মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

তুমি কোন মাটির তৈরি গো

তুমি কোন মাটির তৈরি গো

- সাকিব জামাল

কেটে গেল বৈশাখি লগন। 
অথচ, ফোটেনি ফুল তোমার মনে!
জানতে ইচ্ছে হয় ভীষণ, 
তুমি কোন মাটির তৈরি গো?


আমি তো জানতাম, বাংলার মাটি উর্বর বেশ।
জানতাম, এখানকার প্রজাপতিরা নদীও চেনে!


যেদিকে তাকিয়েছি, দেখেছি একসময়, 
পলিমাটির বুকে-
শুয়ে থাকা লালটিপ পড়া কুসুমদল।
দেখেছি, সময়ের সঙ্গমে- 
সভ্যতা নির্মিতি'র দ্বিধাহীন অসংখ্য ভাস্কর।


আজ, সূর্য ওঠে না তোমার? 
ভুলে গেছ রুদ্রের গান?
তুমি কোন মাটির তৈরি গো?
------
উৎসর্গঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। 
---------
কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।

চৈত্রসংক্রান্তি

 

চৈত্রসংক্রান্তি

- 

আবীররাঙা ক্ষণ শুরু হবার সাথে সাথে,
বছরান্তে, চৈতালি সন্ধ্যায়-
দিগন্ত বিস্তৃত সব নীল মুছে যাক তোমার।
রাতে রাতেই শেষ হোক অন্ধকারকাল!


আসছে নতুন ভোরে, মৌঘ্রানে-
তোমার কপালে ফুটুক সৌভাগ্যের বাহারি ফুল।
বিষন্ন প্রহরসমস্ত, ঝেড়ে ফেলার প্রত্যয়ে,
হৃদয়ে জ্বলুক আরও আরও লাল শিমুল!


অতঃপর সূর্যের ডানা মেলে,
তুমি উড়ে চলো! গেয়ে ওঠো এগিয়ে যাবার গান।
সোনালী পালকে, আগামীর সময়সকল,
হোক তোমার স্বপ্ন সমান- উচ্ছাসে বহমান!


আর্তনাদ

 আর্তনাদ

- সাকিব জামাল


যতদূর চোখ যায় আমার, দেখি বেদনার নীল আকাশ!

এলোমেলো বাতাসে, জমা রাখছি যতোসব দীর্ঘশ্বাস!

হয়তো, একদিন তুমি আকাশ দেখবে।

প্রিয় প্রাসাদের জানালা খুলে- 

নেবে নাগরিক বাতাসের স্বাদ।

সেদিন আকাশ বলে দিবে, 

নীলকন্ঠ প্রেমিকের মনের গান

কেমন শনশন ঝড়ো সুরে গায়- বিরামহীন। তপ্ত তমসায়!

-------

কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।

বৈশাখে, মেঘের আঁচলে

 বৈশাখে, মেঘের আঁচলে...

- সাকিব জামাল


যৌবনা বৈশাখে, সোনারাঙা ফসল ওঠার কালে, 

ইচ্ছে আছে, ঝড়ের রাতে লুকিয়ে যাবো একদিন- 

দুরন্ত মেঘের আঁচলে, প্রেমে!

তুমি একটু শাড়ি পড়ো।

নীলের সাথে বন্ধুতা গড়ি খানিক। 

তারপর, হাতচুড়ির গা বেয়ে বেয়ে-

মুক্তোর দানা হয়ে ঝরে পরবো, 

যদি হাত বাড়াও!

আপত্তি নেই, তোমার আনন্দ হাসির সুরে, 

বিলীন হয়ে যাক অস্তিত্ব আমার।

মনে রেখো, ফিনিক্স পাখির কথা। আর

বারবার বৈশাখও আসে দক্ষ কৃষকের মাঠে!

প্রবাহমান কাল

 প্রবাহমান কাল

- সাকিব জামাল


কথা রাখেনি, দখিনা হাওয়া!

সখির সৌরভ আসেনি- আমার দেশে।

যেমন ছিল শীতার্ত প্রাণ, 

তেমন তেমনই আছে।

চুপ চুপ কোকিল, নেই গান আর,

এখনও এখানে বহুমাত্রিক আঁধার!



উৎসবহীন বসন্তদিন!

ফাল্গুনের তপ্ত আগুনে পোড়া মন।

শিমুলরাঙা চৈতালি চোখে- 

বিরহে নামে লোনা জলের প্রসবন।



এইতো প্রেম, আমাদের প্রেমঃ

এক ঋতুতে ফোটে ফুল, অন্যকালে যায় ঝরে!