শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

মহুয়া

মহুয়া

- সাকিব জামাল


যখন রাত নেমে আসে-

তোমার লালটিপে সূর্য ওঠে আমার!

অন্ধকার ভেঙে, চলি চুপি চুপি

রজনীগন্ধার দূয়ারে। অবাক চোখে দেখি- 

এক রহস্যময় পৃথিবী!

ঐশ্বরিক আর লৌকিক পার্থক্যহীন, 

সময়ের বুকে জ্বলে মিহি জোছনার মতো- 

মাটির প্রদীপ। আগরবাতি।

আলোকিত প্রেমে- 

তোমার মহুয়া দেহের প্রিয়তম পুজোয়,

কেটে যায় এমনও রাত আমার- 

একদম ক্লান্তিহীন!

রহস্যময়ী চাঁদ

 রহস্যময়ী চাঁদ

- সাকিব জামাল


সন্ধ্যাবেলার মলিন চাঁদ মধ্যরাতে হাসে,

মন আমার উথাল পাথাল প্রেম যমুনায় ভাসে!

ভাসতে ভাসতে ডুবে যায় মন 

              ডুবতে ডুবতে জাগে 

রাত্রি শেষে দেখা হয়- ভৈরবী রাগে!

শুদ্ধ স্নানে, পবিত্র দেহে- নেচে ওঠে ফুল

পাখির ডাকে মুখরিত হয় যমুনার দু'কুল

দিন কাটে অপেক্ষায়, অপেক্ষায়-

          কখন ফের কৃষ্ণ হবে রাত,

রাধারূপে ঢেউ খেলে যায় রহস্যময়ী চাঁদ!

বরং ভালো একলা থাকা

বরং ভালো একলা থাকা
- সাকিব জামাল

আমি আমার মতো থাকি
তুমি তোমার মতো রও,
আমি আমার কথা বলি
তুমি তোমার কথা কও!
       ঠোকাঠুকি আর ভালো লাগে না
       ভালো লাগে না চেঁচামেচি সুর,
       বরং ভালো একলা একা থাকা
       একলা চলা যতো ইচ্ছে দূর!
রেলের মতো সমান্তরাল যে পথ
সেথায় মোহনা খোঁজা ভুল,
গুচ্ছ গুচ্ছ কাঁটার বন চিঁড়ে 
ফুটুক যার মতো তার ফুল!

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

ফেব্রুয়ারি কথা কয়

 ফেব্রুয়ারি কথা কয়

- সাকিব জামাল

আমার রাতের চোখে তাঁকাও, তোমার সকাল হয়ে যাবে!
গাঢ় গাঢ় অন্ধকার, ভেঙে ভেঙে-
ফুটবে ভোরের স্বর্ণরাঙা রোদের ফুল- স্বাধীন।
কোমল বসন্তের অপেক্ষায়-
লাল চোখেরা রাত্রি যাপনে ক্লান্ত হয় না,
শীতনিদ্রা শেষে দ্রোহে জাগে। কুহু কুহু বাংলা শ্লোগানে-
ভূ-রাজনৈতিক স্ট্রাটেজিসকল, 
মাকড়শার জালের মতো উপেক্ষা করে-
গেয়ে ওঠে স্বদেশের গান। অবিরাম...
আমার রাতের চোখে তাঁকাও, তোমার সকাল হয়ে যাবে!

দ্য স্পিরিট অব এলিয়েন বাট উই হ্যাভ লস্ট

 দ্য স্পিরিট অব এলিয়েন বাট উই হ্যাভ লস্ট

- সাকিব জামাল

মানুষেরা যখন আমাদের পৃথিবীতে আসবে, 
সাবধান থেকো! সম্ভবত ওরা সাথে নিয়ে আসবে-
বিবেক বিবশ যুদ্ধাস্ত্রঃ 
লোভ, অহম, অসাম্য!
সেই স্টারওয়ারে, তখন, যদি পরাজিত হই আমরা, 
হারিয়ে ফেলবো- আমাদের এলিয়েনত্ব! 
নানাবিধ ন্যাশনালিজমের মারপ্যাঁচে বিভক্ত হয়ে যাবো!
ইকনমিকস্ এর বিবিধ তত্ত্বে- বাড়বে বৈষম্য আমাদের!
ঠিক যেভাবে প্লানেট আর্থ, আজ, বাস অযোগ্য প্রায়। 
অনেকটাই মনুষ্যত্বহীন!
শোনো, হে এলিয়েনসকল, আমরা চাই না, 
মানুষদের মতো- আমাদেরও আসুক সেইসব দিন!