রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩

নববর্ষে প্রিয়জন

আজিকে এ নবীন ক্ষণে
প্র‍াণের নিগুঢ়কুঞ্জে উঠিল জাগি
অতীতের স্বপ্নসৌধের লীলাভূমিতে
সুরঞ্জনার সেই প্রিয় মূখখানি ।
দক্ষিণা বায় উড়াল সে কেশ
ছাড়িয়া শাড়ীর আঁচল কি দারুন বেশ
লালপেড়ে হলুদ পড়িয়া বসন
কপালে লালটিপ নববর্ষে প্রিয়জন ।
গাঁধা ফুলে সাজিল সেই রাধা
প্রেমডোরে মন পড়িল মোর বাঁধা ।
চোখ ধাঁধানো সে কি আল্পনা
খুলিল মোর বদ্ধ দুয়ার
ভুলিলাম সব অতীত দু:খ
বেদনার বর্ষ বিদায় ক্ষণ ।
নব নব বারতা বৈশাখের পহেলা
সাজিল নবরূপে অপরূপ রূপমা
পুলকে নাচি উঠিল মন নিতে বরিয়া
দুলকি মন মোর তারে নববর্ষের প্রিয়জন ।

‍নির্বাক প্রেম

অর্হনীয়া তোমার অলক্ষ্যে
তোমারই মূখপানে
চুপিচুপি তাকিয়েছি বহু
‍দেখেছি কখনো হয়ে একগেয়ে
অলভ্য অলকানন্দা ভেবে
সবাক হইনি কভু ।
ঈশ্বরের সৃষ্টির অর্থান্তরন্যাস
‍সে তোমার চারুতা
সম্মূখে তোমার উপস্থাপনে মোরে
হৃদয়ে তাই ভিরুতা ।
যতই দেখেছি তোমায়
রূপেগুনে তোমার হয়েছি অবাক
এত সুন্দরের সামনে আমার
হৃদয়ের কথা থেকেছে নির্বাক ।

তুমি আসবে বলে..

তুমি আসবে বলে
আমি বকুলের মালা গেঁথেছিলাম
আর বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে
রাতের গভীরে রঙিন স্বপনে
উতলা হয়েছিলাম ।
তুমি আসবে বলে
আমি হেটেছিলাম অনেক পথ
দেখেছিলাম নীলিমায় সাঁঝের বেলায়
পাখিদের নীড়ে ফেরা
প্রিয়জনের প্রতিটান । 
তুমি আসবে বলে
আমি শুনেছিলাম নদীর কতগান
আর জোসনা রাতে চাঁদের সাথে
একাকী আমি
তোমাকেই ভাবছিলাম ।
তুমি আসবে বলে
আমার হৃদয় মাঝে বেজেছিল কত সুর
জানা অজানা মিলনের গান, বিরহের তান
খুজেছিলাম আমি ভ্রমরের ন্যায়
তুমি কতদূর, তুমি কতদূর । 
তুমি আসবে বলে
আমি বিধাতার কাছে
চেয়েছিলাম দক্ষিণের হাওয়া
কোকিলের গান
সবুজ মাঠে সোনালী ধান
তুমি আসবে বলে
প্রতীক্ষার প্রহর হয়নি অবসান ।

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

দ্বৈতাদ্বৈত

অবাক হই
এতটা ভালোবাসাও সম্ভব
আমার এ ক্ষুদ্রতম প্রেমের প্রতিদানে
ভালোবাসি ঠিকই
ছন্দপতনও তো ঘটে মাঝে মাঝে
অথচ তার অস্তিত্বে কেবলই আমি
‍সে হাসলে আমি হাসি
‍সে কাঁদলে আমি কাঁদি
অথবা কখনো সে হাসি-কান্নার কারনটাই আমি
পদ্মবসা আমার জন্য
হয়তো রাজি করতে নরক বাস
ভালোবাসে-ভালোবাসি, পাশে থাকে-থাকি পাশে
বাকি সময় রাখি ধ্যানে
মাঝে মাঝে ক্ষেপে উঠি
না জানি কোন জ্ঞানে ।
আমি সামান্য
‍সে দেবী
তাইতো এ দ্বৈতাদ্বৈত

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

গরু চোর

: স্যার,
: বল্
: কি করেন, স্যার !
: কেন ঐ পাখিটাকে গুলি করব
: স্যার, ওটাতো পাখিনা !
: কি তবে, মদন ?
: মানুষের মত দেখায় ,
 স্যার, মনে হচ্ছে কোন কিশোরী হবে ।
: এপারের না ওপারের
: ওপারের স্যার
: তাহলেতো চালাতে হয়
: কি স্যার !
: গুলি
: ঠ্যাঁট, ঠ্যাঁট,ঠ্যাঁট...
: লাশটাকে কাঁটাতারে ঝুলিয়ে রাখ ।
 বাহাদুর জোয়ান বলে কথা
 গুলি করব যথাতথা
 লাশ পড়বে পড়ুক বাংলাদেশে
 আমা‍দের তাতে কি যায় আসে ?
: স্যার,
: আবার কি হল ?
: যদি বাংলাদেশ কিছু বলে ?
: আরে বলবেনা
: কেন স্যার ?
: আমরা ওদের বন্ধু রাষ্ট্র তো !
: তাই স্যার ?
: তবে আর কি !
: স্যার,
: হ্যাঁ, বল্
: যদি এপার থেকে কথা ওঠে স্যার
: বলব তবে "গরু চোর"
: ওপারের সবাই "গরু চোর"....