শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

শিশির পড়ে চুপি চুপি

 শিশির পড়ে চুপি চুপি

- সাকিব জামাল


শিশির পড়ে চুপি চুপি

রাত্রির বুকে,

চাঁদের জলে চাঁদ ডুবে যায়

উষ্ণ সুখে!

ভোরের নেশায় ঘোরে কাটে

যুগল যাপন,

শুদ্ধ স্নানে- মুগ্ধ ফুলের 

সকল কাঁপন!

বিরহমুখর দিনকাল

 বিরহমুখর দিনকাল

- সাকিব জামাল


তোমার সাথে সব সম্পর্ক শেষ আমার! 

এমনসব কথাবার্তা শোনার পরেও-

যুগল স্মৃতির ফোল্ডারসমূহ,

কতোবার যে রিসাইকেল বিনে পাঠিয়েছি

আবার রিস্টোর করেছি- 

হিসাব বিহীন। নিয়ন্ত্রণহীন!

নদীর জলে শুশুকের মতো উঁকি দেয়, মস্তিষ্কজুড়ে- 

ফেলে আসা দিন। অস্থির নিউরন।

তুমি চলে যাবার পর, স্ট্রেসফুল একাকীত্বের পথে- 

এখন চলছি অবিরাম। অত্যন্ত বিরহমুখর!

শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

হিমার্দ্র দিনরাত

 হিমার্দ্র দিনরাত

- সাকিব জামাল


পৌষবৃষ্টি। হিমার্দ্র দিনরাত।

মন উচাটন!

উষ্ণতার জন্যে- 

তোমার স্পর্শ প্রয়োজন।



বিরহ বরফ ভেঙে-

দেখা দাও, সূর্যসখি।

ঝরাপাতার জীবনে

একটু সজীব চুমু মাখি!

লোনা প্রহর

 লোনা প্রহর

- সাকিব জামাল


সন্ধ্যারাতেই এখন, কুয়াশা নামে আমার! তারপর,

সারারাত, দু'চোখে বয়- বিরহ জলের লোনা প্রহর!

ফুলসই, একলা একা কথা কই

ইনসমনিয়ায় একাই ডুবে রই।

চাঁদে, সূর্যে লেগে থাকে গ্রহণ, আসে না যুগ্মভোর!

কবিতার ফুলচাদর

 কবিতার ফুলচাদর

- সাকিব জামাল


শীতের রাতে দোকানে চলছে জমজমাট উৎসব।

দোকানে একটি চাদর ছিল কবিতার, আবৃত জোড়া গাদাফুল!

ছিল কর্পোরেট ক্লাসের আরও আরও পণ্য। 

ক্রেতারা এলো, 

একে একে নিয়ে গেল-

তাদের পছন্দের পণ্যসকল।

রাত গভীর হলো...

দোকান বন্ধ করার নোটিশ লাগিয়ে

বাসায় ফিরে যায় সবাই।

অথচ, আজও চাদরটি কেউ চায় নি,

নেয় নি কেউ গাদা ফুলের ঘ্রাণ!

দুর্ভাগ্যের হ্যাঙ্গারে ঝুলে থাকে- কবিতার ফুলচাদর!