্বপ্ন দেখো মন, স্বপ্ন দেখো নিরবধি, পারো যতোক্ষণ!


উন্নয়ন ও সমৃদ্ধির তৈলচিত্র

উন্নয়ন ও সমৃদ্ধির তৈলচিত্র

কীভাবে আঁকা হয় উন্নয়নের ছবি?
কীভাবে লেখা হয় সমৃদ্ধির ইতিহাস?
নানা মুনির নানা মতে-
                         'মূলত' মতঃ শ্রমিকদের কথা!
দিনের পর দিন, রাতের পর রাত-
শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমে দেহনিঃসৃত ঘাম
আর যথাযথ অধিকার না-পাওয়ার দীর্ঘশ্বাস মিশে হয়
রঞ্জক পদার্থ ইতিহাসের পাতায়, সময়ের সাথে সাথে-  
একটু একটু করে আঁকা হয় উন্নয়ন ও সমৃদ্ধির তৈলচিত্র ।

করোনাযুদ্ধ এবং পূর্বপুরুষদের কথা

করোনাযুদ্ধ এবং পূর্বপুরুষদের কথা

তোমার পূর্বপুরুষদের কথা ভাবো-
দুঃখ কমে আসবে, পাবে সংগ্রামী শক্তি ।
বেশিদিন আগের কথা না!
তোমার পূর্বপুরুষ প্লেগ মোকাবিলা করেছে ।
তোমার পূর্বপুরুষ বসন্ত মোকাবিলা করেছে ।
মোকাবিলা করেছে কলেরা, যক্ষ্মা ।
মোকাবিলা করেছে শত শত ভয়ঙ্কর ভাইরাস, ব্যাকটেরিয়াসহ কতো কতো জীবাণু!
তুমি সাহস রাখো মনে তোমার পূর্ব পুরুষদের মতো ।
অবশ্য তাদেরও কিছু কিছু স্বপ্ন ভেঙেছে, কিছু কিছু প্রিয়জন হারিয়েছে!
কিন্তু থেমে যায়নি পথচলা...
সভ্যতা ধ্বংস হতে দেয়নি তারা!


মন বলে, চলমান এ করোনাযুদ্ধে-
তুমিও জিতবে তোমার পূর্বপুরুষদের মতো ।