বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

এক রুমের বাসা খুঁজছি

 

এক রুমের বাসা খুঁজছি

এক রুমের বাসা খুঁজছি ভীষণ...
আমি আর আমি থাকবো একা!
আমার সাথে কথা কবো
গান গাইবো,
করবো ঘূর্ণিনাচ।
নিজের সাথে নিজের হবে দেখা,
বলবো মন, বাঁচ।
আনন্দে বাঁচ। ভীষণকরে বাঁচ!

দ্য উইন্টার্স ফল

 

দ্য উইন্টার্স ফল

এই শীতে-
একটা চাদর দিলো না কেউ!
উত্তরা হাওয়ায় ঝরে গেল;
উষ্ণতার ফুল।
বন্ধুতা হলো আমার, এরপর;
কেবল দহনকালের সাথে
হারিয়ে যাবার শর্তে-
শিশিরে!

পড়তি সন্ধ্যাকালের কাক

 

পড়তি সন্ধ্যাকালের কাক

পুরো শহরজুড়ে উড়ে বেড়ালাম একলা একা
কেউ ডাকলো না কাছে। কতো কোকিল
বেড়ে উঠলো আমার ওমে; তারাও
ভুলে গেছে অতীতের গান।
কতো কতো ক্লান্ত প্রাণ,
ডাস্টবিনের পাশে অসহ্যবোধে
খাবার খোঁজে। দূষিত জল করে পান।
কথা রাখেনি দখিনা হওয়া!
ভীষণভাবে সৌরভহীন।
আর গৌরবহীন বাস্তুসংস্থান;
ভেসে চলা প্রান্তজনের এই শহরে! আমি?
পড়তি সন্ধ্যাকালের কাক।
ধীরে ধীরে অন্ধকারে হারাই- আজন্ম পাপে!

শুভ জন্মদিন শহীদ জিয়া

 

শুভ জন্মদিন শহীদ জিয়া

শুভ জন্মদিন, শহীদ জিয়া
গ্রহণ করো অভিবাদন,
বিপ্লবে বিস্ময়ে স্বাধীনতার গানে
করছি তোমায় স্মরণ।।

বীরত্বে ভরা তোমার জীবন
মহান একাত্তরে,
সিপাহী-জনতার বিপ্লব সেও
সফল তোমায় ঘিরে।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ
তুমিই করেছো গঠন।
গ্রহণ করো অভিবাদন।।

ক্ষুধা আর দুর্ভিক্ষে যখন
ক্লান্ত বাংলার মানুষ,
সততার নিরিখে,
            স্বনির্ভরতার স্বপ্নে-
তুমি উড়ালে ফানুস।
সবুজের বুকে সোনালী সূর্য
উঠলো হেসে তখন!
গ্রহণ করো অভিবাদন।।

যতদিন এই বাংলাদেশ আছে,
চিরঅম্লান রইবে তুমি,
বিশ্বের বুকে উন্নত মম শিরে
থাকবে আমার জন্মভূমি।
সেই সংগ্রামে আমাদের,
                সেই স্বপ্নে আমাদের
তুমিই প্রেরণা আজীবন।
গ্রহণ করো অভিবাদন।।
শুভ জন্মদিন, শহীদ জিয়া...

রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ফড়িংজনম

 ফড়িংজনম

- সাকিব জামাল


তবুও জাদুবাস্তবতাময় এই টুকরো জনমে 

ক্ষণকালের এক ক্লান্ত ফড়িং আমি! 

কখনও কখনও ডানা ভেঙে যায়, 

তোমার উপেক্ষার মায়াহীন ঝড়ে। 

অথচ শিশির গলে যাওয়া ভোরে- 

তুমি নেচে ওঠো ঘাসফুল, আমায় ভুলে! 

সূর্য, আলোটুকু তোমাকেই দেয়। 

অথৈ অন্ধকার একান্ত আমার হয়ে থাকে।