শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

কন্যাগন্ধা

 কন্যাগন্ধা

- সাকিব জামাল


কন্যাগন্ধা, তুমি ফোটো আজ, রজনী'র বুকে।

ঘ্রাণে মাতাল হই আমি, এই অঘ্রানে, সুখে!

গোলাপী ঘরে- 

ছড়াও শ্বেত কপোতের সুধা!

নোঙর করি, নিয়ে এতোদিনের শূণ্য নাও আমার।

বাঁধি মনফড়িং, বিক্ষিপ্ত রাত। ধরি, ডুয়েট গান-

টলটলে যমুনার সুরে। শান্ত। স্থির। 

তব বহমান!

পতাকা

 পতাকা

- সাকিব জামাল


বৈশ্বিক মঞ্চে-

পতাকাই পরিচয় আমার।



তোমার? নিশ্চয়ই ভিন্ন কিছু না!



হাতে ভিনদেশি পতাকা তুলে,

পরিচয়হীনতার উৎসব করে-

কী এমন আনন্দ পাও তুমি?

তোমার কি জানা নেই, 

আত্মপরিচয় অস্বীকার করে-

কেউ জাতে ওঠে না!



সুতরাং, সুখে- 

আপন পতাকাই ওড়াও।

দুঃখে, সে পতাকা হাতেই- 

ঘুরে দাড়াও!

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

চিতই পিঠা

 চিতই পিঠা!

- সাকিব জামাল


চাঁদকে 'চিতই পিঠা' বানিয়ে আজ,

খেজুর রস খেতে চাইছে মন!

যদি রাজি থাকো সই,

করো আয়োজন!

ময়ূরাক্ষী মেলে, সই হেসে বলে-

"বাগানে কতো ভ্রমর, কতো গান গায়!

সব সখি ওঠে না- সুজনের নায়!"

মন খারাপের সময় আমার,

জোছনায় ভেসে আসে।

হলুদ পাঞ্জাবীর পকেটে রেখে হাত,

চাঁদের সাথে সাথে হই ক্ষয়।

ঘুমিয়ে পড়ি... 

অমাবস্যার কোলে!

অমিল টোনাটুনি'র গল্পে, 

চিতই পিঠার উপলক্ষ- অপূর্ণই থেকে যায়!

মেটাভার্স প্রেম

মেটাভার্স প্রেম
- সাকিব জামাল

ভালোবাসা, প্রায় গ্রীক মিথ এখন!
দিন দিন হারিয়ে যাচ্ছে- আধুনিকতার স্পর্শে।


হালের আফ্রোদিতিরা, 
আত্মাহীন ভাস্কর্যপ্রায়। মায়াহীন। 
বিলীন মায়া সভ্যতার মতো!
প্রেমিকদল, প্রত্নতাত্ত্বিক কবিতার পাতায়-
বেঁচে আছে কিছুটা প্রেম নিয়ে লাইফসাপোর্টে।
আইসিইউ প্রবেশপ্রার্থী বাকিরা। মেটাভার্স দুনিয়ায়-
রোমান্টিসিজম থ্রিডি কপিমাত্র- প্রাণহীন।
কিছুটা সময় বন্দি কেবল অ্যামোরাস নেশায়!


আসছে দিনে, ভালোবাসা হারিয়ে যাবার সাথে সাথে-
আমরাও হয়তো মিথ হবো, 
যারা মানব ছিলাম একসময়।
রোবটেরা হবে আমাদের সন্তান!

নিয়মাক্রান্ত পৃথিবী

 নিয়মাক্রান্ত পৃথিবী!

- সাকিব জামাল


সীমিত শব্দসংখ্যা। নির্ধারিত ছক।

বিষয়বস্তু ভিন্নজনের মস্তিষ্কপ্রসূত।

অথচ, কবিতা লিখতে হবে দুর্দান্ত!

আমিও লিখে দিলাম-



"দেখ শালা,

কোথাও কবিতা নেই,

শুধু সং এর পালা!"



অবিনীত চিরকুট ছিল-

সম্পাদক সমীপে।

যদি সাহস থাকে প্রকাশ করে দেখাও!



বিশেষ বয়ানঃ

বেড়ে চলা নিয়মাক্রান্ত পৃথিবীতে-

সব মানুষই এখন সুবিনীত দাস!

কেউ আমাকে ফিরিয়ে দাও,

আদিম সভ্যতার মতো- 

অবারিত স্বাধীনতা!