মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

লঞ্চডুবি

লঞ্চডুবি

- সাকিব জামাল

ঝাঁকে ঝাঁকে মৃতপাখিরা উড়ে যায় নদীর স্রোতে...
ডুবে যায় স্বপ্নরা দলে দলে সলিল সমাধিক্ষেত্রে
শিরোনাম হয় পত্রিকায় লাল অক্ষরে- লঞ্চডুবির!
সুশীল সমাজ টিস্যু দিয়ে চোখ মোছে
কর্তৃপক্ষ করে তদন্ত কমিটি
প্রতিবেদনের পাতায় পাতায়
সংখ্যাতত্ত্ব স্থান পায় মাত্র!
থেকে যায় ফিটনেসবিহীন জলযান,
অনিয়ম, উচ্ছৃঙ্খলা, দুর্নীতি
পরবর্তী স্বপ্নভঙ্গের গল্প শোনে জনগণ!

লজ্জাসাম্য

লজ্জাসাম্য

- সাকিব জামাল

বাহারি ফুলবাগানে ভ্রমণকাহিনীর মুখরোচক গল্পে-
দেখেই 'তেঁতুল' লোভে জিভে আসতে নেই জল!
আত্মনিয়ন্ত্রণে পুরুষ, মহাপুরুষ।
'লজ্জা' বিশেষ্যে লিঙ্গান্তরে
একতরফা নারীর উপরে চাপিয়ে দেবার চেষ্টা-
নির্ঘাত ভুল। অসম আচরণ।
সাম্যের গানে- লজ্জাবতীরা মাথা উঁচু করে বাঁচুক,
যখন তখন ছুঁয়ে তাকে চুপসে দিতে নেই!
পরিশীলিত চিন্তায় 'লজ্জা' ভ্রমরেরও থাকুক।


শুধু ফুলের নয়,
ভ্রমরের অভিধানেও লজ্জা থাকে, থাকতে হয়।


আমার এপিটাফ

আমার এপিটাফ

- সাকিব জামাল

সাদা পালকে মৃত্যুডানায় উড়ে উড়ে এসেছি ফিরে-
কালচক্রে সন্ধ্যাবেলায় একলা পাখির আপন নীড়ে,
মহাকালের ঘরে। হে বন্ধুবর, ঘরের কারিগর, করছি নিবেদন,
কবর চৌকাঠে - একটি 'ভালোবাসার চিহ্ন' করে দিও অঙ্কন!
যে চিহ্নে 'আদম' সুরতহাল,
মিশে রয় মহাবৈশ্বিক জৈবকণায় অনন্তকাল।
এপিটাফ আমার,
লেখা সে চিহ্নের মাঝ বরাবর-
"ভালোবাসা অনিঃশেষ, চিরকাল বেঁচে থাক।
স্লেটে লেখা বিষাদ, 'বিদায়' শব্দ মুছে যাক!"

কৃষ্ণকালো শুক্লপক্ষ!

কৃষ্ণকালো শুক্লপক্ষ!

- সাকিব জামাল

যদিও শুক্লপক্ষ...
তবু আকাশ আমার কৃষ্ণকালো!
চন্দ্রবতী, ঠিক, এক পা, দু পা করে যৌবন পায়
একটু একটু করে বাড়ন্ত রূপে জ্বলে স্নিগ্ধ আলোয়
সে আলোয় আঁধার কাটে না আমার!
পৃথিবীর বন্ধুদের নিয়ে জোছনা পোহাতে না পারলে
দূর গগনের এলিয়েনদেরও মন খারাপ থাকে।
হে মানুষের পৃথিবী, আবার তুমি স্বাভাবিক হও-
আকাশগঙ্গায় আলো ছড়ানো সব গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের প্রেমে
'শুক্লপক্ষের আঁধার' মুছে যাক জীবনের জয়গানে!

সব ফুলকে ভালোবাসতে নেই!

সব ফুলকে ভালোবাসতে নেই!

- সাকিব জামাল

বাহারি রঙময়তা সব ফুলের থাকে, থাকে দৃষ্টি হরণকারী পাঁপড়ির ভাজ!
থাকে ঘ্রাণের টান- কাছে ডেকে নেয় পাগল প্রাণ...
তবে, সব ফুলকে ভালোবাসতে নেই!
গুণ বিচারে-
কিছু কিছু ফুল বিষের আধার!
স্বদেশি ধুতুরা কিংবা বিদেশি ওয়াটার হেমলক
উদাহরণ অনেক আছে এমন।


গুণ বিচারে চলো ভ্রমর ফুলের পানে...