সোমবার, ২৮ জুলাই, ২০২৫

গুলবাহার

 গুলবাহার

সাকিব জামাল 

বাপের দোকানে বেগার খাইট্টা 
বাইজা গেছে বিকাল তিনটা,
কাচ্চি খিলাইয়া; মহল্লা দিয়া হাটতাছি 
আর পান খাইতাছি; ভালো-মন্দ খাইয়া পান খাওন 
একটা নবাবী নেশা। হঠাৎ উপরে চাইয়া দেখি-
বেলকুনিতে দাড়িয়ে আছে; গুলবাহার। 
চান্দের লাহান মুখ তার।
চিক্কুর পাইরা কইলাম,
পান খাইবা নি?
গুলবাহার কয়, তওবা, তওবা ঠোঁট হইবো লাল।
বাপ-মায় দেখলে কইবো, বেইজ্জতি কারবার।
পাড়া-পড়শি কইবো, কেঠাগো তোর পেয়ারী লাল!
আমি কই, 
ভুল যা, আবে হালা সব ভুল যা!
তু মুজে হোগায়া পেয়ার!
গুলবাহার হেসে খান খান।
ওই কইরে পাতলা খান?
লাগা একখান পান, লগে দিস চমনবাহার!
সেই দিন থেইক্কা-
গুলবাহার, 
মায়াহীন এই শহরে
আশ্রয় আমার!

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

এঞ্জেল মাহরিন ম্যাম

 এঞ্জেল মাহরিন ম্যাম

- সাকিব জামাল

বাংলাদেশের নাইটিঙ্গেল
এঞ্জেল মাহরিন,
আপনার প্রতি গভীর শ্রদ্ধা
আর আজীবনের ঋণ।

বাঁচাতে গিয়ে ছাত্র-ছাত্রী
নিজেই হলেন লাশ!
মানবতা ও আত্মত্যাগের
এক অম্লান ইতিহাস।

আপনি বাঁচবেন হৃদয়ে হৃদয়ে,
ভাস্বর চিরদিন,
জান্নাতের পাখি হয়ে থাকুন
এঞ্জেল মাহরিন।
-------

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

চব্বিশের মুয়াজ্জিন বীর ওয়াসিম

চব্বিশের মুয়াজ্জিন বীর ওয়াসিম

- সাকিব জামাল 


চলে আসুন সবাই ষোলশহরে

গাই গণতন্ত্র ফেরানোর গান,

আমি ওয়াসিম, জান দেব তবু

দেব না বাংলাদেশের মান।


আকাশে বাতাসে রটে গেল সেদিন 

গগনবিদারী এই আহ্বান,

ছাত্র-জনতা নেমে এলো রাজপথে

জেগে ওঠে বাংলাদেশের প্রাণ!


শহীদ হলো বীর ওয়াসিম 

রক্তের দাগ লাগে দেশের বুকে,

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে-

জনতা, ঘরে ফেরে এবার সুখে!


শৃংখলমুক্ত হলো স্বদেশ আমার, 

পালিয়ে গেল স্বৈরাচার!

চব্বিশের মুয়াজ্জিন বীর ওয়াসিম,

অম্লান হৃদয়ে জনতার।

--------

সোমবার, ৭ জুলাই, ২০২৫

ঝালমুড়ি

 ঝালমুড়ি

- সাকিব জামাল


ঝাঁকাও, ঝাঁকিয়ে নাও।

বয়স হয়ে গেলে;

ঝাঁকাতে পারবে না আর।

তখন আকাশে উড়ে বেড়াবে

নীলকন্ঠ নাগরিক পাখি!

পৃথিবীর সমস্ত গণঅভ্যুত্থান

রয়েছে স্বাক্ষী।

রবিবার, ২৫ মে, ২০২৫

রাজনৈতিক সান্ডা

 রাজনৈতিক সান্ডা 

- সাকিব জামাল 

সান্ডার কথা কী আর বলবো ভাই!
গ্রামে এমনই প্রাণী আছে,
যারে গুইসাপ বলে বেড়াই। 
বোকা বোকা ভাব করে
কিন্তু চালাক ভীষণ, 
সুযোগ পেলেই হাস মুরগির ডিম 
খেয়ে ফেলে যখন তখন। 
একদিনের গল্প করি শোনেন,
আমার বয়স কতো আর হবে
সাত, আট, নয় গোনেন!
ঘরে ঢুকে হঠাৎ সান্ডা
ডিম নিল সব খেয়ে,
দাদী এলো লাঠি নিয়ে
পিছে পিছে তার ধেয়ে।
আমিও ওকে মারতে হাতে
লাঠি নিলাম তাড়াতাড়ি,
চালাক সান্ডা পালিয়ে গেল
সাঁতরে খাল পাড়ি।
বড় হয়ে ঠিক এমনই সান্ডা
দেখি রাজনৈতিক ময়দানে
লুটপাট আর চুরি করে 
দেশ ছাড়ে গোপনে।
এদেরকেও যায় না ধরা
যায় না ছোঁয়া
চালাক তারা অতি,
সুযোগ পেলেই 
এ দল ও দল করে
করে জনগণের ক্ষতি। 
রাজনৈতিক এই সান্ডাদের থেকে
দেশটা মুক্ত থাকুক, 
ফাক ফোকর না পেয়ে এরা
আইনের চুলায় জ্বলুক। 
-----