রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

অঘ্রানের চাঁদ

অঘ্রানের চাঁদ
- সাকিব জামাল

শিশিরে ভেজা অঘ্রানের চাঁদ 
         তোমার আকাশে ভাসে,
জোছনার জলে ডুবে ডুবে প্রেম 
            আমার কাছে আসে!  
অথচ,
হাসে দূরে কুয়াশার নেকাবে ঢাকা 
                আসন্ন বিরহ মুখ,
ক'দিন পরে অমাবস্যার রাতে হয় 
                স্বপ্ন মরণের সুখ!

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

বীজতলা

 

বীজতলা

- 

বীজতলা প্রেমে, কৃষকধ্যাণে-
সোনালী স্বপ্ন দেখি 'সবুজে ডানা' মেলে!


তুমিও সঙ্গ দাও আমায় বিপ্লবে!
কৃষাণী হও,
স্বপ্নে স্বপ্নে ডুবে রও!


পৃথিবী সমৃদ্ধ হোক-
প্রেম ও ফসলের যুগপথ গানে!

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

সম্ভ্রান্ত

 

সম্ভ্রান্ত

- সাকিব জামাল

নয় জন্মগত পারিবারিক ঐতিহ্য বহনকারীর স্তুতি,
সম্ভ্রান্তের সংজ্ঞায়: শুধু ধনিকশ্রেণী ভুক্তি- তাও বিচ‌্যুতি!
বরং, প্রশস্ত যার নিজ হৃদয়,
ভালোবেসে মানুষের মন যে করে জয়,
তাকেই সম্ভ্রান্ত বলি আমি, দেই হৃদয়ে- শ্রদ্ধায় বসতি!


হেমন্তে নিমন্ত্রণ তোমায়

 

হেমন্তে নিমন্ত্রণ তোমায়

- সাকিব জামাল

হেমন্ত উৎসব আমার- শুধু তোমায় ঘিরে!


তোমার জন্য-
ঘাসফুলের নুপুর, শিউলির মালা।
কামিনীর টিকলি, ছাতিমের ডালা।


সাজো। সৌরভে মাতো!


তারপর, আমার নিমন্ত্রণে,
শান্ত শান্ত শীতল শীতল কুয়াশাভেজা স্নিগ্ধ পায়ে-
'একেলা স্বর্গ' থেকে এসো নেমে।


উৎসব হোক শুরু- যুগল প্রেমে জনমে, পরজনমে!

চিত্রায়ণ

 

চিত্রায়ণ

- সাকিব জামাল

তারাদের আমরা যেভাবে দেখি-
সেভাবে ছবি আঁকি না!
খাঁজকাটা পঞ্চভুজ কী বিজ্ঞানসম্মত?
নিরুত্তর চিত্রকর!
সময় বয়ে চলে-
সভ্যতাফুলের পাপড়ি অকালে ঝরে,
পূর্ণতা আসে না!


চিত্রভ্রান্তিতে ডুবে থাকে মানুষ।
চিত্রভ্রান্তিতে ডুবে থাকে সমাজ।


তোমার কাছে-
'বেনীআসহকলা' সাত রঙ আছে,
মাইক্রোস্কোপিক থেকে টেলিস্কোপিক-
যেমন দেখো, তেমন আঁকো-
ঠিকঠাক বিজ্ঞান মেনে।
মুক্তি আসুক মানবতার- সত্যচিত্র উন্মোচনে।