বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

লুকোচুরি খেলা

এই কাছে পাই তোমায়
এই পাই না,
লুকোচুরির এ খেলা, কিগো-
শেষ হবে না।।


হঠাৎ সোনালী রোদ
হঠাৎ বৃষ্টি নামে,
হঠাৎ প্রেম তোমার
হঠাৎ বিরহে থামে!
ভালোবাসার আসা-যাওয়া
ভালো লাগে না।
লুকোচুরির এ খেলা, কিগো-
শেষ হবে না।।


ক্ষণিক হাসো তুমি
ক্ষণিক করো মান,
ক্ষণিক ভাসাও আমায়
ক্ষণিক ডুবাও প্রাণ!
সুখ দুখের উথাল পাথাল
আর সয় না!
লুকোচুরির এ খেলা, কিগো-
শেষ হবে না।।

বুধবার, ২৬ আগস্ট, ২০২০

অপরূপা শরৎ (সনেট)

 

অপরূপা শরৎ (সনেট)

- সাকিব জামাল

শরতের সারথি সে- শাদা কাশফুল,
শিশির শুভ্রতা ভেজা- ঐ শিউলিদল,
স্নিগ্ধতা নদীর বুকে- জল টলমল,
ভেসে চলা মেঘকূল- আকাশে অতুল।
মেঘ-সূর্য লুকোচুরি- সৌন্দর্য্য প্রতুল,
সবুজের মাঠে ধান- নাঁচে নৃত্যদল,
গানে গানে ওড়ে পাখি- উচ্ছল সকল,
উঁচু শিরে ফুটে ওঠা- শাপলার ফুল।

শরৎ সারথিসব- মনে দেয় দোলা,
প্রশান্তির ছোঁয়া লাগে- হৃদয়ে গহীন।
ঋতুরানি অপরূপা- শরৎ দারুণ!
প্রেম আবেদন তার- যায় না যে ভোলা,
বাংলার শরত প্রেমে- দৃঢ়তা কঠিন।
বারবার প্রেমে পড়ে- হয়ে যায় খুন!

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

হরিজন পল্লীগীতি!

 

হরিজন পল্লীগীতি!

- সাকিব জামাল

গতকাল রাতে, আমি আকাশে ভেসে বেড়েছি কিছুক্ষণ
আনন্দ শেষে, ক্লান্তি নামে, মেঘ করে মনে-
আমি গলে গলে ক্ষয়ে পরি!
রাস্তায় জ্বলছিলো সরকারি ল্যামপোস্ট,
সে আলোয় নিজেকে দেখি- বৃষ্টির ফোটা, পৃষ্ঠটানে বৃত্তবন্দি-
গোলাকার, স্বরূপ পরিবর্তনের চেস্টা যেখানে দুঃসাধ্য!
চিকচিক রোশনাই ছিলো স্বল্পস্থায়ী স্বপ্নের মতো!
তারপর, আরো আরো নিম্নমুখী অভিকর্ষজ বলে-
আমাকে ফেলে দেয় পথের ধুলোয়,
পদদলিত হতে থাকি অবিরত!
অদূরে হরিজন পল্লী। ভেসে আসে আজন্ম দুঃখের সুর।
আমি শুনি সে গান, আর কেউ শোনে কিনা জানি না!

সোমবার, ২৪ আগস্ট, ২০২০

লাল কাপড় ও একটি কালো ষাড়!

 

লাল কাপড় ও একটি কালো ষাড়!

- সাকিব জামাল

একটি কালো ষাড় হেটে চলছে...
সামনে ওড়াও লাল কাপড়-
শান্ত নাকি উগ্র? পরীক্ষা হয়ে যাক!
যদি সমাজ কিংবা রাজকাহনে-
কালো মনের মানুষের হিংস্রতা বুঝতে চাও,
দ্রোহপ্রেমে লাল রঙ করো তোমার যুগল চোখ!
অথবা বজ্রমুষ্টিবদ্ধ হাতে ওড়াও লাল নিশান-
পথের সাথীকে চিনে ফেলা পরীক্ষাটি আগে হোক!
তারপর, বঞ্চিতদের অধিকার আদায়ে-
তোমার ছক আঁকো,
দূর করো কালো মনের দৌরত্ব।


রবিবার, ২৩ আগস্ট, ২০২০

আমাকে ভালোবাসতে বারণ!

 

আমাকে ভালোবাসতে বারণ!

- সাকিব জামাল

দুঃখিত, আমাকে ভালোবাসতে বারণ!
বারণের কারণ-
চাল-চুলোহীন আমার, কিছুই নেই-
হৃদয়জুড়ে কেবল আছে- একটি বাউলে মন!
ভালোবাসলে তাই-
দু' চারটি গান বা কবিতা পেতে পারো-
তোমাকে উৎসর্গ করে,
কয়েকদিন চলতে পারে, তারপরে,
এভাবে চলবে না তোমার!
তারচে' বরং ভালোবাসো কোন রাজপুত্র-
হবে সব ইচ্ছে পূরণ!
শাড়ি, চুড়ি, গয়না... সবকিছু থাকবে- তোমার হাতের মুঠোয়!
তবে বলতে পারি না, কবিতা বা গানের সুরে-
তোমার ঘুম ভাঙার অপেক্ষা কেউ করবে কিনা- রাত দু'টোয়!
দুঃখিত, আমি! দিতে পারবো না-
মিথ্যে কোন আশার বাণী।
তুমিও, আমাকে বুঝতে বলো না-
সামষ্টিক অর্থনীতি!
আমি, বাউলে মনেই থাকি...