বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

নিত্য সূর্যগ্রহণ

এই জীবনে 'সূর্যগ্রহণ'-
সেতো, তোমার বিদায় বিরহেই- শুরু হওয়া ক্ষণ!
সেদিন থেকেই দুঃখের পর দুঃখের বলয়ে বন্দি আমি,
আজ অবধি বিরতি নেই!
বিরহের থাকে না কোন সালতামামি!
মুক্তি মেলেনি ভালোবাসার,
মুক্তি পায়নি সুখের স্বপ্ন!
বিরহবৃত্ত বন্দি হয়েই চলছে জীবনে-
নিত্য সূর্যগ্রাস!
নৈমিত্তিক বিরহবাস।।

দ্বিমুখী নীতি

দিনের বেলায় সাধু তুমি-
বাকি সবাইকে বকো চোর!
অপেক্ষায় থাকো মুখোশ পরে-
কখন আঁধার হবে ঘোর!!

দিনের বেলায় বিচার করো-
কে কি করেছে চুরি!
রাতের বেলায় গলা ধরে-
তার সাথেই ঘোরাঘুরি!!

রাতকে যারা দিন করো-
দিনকে করো রাত!
জেনে রেখো, চলেছো বয়ে-
ভয়ঙ্কর দ্বিমুখী করাত!!

এই করাতের ধর্ম এমন-
যেমন 'বিষধর সাপ'!
এদিন ঠিকই ছোবল মারে-
চেনেনা 'আপন বাপ'!!

দৃষ্টিভঙ্গি

শীত এলে, সবগাছের জীবনচক্রে- শুধুই পাতা যায়না ঝরে!
কিছু গাছে নতুন ফুলও ফোটে- নানা বাহারে, নানা বহরে!
কিভাবে দেখো তোমার সময়?
সেভাবেই ফলাফল নির্মিত হয়!
ঢেউয়ে ঢেউয়ে আসে জয়- ধনাত্মক ভাবনার সাগরে!

রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

শিশু অধিকারের গান

তোমার কাছে আজকে যাকে
শিশু মনে হয়,
একদিন হয়তো সেই শিশুটি
করবে বিশ্বজয়।।

শিশু অধিকার নিয়ে তাই
সচেতন হও তুমি,
যত্ন আর ভালোবাসায় গড়ো
শিশু বান্ধব ভূমি।
তবেই আসবে সুদিন এখানে
সময় হবে সুখময়।।

যা শিখাবে তা-ই শিখবে
ওরা অনুকরণ প্রিয়,
ভালো মানুষ হয়ে বেড়ে ওঠার
শিক্ষাটুকু দিও।
শিশু অধিকার নিশ্চিত হলে
মানবতার হবে জয়।।

বহমান অস্তিত্ব আমার


আমি
অথবা
এই আমার
প্রিয় বাংলাদেশ।
অস্তিত্ব আমার যেভাবে:
ভাষা আন্দোলন: স্বপ্ন বীজ স্বাধীনতার।
যুক্তফ্রন্ট নির্বাচন: স্বপ্ন বীজ অঙ্কুরোদগম ঝংকার।
ছাপান্নোর শাসনতন্ত্র আন্দোলন: স্বপ্নের চারা গাছের শিকড় গড়া শক্ত করে।
বাষট্টির শিক্ষা আন্দোলন: আলোকমূখী অভিযাত্রায় বিস্তার সবুজ ডাল-পালার সম্মুখ সমরে।
ছিষট্টির ছয় দফা আন্দোলন: বিশ্ব কাঁপিয়ে, হাঁক হাকিয়ে, সবুজ গাছের শক্তি  স্বকীয়তার জানান দেয়া হুংকারে।
উনসত্তরে গণ-অভ্যূত্থান: সতেজ মাখা সবুজ গাছে লাল ফুলের কাঙ্খিত স্বাধীনতার মুকুল আসে, স্বমহিমায় উঁচু নিজ শিড়স্ত্রাণ।
একাত্তরে মুক্তিযুদ্ধ: সবুজ গাছে লাল ফুল শোভিত হলো, মুক্তিযুদ্ধে  বিজয় এলো- স্বাধীনতা, নতুন মানচিত্র, বাংলাদেশ, আমার অস্তিত্ব বহমান।


----------
কবিতাটির গঠন সম্পর্কিত তথ্য-
বিদ্র: লাইনগুলো মিডল এলাইনমেন্ট করলে প্রায় স্মৃতিসৌধের মতো দেখা যাবে।