শুক্রবার, ২০ মে, ২০২২

বাসা বাঁধবো, বাবার মতো!

বাসা বাঁধবো- বাবার মতো!

- সাকিব জামাল


এই দেহের ডালে ডালে,

বাসা বেঁধেছে-

             কিছু রোগ,

             কিছু শোক,

             কিছু দুঃখ।

সেসব পাখিরা ডাকে প্রতিদিন!

ডেকে ডেকে যেদিন- 

             অস্থির হবে,

             ক্লান্ত হবে,

             নির্বাক হবে,

সেদিন ভীষণ মমতায়-

প্রিয় মাটির বুকে,

আমিও বাসা বাঁধবো-

বাবার মতো!

--------

উৎসর্গঃ বাবা নেই যাদের।

দুধশাদা রাতে...

 দুধশাদা রাতে...

- সাকিব জামাল


ইলশেগুঁড়ি বৃষ্টির মতো ঝরে পড়ছে মিহি জোছনা।

দুধশাদা চাঁদ, ফুল কুড়োনো স্বভাব জাগিয়ে তোলে আমার!

আলতো ছোঁয়ায়, কাঙ্খিত ফুল হাসে লজ্জাবতীর সাজে। 

তাঁকায় হংসমিথুন চোখে- অসীম প্রেমে।

আমি উচ্ছল হই- 

এক 'গৃহহারা' ধ্যানে!

ঘুরি সারারাত- 

আদিম জঙ্গলে!

পেয়ালাভরা জোছনার শরাব,

পান করে করে মাতাল থাকি- হাওয়ার ঘরে!

দ্রব্যদামে দম যায় যায়

 দ্রব্যদামে দম যায় যায়

- সাকিব জামাল


সবকিছুরই দাম বাড়ে হায়

দাম কমে শুধু মানুষের, 

তবুও আমাদের গল্প চলে

উন্নয়নের ফানুসের!



দ্রব্যদামে দম যায় যায়

গরীব দুঃখী মানুষের, 

তবুও আমাদের গল্প চলে

উন্নয়নের ফানুসের!



সমাধান নাই, নিয়ন্ত্রণ নাই

কোথাও কোন বাজারের,

তবুও আমাদের গল্প চলে

উন্নয়নের ফানুসের!



দাম নিয়ে মশকরার ছলে

উপদেশ দেয় বিকল্পের,

তবুও আমাদের গল্প চলে

উন্নয়নের ফানুসের!



নেতা, জনতা কেউ জানে না

শেষ কোথায় এই দুঃখের, 

তবুও আমাদের গল্প চলে

উন্নয়নের ফানুসের!

শনিবার, ১৪ মে, ২০২২

আড়ালের গল্প!

 আড়ালের গল্প!

- সাকিব জামাল


তুমি বোঝ নি!

বুঝেছে মেঘ, বৃষ্টিরেণু। বুঝেছে নীল আকাশ, রংধনু।

বুঝেছে আর বিকেলের হাওয়ায়!

প্রিয় ক্যাম্পাসে,

একেলা একা বসে, কাটিয়ে দিয়েছি কতোটা সময়-

তোমার অপেক্ষায়।

সময়ের সম্মুখ তীর,

কেড়ে নেয় সেসব দিন। বহতা নদীর সুরে-

চলে যাই আমি দূরে, তুমিও বহুদূরে।

আর দেখা হয় না!

স্বাক্ষী কার্জন। নীরবে চেয়ে থাকে!



প্রাক্তনঃ সুপ্ত আগ্নেয়গিরি। হঠাৎ হঠাৎ জাগে!



কার্জনের ছায়ায়,

ফিরে ফিরে আসি- শ্রেষ্ঠ অনুভূতির মায়ায়।

কাঁপে তখন নিউরনসমস্ত!

ভাবি,

বন্ধুতার আড়ালে কতো প্রেম-

ক্ষয়ে ক্ষয়ে যায় মোমবাতির মতো।

বিবিজানের টেক্কা

 বিবিজানের টেক্কা

- সাকিব জামাল


নিস্তব্ধ রাত। চুপি চুপি যাই আমি-

বিবিজানের ঘরে। চমৎকার! বাবুই পাখির বাসা।

ভেবেছি, মহাজাগতিক প্রেম ছড়ানো এখানে- 

জোনাকির দলে দলে আলোয় ভরা।

শরাব পানে সিক্ত কন্ঠে-

আগুন-ধোঁয়ার উল্লাসে যখন মগ্ন হই,

বিবিজান বলে, "মোরে একখান গলার হার দিও!"

পরাবাস্তবতা ছেড়ে-

ফিরে আসি আমি, গ্রহের জমিনে!

দেখি, এখানেও, কেবল টেক্কা চলে-

টাকার উপর টাকার!



দিন নয়, রাতের বাজিমাত- পৃথিবীর বুকে!