শনিবার, ১০ জুন, ২০২৩

একই রকম থাকে না দিন!

 একই রকম থাকে না দিন!

- সাকিব জামাল


একই রকম থাকে না দিন!

সকালে দেখি- রোদ্দুর ভীষণ, 

বিকেলে আঁকি- 

মেঘের সমুদ্র, বৃষ্টিপ্রবণ। 

একই রকম থাকে না দিন!

কালবেলা

 কালবেলা

- সাকিব জামাল


সুচিন্তা যখন, রাজনৈতিক উত্তাপে- 

বাষ্প হয়ে উড়ে যায়, সময়ের হাওয়ায় 

নেমে আসে তখন কালবৈশাখির ঘন অন্ধকার।  

শাদা পালকের পাখিসব থাকে দূরে দূরে

পলাতকা জনঅধিকারের মতন।

সুযোগ পেয়ে ফিরে ফিরে আসে- 

তোষামোদি চড়ুইয়েরদল উৎসব মেজাজে

বেসুরো কাকেরা এসে দাড়ায় কার্ণিশে ফের

আর স্বদেশ মানচিত্র মায়াহীন হয়ে পড়ে থাকে

গুমোট আবহাওয়া অধিদপ্তরে।

বোঝা দায়, এই সময়ে-

কত নম্বর বিপদ সংকেত কখন বয়ে যায়!

দুঃখ মোছার কোন ইরেজার নেই!

 দুঃখ মোছার কোন ইরেজার নেই!

- সাকিব জামাল


প্রেমে পড়ার কালে, 

আমি তাকে ভালোবাসার কথা বলিনি।

বলেছিলাম, আমার মনে অনেক দুঃখ!

সে বলেছিল, তার কাছে ইরেজার আছে। 

দুঃখ মুছে দেবার ইরেজার!

আমি বিশ্বাস রেখেছিলাম। 

শাদা ক্যানভাসে এঁকেছিলাম- 

ভালোবাসার ছবি। পেন্সিল স্কেচ।

জীবনের চিত্রকলায়-

অর্থনীতির ফাংগাস আক্রমণ স্বাভাবিক।

আমাদেরও ব্যতিক্রম ঘটেনি!

ইরেজার ব্যবহৃত হলো-

ভালোবাসা মুছে দেবার কাজে! 

দুঃখ রয়ে গেল। স্বভাবতই, 

এখন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-

দুঃখ মোছার কোন ইরেজার নেই!

--------

কবিতাটি দৈনিক আলোকিত বাংলাদেশ এ প্রকাশিত।

শুক্রবার, ১৯ মে, ২০২৩

উচ্চ মাধ্যমিক প্রেম

উচ্চ মাধ্যমিক প্রেম
- সাকিব জামাল

বৃষ্টির মায়ায়, শাড়ি আর ঘুড়ি এক হাওয়ায় উড়ে যায়!
অথচ বেদনার বারান্দায়- 
আমি এখন শূণ্যে ভাসি। কৃষ্ণবর্ণ সময়। 
মনে লয়, ব্লাক হোল।
বুঝিনি, কীসের টানে-
প্রেমিক টুকরো টুকরো হতে জানে?
বুঝিনি, কী মোহ থাকে- 
প্রথম প্রাক্তনে!
বয়স বাড়ে, মস্তিষ্কের এত এত সেল ড্যামেজ হয়
তবুও বৃষ্টির দৃশ্য লিখে রাখে নিউরন।
অলৌকিক ক্যানভাসে- 
অক্ষত উচ্চ মাধ্যমিক বিকেল। 
তখন আমি ঘুড়ি উড়াতাম, তুমি ওড়াতে শাড়ি!

বৈশাখে ফোটে আনন্দফুল

 বৈশাখে ফোটে আনন্দফুল

- সাকিব জামাল


নতুন ধানের ঘ্রাণে, 

বৈশাখে ফোটে আনন্দফুল কৃষ্ণাণীর মনে। 

কৃষক বাহানা খোঁজে- ভ্রমর হবে আবার! 

চতুর্থ শিল্প বিপ্লবের যান্ত্রিকতা পাশ কাটিয়ে- 

রাতের নির্জনে, ক্লান্তিহীন ডুয়েট গানে,

মাটির স্পর্শে উর্বর হয় মাটি।

আনন্দ দ্বিগুণ হয়ে প্রতিধ্বনি করে-

দুই ফসলের মাঠে! 

সভ্যতার সৌন্দর্য্য বেড়ে ওঠে-

মাটির মায়ায়, স্বপ্নীল আগামীর পথে।