শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

কালের শিলালিপি

 কালের শিলালিপি

- সাকিব জামাল


আদিম যুগের শিলালিপি বীভৎস! 

মধ্যযুগের শিলালিপি রক্তরঙ লাল! 

আধুনিক যুগে স্বপ্ন ছিল, 

শান্তির রঙে রাঙাবে আসমানী নীলে 

উড়বে শাদা পায়রা অবিনাশী মানবতার গানে। 

অথচ ক্লান্ত পৃথিবী, ক্লান্ত মানুষের প্রাণ 

বারবার দ্যাখে চোখে- রঙ বদলায়নি তার! 

আদিম আর মধ্যযুগেই 

ঘুরপাক খায় কালের শিলালিপি 

অমানবিক চিত্রকলা খোদাই করা গায়।

যুগপথ বিষন্নতা

 যুগপথ বিষন্নতা

- সাকিব জামাল


চলে যাও তবে মনে রেখো 

আমাদের হয়তো দেখা হবে না আর 

           তখন তুমিও কাঁদবে 

           আমিও কাঁদবো 

অথচ কেঁদে কেঁদে যাবো ফিরে 

দুজনের ভিন্ন দু'টি নীড়ে। 

কাছে আসবার থাকবে না আর কোন অবকাশ! 


সকল স্বপ্ন ভেঙে দিয়ে 

ভেবো না ভীষণ জয় হয়েছে তোমার, 

           শেষের কবিতায় 

           বিরহ ধারায় 

দেখবে, শ্রাবণের জল হয়ে বয়ে যাবো 

একই রকম দুঃখের মোহনায়। 


এবং এভাবেই প্রাক্তনদের ভাগ্যরেখায়- 

'যুগপথ বিষন্নতা' অটোমেটিক লেখা হয়ে যায়!

দেশের তরে শপথ

 দেশের তরে শপথ

- সাকিব জামাল


এই দেশটা আমার        দেশটা তোমার 

                 দেশটা জনতার, 

দেশের জন্য                     অন্তরে প্রেম 

              থাকতে হবে সবার। 

দেশের মান                   দেশের সম্মান 

             দেশের সকল সম্পদ, 

রাখতে হবে                   আগলে এসব 

              আসুক যতো বিপদ। 

দেশের ক্ষতি                 মানুষের ক্ষতি 

                  যাবে না মানা তাই, 

দেশের তরে                 এতোটুকু শপথ 

                 সবার থাকা চাই।

হাওর পাড়ের কন্যা

 হাওর পাড়ের কন্যা

- সাকিব জামাল


ওগো হাওর পাড়ের কন্যা, 

এই হৃদয়ে বইয়ে দাও প্রেমের জলের বন্যা। 

দখিনের বাতাসে উঠুক ছোট-বড় ঢেউ 

ছলাৎ ছলাৎ বয়ে চলুক 

মনইঞ্জিনের নাও। না-জানুক কেউ! 

মিঠামইনে, এই জল তরঙ্গে 

গোপন অভিসারে আজ ঐ আকাশের চাঁদ 

ডুবে যাক রাতের মৃদু আঁধারে! 

ওগো হাওর পাড়ের কন্যা, 

এমনও প্রেমের পুজোয় দেবী 'না' করে না! 

-------- 

কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।

বুধবার, ৩১ জুলাই, ২০২৪

মহররমের চাঁদ

মহররমের চাঁদ

- সাকিব জামাল


দেখো, দেখো, বেদনার নীল আকাশে

কী করুণ চেহারা নিয়ে ভেসে উঠেছে

ওই মহররমের চাঁদ!

এই মাসে চাঁদ হাসে না।

যদি বোঝো, তাঁকাও, কী মলিন তার মুখ!

আচ্ছা, হোসাইনের শাহাদাত বরণে

তুমি কী দুঃখ পাও না?

এর চেয়ে নির্মমতম বিষাদ

আর কী হতে পারে?

এই চাঁদে-

ভুল তথ্যে তুমি, করো না

কোনও জোছনাবিলাস।

বরং বেদনায় দু'চোখে; স্রোত বয়ে যাক

নবীজির দৌহিত্রে'র প্রেমে।