শনিবার, ২ অক্টোবর, ২০২১

গ্রাম থেকে ঢাকা এসে দেখি

গ্রাম থেকে ঢাকা এসে দেখি

- সাকিব জামাল


ঢাকা শহরে টাকা ওড়ে, সাথে ওড়ে-

উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার।

এখানে এরূপ, ওড়ে বহুরূপ-

শরীর খেকো উপাদান!

ঢাকা শহরে টাকা ওড়ে, সাথে ওড়ে-

ইনসমনিয়া, ডিপ্রেশন, দুঃখ হতাশার।

এখানে এরূপ, ওড়ে বহুরূপ-

মনঃকষ্টের গান!


বহুরূপ লোভের ঢাকা'য়-

দেহ ও মন দুটোই খায় টাকায়!

------------------

ডুবে দ্যাখ

 ডুবে দ্যাখ

- সাকিব জামাল


রাত দুপুর। বৃষ্টি নুপুর টাপুর টুপুর। আকাশে মেঘের বাঁধ। 

তবুও ইচ্ছে হলো, দেখবো, পূর্ণ চাঁদ। 

লালনিয়া, বোঝে চোখের ভাষা। বলে, 

চল, নদীর বাঁকে। দেখবি, কী সুন্দর চাঁদ ওঠে জলে!

তারপর, যখন জোছনায় ডুবে গেলাম, 

বৃষ্টিতে ভিজে গেলাম, 

তখন, ভেসে আসে একতারার মিহি সুর-

ডুবে দ্যাখ দেখি মন...

মৃত্যু মায়াবিনী

 মৃত্যু মায়াবিনী

- সাকিব জামাল


মৃত্যুকে আমি বেশ কাছে থেকে দেখেছি, কয়েকবার।

শান্ত, শুভ্র প্রেমিকার মতো ভীষণ মায়াবিনী।

ভালোবেসে আমাকে জড়িয়ে নিতে চায় বুকে অনন্তকাল।

না, ভৌতিক কোন রূপ নেই তার,

নেই ভয়ঙ্কর কোন কর্কশ স্বর।

কেবল লজ্জাবতীর মতো রহস্যময়তা আছে- 

কাছে আসে আবার আসে না!

তবে সে প্রতিশ্রুতিবদ্ধ, অলৌকিক মায়ায়-

একদিন কাছে আসবেই। আলিঙ্গন হবে বিরামহীন প্রেমে!

শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

জোছনাবিলাস

 জোছনাবিলাস

- সাকিব জামাল


পূর্ণিমা রাত,

আকাশে তালগাছ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে চাঁদ। 

বাবুই পাখির বাসাগুচ্ছের মতো জোছনা'রা ঝুলছে।

আমি একটি বাসায় ঢুকে পড়ি,

দেখি মাটির দেয়ালে জোনাকীফুল-

মিটিমিটি আমায় ডাকছে।

আমি সারারাত জোছনায় ডুবাই,

ভিতর-বাহির।

আক্ষেপ

 আক্ষেপ

- সাকিব জামাল


তোমার সাথে আমার দেখা হয়, 

আমার সাথে তোমার দেখা হয় না। 

আমার সাথে তোমার দেখা হয় 

তোমার সাথে আমার দেখা হয় না। 

এ কেমন চোখ আমার- নুর সয় না!

এ কেমন মন আমার- দূর সয় না!