বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

প্রিয় সন্ধ্যাটি ডুবে গেছে রাত্রির মোহনায়

 প্রিয় সন্ধ্যাটি ডুবে গেছে রাত্রির মোহনায়

- সাকিব জামাল


একদিন সন্ধ্যায়, আমার নীল আকাশের বুকে 

দিগন্ত দূরত্ব উপেক্ষা করে

সিঁদুর রঙ জ্বলে ওঠে

মিলনের গানে।

চোখে চোখে উত্তাল সমুদ্র ঢেউ নিভে যায়।

সেই সন্ধ্যায়, এই জমিনে স্বর্গ নামে

আর হুলস্থুল বিরহের স্থবিরতা ঝেড়ে

গণতান্ত্রিক প্রণয়ে-

ঠোঁটে ঠোঁটে শাদা পায়রার গল্প উড়ে বেড়ায়!



অথচ, এখন, থৈ থৈ অন্ধকার স্রোত 

আমার নদীমাতৃক ঠিকানায়।

প্রিয় সন্ধ্যাটি ডুবে গেছে রাত্রির মোহনায়!

তোমার চোখে আমার আরশিনগরের পথ!

 তোমার চোখে আমার আরশিনগরের পথ!

- সাকিব জামাল


তোমার চোখে তাঁকিয়ে আর ফিরে আসতে পারি নি বাড়ি। 

কী আজব এক পথে হারিয়ে গেলাম তারপর!

পথের শেষ খোঁজবার নেশায়- 

অনন্ত দিওয়ানা হয়েছি, আস্তানা মেলেনি!

অথচ, এখনও প্রজাপতিরা ওড়ে,

আমি ওড়বার সাহস পাই না।

নদীরা ছুটে চলে,

আমি চলবার সাহস পাই না।

প্রেমের ছোঁয়ায়-

ভয়ের এই ভ্রমটুকু মুছে দেবার শক্তি আছে তোমার?

তোমার চোখেই তাঁকিয়ে আছি। সিদরাতুল মুনতাহা পার করে-

আমাকে বাড়ি নিয়ে চলো তুমি, অসীম প্রশান্তির পথ ধরে।

বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

অতঃপর অন্ধকার

অতঃপর অন্ধকার 
- সাকিব জামাল

'নো ট্রাস্ট' এর এই যুগে, আমি বিশ্বাস রেখেছিলাম
তোমার ভালোবাসায়, প্রতিক্রিয়াজ্ঞান ভুলে!
জ্বলেছিল মোমবাতি মনপাগলা ঘরে।
ধুপধুনোর ঘ্রাণ ছিল শ্বাস-প্রশ্বাসে। 
অথচ তুমি কামনার ডানা মেলেছো
নিরীহ পাখি শিকারে!
ছক মোতাবেক রাজকাহন শিখেছো বেশ।
রপ্ত করেছো ইনোভেটিভ অর্থনীতির রকমফের।
এলার্জিক ইফেক্টে, এখন
দম বন্ধ আমার। ঘোর অন্ধকার। বিব্রতকর ক্লেশ!

মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

গেরুয়া রঙের রাতে

 গেরুয়া রঙের রাতে

- সাকিব জামাল


যখন বৃষ্টি নামে রাতে, 

গেরুয়া রঙের কদম ফোটে মনে।

রেণুময় ভেজা বাতাস বয়ে চলে

ভীষণ এলোমেলো- নীল আকাশের বারান্দায়!

এমন সময়ে তুমি, 

যদি খুলে দাও শাড়ির জানালা তোমার, 

দেখবে, একটি চড়ুই, ভাঙা বাসার বেদনা নিয়ে-

এসেছে তোমার ঘরে, অসহায় চোখে!

ইচ্ছে হলে, এই বর্ষায়, বীজ বুনতে পারো- 

আউশ ধানের ক্ষেতে!

একদা বৃষ্টির বারামখানায়

 একদা বৃষ্টির বারামখানায়

- সাকিব জামাল


রুফটপ মেঘের উপরে, বৃষ্টির বারামখানা।

ঝিকিমিকি বিজলীবাতি জ্বলে। 

একখণ্ড কালো বরফ চেয়ারে- 

আমি বসে আছি পেখম মেলে! 

সন্ধ্যায় বলেছিলো মন, কবিতা আসবে ঘনরাতে। 

অপেক্ষায় আছি। হঠাৎ দেখি, জলের আগুনে,

দুটো চড়ুই ভস্ম হয়ে গেলো-

ক্ষণকালের প্রেমে।

কী ভয়ঙ্কর সুন্দর যুদ্ধক্ষেত্র!

নফসঃ নেগেটিভ/পজিটিভ/স্পার্ক।

ঈশ্বরকে বললাম, আমাকে লুকিয়ে নাও-

মেঘের কফিনে। নুর খুঁজি বাকি জীবন!