রবিবার, ৩১ মে, ২০২০

মেঘবালিকাকে নিবেদিত হাইকুগুচ্ছ

মেঘবালিকাকে নিবেদিত হাইকুগুচ্ছ

- সাকিব জামাল

১.


মেঘবালিকা
তপ্ত হৃদয়ে দাও
বৃষ্টির ছোঁয়া!


২.


হয়ে নিঃশেষ
গাও প্রেমের গান
নিঃস্বার্থ বেশ!


৩.


মনে তোমার
বেঁচে থাকার প্রাণ
রাখা আমার!


৪.


মরু হৃদয়ে
তোমারই পরশে
সাজে সবুজে!


৫.


চাতক আমি
তোমার অপেক্ষায়
বরষাপ্রেমী।

রূপান্তর

রূপান্তর

- সাকিব জামাল

মনের কোণে লুকানো ইচ্ছে ভীষণ
একদিন আকাশে উড়ে বেড়াবো মেঘের মতন।
সৃষ্টির উৎস ভুলে যাবো, ভুলে যাবো রোদে পোড়ার কাল!
অচেনা দমকা হাওয়া ভালোবেসে সঙ্গী হবো তার,
ভেসে যাবো সীমানাহীন লক্ষ্য বরাবর,
আছরে পড়বো পাহাড়ের বুকে
তারপর ভেঙে চুরে নিঃশেষ হবো সুখে-
হবো রূপান্তরিত জল, হিউমাস, জ্বীবাশ্ম।


ঈদের মানে বদলে দেয়া দুঃসময়!

ঈদের মানে বদলে দেয়া দুঃসময়!

- সাকিব জামাল

ঈদের মানে বদলে দেয়া দুঃসময় চলছে পৃথিবীর বুকে!


স্বশরীর বন্ধ ঘরে, নেই প্রিয়জনের সাক্ষাত,
কেনাকাটার ধুম নেই, নেই কোন উচ্ছ্বাস। মন্দ বরাত!
এমন দুঃখক্রান্ত ঈদ দেখিনি এ জীবনে আগে-
সব সুখ যেন খেয়ে ফেলেছে এক 'করোনা' বাঘে!


বিচ্ছিন্নতার ঈদ এবার। মন পাখি আমার-
শুধু গায় করুণ সুরে দীর্ঘদুঃখের গান!
খুশি নেই, হাসি নেই। বিমর্ষ মনমুকুরে-
নেই কোনো আনন্দের কলতান!


প্রার্থনা করি এমন ঘরবন্দি ঈদের কালে-
সুখের তিলক ফুটুক ফের সব মানুষের ভালে।
ঈদের মানে বদলে দেয়া দুঃসময় কেটে যাক,
হারিয়ে যাওয়া আনন্দ আবার সবাই ফিরে পাক!

তুমিও এসো আকাশে একবার!

তুমিও এসো আকাশে একবার!

- সাকিব জামাল

তুমি মনে রাখো নি আমায়
ডুব দিয়েছি তাই সুদূর আকাশে; মহাশূণ্যে।
তোমার মাঝে নতুন রূপ সৃষ্টি করতে চেয়েছিলাম
সময় দাও নি, সুযোগ দাও নি, তাই-
অভিমানে সাগর থেকে দূরে সরে যায় মেঘ!
জল থাকে যদি জলাধারে স্থির, গতিহীন-
ঐ জল জীবনের গান গায় না!
জনমে জনমে অস্তিত্ব জানতে-
করতে হয় জলের সন্ধান, মহাকাশ বিজ্ঞানীদের মতো।
ডুব দিয়েছি তাই সুদূর আকাশে, মহাশূন্যে।
তবে তুমিও এসো আকাশে একবার, যদি ইচ্ছেহয়!
দেখা হবে সৃষ্টির খেলায়, ভালোবাসার পুণ্যে।


আসুক সুকান্ত সময়!

আসুক সুকান্ত সময়!

- সাকিব জামাল

তামাম দুনিয়ায় প্রান্তরে প্রান্তরে জনচিত্রে
মুহুর্মুহু মানবতার বার্তা বেজে উঠুক, ছড়িয়ে পড়ুক  
আঠারো বছর বয়সের দুর্বার গতিতে...
ফিরে ফিরে আসুক সবার উদ্দীপ্ত নিউরনে
বাসযোগ্য পৃথিবী গড়ার তাড়া।
অবাক পৃথিবী তাকিয়ে দেখুক,
'মানবতার কল্যাণে নিবেদিত সাম্যবাদী সমাজ'
যেমন সময়চিত্র খুঁজেছেন আমৃত্যু আমার কবি সুকান্ত!


আসুক সুকান্ত সময় পৃথিবীর বুকে, অবারিত মানবপ্রেমে।


---
উৎসর্গঃ কবি সুকান্ত ভট্টাচার্যকে।