মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

আর্তনাদ

 আর্তনাদ

- সাকিব জামাল


যতদূর চোখ যায় আমার, দেখি বেদনার নীল আকাশ!

এলোমেলো বাতাসে, জমা রাখছি যতোসব দীর্ঘশ্বাস!

হয়তো, একদিন তুমি আকাশ দেখবে।

প্রিয় প্রাসাদের জানালা খুলে- 

নেবে নাগরিক বাতাসের স্বাদ।

সেদিন আকাশ বলে দিবে, 

নীলকন্ঠ প্রেমিকের মনের গান

কেমন শনশন ঝড়ো সুরে গায়- বিরামহীন। তপ্ত তমসায়!

-------

কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।

বৈশাখে, মেঘের আঁচলে

 বৈশাখে, মেঘের আঁচলে...

- সাকিব জামাল


যৌবনা বৈশাখে, সোনারাঙা ফসল ওঠার কালে, 

ইচ্ছে আছে, ঝড়ের রাতে লুকিয়ে যাবো একদিন- 

দুরন্ত মেঘের আঁচলে, প্রেমে!

তুমি একটু শাড়ি পড়ো।

নীলের সাথে বন্ধুতা গড়ি খানিক। 

তারপর, হাতচুড়ির গা বেয়ে বেয়ে-

মুক্তোর দানা হয়ে ঝরে পরবো, 

যদি হাত বাড়াও!

আপত্তি নেই, তোমার আনন্দ হাসির সুরে, 

বিলীন হয়ে যাক অস্তিত্ব আমার।

মনে রেখো, ফিনিক্স পাখির কথা। আর

বারবার বৈশাখও আসে দক্ষ কৃষকের মাঠে!

প্রবাহমান কাল

 প্রবাহমান কাল

- সাকিব জামাল


কথা রাখেনি, দখিনা হাওয়া!

সখির সৌরভ আসেনি- আমার দেশে।

যেমন ছিল শীতার্ত প্রাণ, 

তেমন তেমনই আছে।

চুপ চুপ কোকিল, নেই গান আর,

এখনও এখানে বহুমাত্রিক আঁধার!



উৎসবহীন বসন্তদিন!

ফাল্গুনের তপ্ত আগুনে পোড়া মন।

শিমুলরাঙা চৈতালি চোখে- 

বিরহে নামে লোনা জলের প্রসবন।



এইতো প্রেম, আমাদের প্রেমঃ

এক ঋতুতে ফোটে ফুল, অন্যকালে যায় ঝরে!

স্বাধীনতার গান

 স্বাধীনতার গান

- সাকিব জামাল


স্বাধীনতার মানে, 

জানে বনের পাখি জানে!

ইচ্ছে খুশি-           

      উড়তে পারে, ঘুরতে পারে, 

গাইতে পারে গান।

আমার কাছে ভীষণ প্রিয়- 

পাখির সংবিধান!



পাখিদের দেখাদেখি,

লাল সবুজের ছবি আঁকি।

হবো আমি-           

      মুক্ত ভূমির মুক্ত পাখি,

স্বাধীনচেতা প্রাণ।

পাখির মতো গাইবো আমি-

স্বাধীনতার গান!

রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

প্রেমের কাফেলা

প্রেমের কাফেলা
- সাকিব জামাল

কামনার প্রাচীর পেরিয়ে প্রিয়তম প্রান্তরে
যাচ্ছি আমি। ভালোবাসার গন্তব্য বহুদূর। 
যতদূরে থাকে 'মুহিব্বি' আমার,
থাকে মায়াবী রোদ্দুর!
জানি, তোমার শহরেও হয়ত
মেঘলা দিনকাল এখন।
চলছে মন খারাপের
তুমুল সব আয়োজন!
এসো, সিদরাতুল মুনতাহা'র গল্প
শুনে শুনে, উড়িয়ে দেবো দুর্দিন-
শিমুল তুলোর মতো। সঙ্গী হবে? 
হয় হোক পথটুকু আমাদের যতটা কঠিন!